হুথিদের দখলে ইয়েমেনের মানবিক সহায়তা কেন্দ্র, জাতিসংঘের উদ্বেগ

হুথির সেনা সদস্যরা
বিদেশে এখন
0

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে সৌদির পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে ইরাকের মিলিশিয়া গোষ্ঠীর ড্রোন হামলার পর সাময়িকভাবে তা বন্ধ করেছে রিয়াদ। এমন পরিস্থিতিতে ড্রোন হামলার ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছে বাগদাদ। পাশাপাশি দায়িত্বে অবহেলার কারণে ওই অঞ্চলের এক সামরিক কমান্ডারকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এদিকে ইয়েমেনের মোচায় মানবিক সহায়তা কেন্দ্র হুথিদের দখলে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

ক্রমেই এগিয়ে যাচ্ছে ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। সে ধারাবাহিকতায় সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন স্থানে হামলাসহ দক্ষিণ সৌদি আরবেও আক্রমণ করেছে তারা। এমন পরিস্থিতিতে আবারও তীব্র হয়ে উঠেছে ইয়েমেনের এক দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ। এরইমধ্যে সরকারি বাহিনীকে হটিয়ে লোহিত সাগরে নৌ চলাচলের ওপর নিয়ন্ত্রণও নিয়েছে তারা।

এরইমধ্যে ইয়েমেনের মোচায় মানবিক সহায়তা কেন্দ্র হুথিদের দখলে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। কারণ হুথি ও সরকারি বাহিনীদের হামলার কারণে ব্যাহত হচ্ছে ত্রাণ সরবরাহ কার্যক্রম। আর জীবন বাঁচাতে ওই এলাকা ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

হুথিরা মোচায় একটি গুরুত্বপূর্ণ মানবিক সাধারণ চত্বর ও আশপাশের এলাকা দখলের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন জাতিসংঘ। কারণ এলাকার অসহায় জনগোষ্ঠীকে মানবিক সহায়তা প্রদানের জন্য সহায়তা কেন্দ্রের চত্বরে জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মীরা থাকেন। যদিও দখলের আগেই চত্বরটি ছেড়ে চলে গেছেন সংস্থার কর্মীরা। নিরাপদ ও অবাধ মানবিক প্রবেশাধিকারও নিশ্চিত করতে হবে, যাতে বিশেষ করে এই সংকটময় সময়ে অভাবী মানুষের কাছে জীবন রক্ষাকারী সহায়তা পৌঁছানো অব্যাহত থাকতে পারে।

মধ্যপ্রাচ্যের চলমান এই উত্তেজনার মধ্যেই সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে বিমান হামলা চালায় ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী। খবরটি নিশ্চিত করেছে রিয়াদ ও বাগদাদ। আর এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। এমন অবস্থায় গুরুত্বপূর্ণ এই তেল পাইপ লাইনটি সাময়িকভাবে তা বন্ধ করেছে দেশটি। তবে তা কবে চালু হবে সে ব্যাপারে বিস্তারিত কিছুই জানা যায় নি।

এদিকে ড্রোন হামলার ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছ ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। পাশাপাশি দায়িত্বে অবহেলার কারণে ওই অঞ্চলের এক সামরিক কমান্ডারকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এদিকে নিরাপত্তার স্বার্থে ইরান-ইরাকের মধ্যকার শালামাচেহ সীমান্ত সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে বাগদাদ।

এদিকে, ওয়াল স্ট্রিট জার্নাল দাবি, গত জুলাই মাসে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলায় চীনের স্যাটেলাইট চিত্র ব্যবহার করেছে ইরান। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধের জেরে হরমুজ প্রণালিতে ৯৯টি জাহাজকে গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে মার্কিন বাহিনী। অন্যদিকে আল জাজিরা জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে হরমুজ প্রণালি নিয়ে আলোচনার জন্য সোমবার ওমানে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বৈঠকে বসবে ইরান।

ইএ