হরমুজ প্রণালি বন্ধের প্রভাব: খাদ্য ও জ্বালানি নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধানের হুঁশিয়ারি

হরমুজ প্রণালি
বিদেশে এখন
0

মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ব বাণিজ্য গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে বড় সংকটের মুখোমুখি হয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলা। বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় খাদ্য ও সার পণ্যের দাম মারাত্মকভাবে বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সুইজারল্যান্ডের জেনেভায় ডব্লিউটিওর পাবলিশিং ফোরামের ফাঁকে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুকে দেয়া এক সাক্ষাৎকারে ওকোনজো-ইওয়েলা বলেন, ভূরাজনৈতিক নানা উত্তেজনা সত্ত্বেও আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থা এখন পর্যন্ত কিছুটা সহনশীলতা দেখিয়েছে। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত সংস্থার ১৬৬টি সদস্য দেশের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।

তিনি জানান, তেলের দাম প্রতি ব্যারেল ৯০ ডলার ছাড়িয়ে গেলে বৈশ্বিক বাণিজ্যের প্রবৃদ্ধি অন্তত শূন্য দশমিক ৫ শতাংশ কমে যেতে পারে। বর্তমানে তেলের দাম সেই সীমা অতিক্রম করেছে। বিকল্প দীর্ঘ পথে জাহাজ পরিচালনা করায় পরিবহনে অতিরিক্ত মাশুল গুনতে হচ্ছে, যা সরবরাহ ব্যবস্থার দীর্ঘমেয়াদি স্থায়িত্বকে প্রশ্নের মুখে ফেলেছে।

ডব্লিউটিও প্রধান আরও জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের সেমিকন্ডাক্টর ও চিপ বাণিজ্যে শুল্কমুক্ত সুবিধার কারণে কিছু প্রবৃদ্ধি অর্জিত হলেও এর অর্থনৈতিক সুফল মূলত উত্তর আমেরিকা ও পূর্ব এশিয়াতেই সীমাবদ্ধ রয়েছে। বৈশ্বিক এই সংকট কাটাতে আন্তর্জাতিক বাণিজ্য নীতির সংস্কার বাধ্যতামূলক উল্লেখ করে ডব্লিউটিওর এক প্রতিবেদনে বলা হয়, বাণিজ্য ব্যবস্থার আধুনিকায়ন করতে না পারলে ২০৫০ সালের মধ্যে বিশ্ব অর্থনীতির সম্ভাব্য প্রবৃদ্ধির অন্তত ১০ শতাংশ নষ্ট হতে পারে।

এএম