ফের হামলা হলে কড়া জবাব; আঞ্চলিক মিত্রদের সতর্ক করলো ইরান

মোহসেন রেজায়ি
বিদেশে এখন
0

ইরানে পুনরায় বড় ধরনের মার্কিন হামলা চালানোর ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের ঘাঁটি ব্যবহারের সুযোগ দিলে তাদেরও এই হামলার ‘সহযোগী’ হিসেবে গণ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানি সামরিক বাহিনীর খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এক বিবৃতিতে খাতাম আল-আনবিয়া সদর দপ্তর জানিয়েছে, আঞ্চলিক দেশগুলো যদি দ্বৈত নীতি বজায় রেখে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো আগ্রাসনে অংশ নেয় বা সহায়তা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা সতর্ক করে বলছি, আঞ্চলিক দেশগুলো যদি শক্তিশালী ও সার্বভৌম ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসনে যুক্ত হয়, তবে তাদের সবাইকে এই অপরাধের সহযোগী হিসেবে গণ্য করা হবে। সে ক্ষেত্রে ইরানের সশস্ত্র বাহিনীর কাছ থেকে আর কোনো সংযম আশা করা যাবে না।’

মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানের ওপর ফের বড় ধরনের হামলা চালানো হতে পারে—এমন খবরের পরই আঞ্চলিক দেশগুলোর উদ্দেশ্যে এই কড়া বিবৃতি দিলো তেহরান।

এএম