জাতিসংঘ অধিবেশন: বিশ্ব নেতাদের সামনে ট্রাম্পের ভাষণ, নজর ইরান যুদ্ধ ও অন্যান্য চুক্তিতে

নিউ ইয়র্কে জাতিসংঘে ট্রাম্প বক্তব্য রাখছেন
বিদেশে এখন
0

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) ভাষণ দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব নেতাদের সামনে দেয়া এ ভাষণে তিনি স্থবির হয়ে পড়া ইরান যুদ্ধের পক্ষে সাফাই গাওয়ার পাশাপাশি গাজা সংঘাত নিরসন ও বিভিন্ন দেশে নিজের শান্তিপ্রচেষ্টার সাফল্য তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে। এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধ এখন পর্যন্ত হোয়াইট হাউসের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং কৌশলগত হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়েছে। তা সত্ত্বেও ট্রাম্প আন্তর্জাতিক এ মঞ্চকে তার প্রশাসনিক সাফল্য, মধ্যপ্রাচ্যে শান্তিপ্রচেষ্টা এবং আব্রাহাম আকর্ডের পরিধি বাড়ানোর পদক্ষেপগুলো উদযাপনে ব্যবহার করতে পারেন।

আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক ড্যানিয়েল ফোর্টি বলেন, ‘এ বছরের ভাষণে ট্রাম্পের দুই রূপ ফুটে উঠতে পারে। একদিকে তিনি নিজেকে একজন শান্তিদূত হিসেবে তুলে ধরবেন, অন্যদিকে বিশ্বজুড়ে চালানো নিজস্ব সামরিক অভিযানের পক্ষে যুক্তি দেবেন।’

অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্প জাতিসংঘ ও বিশ্ব সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের তীব্র সমালোচনা করতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে জাতিসংঘে ভোটাধিকার হারানোর ঝুঁকি এড়াতে গত সপ্তাহে বকেয়া চাঁদা বাবদ ৭২৫ মিলিয়ন ডলার পরিশোধ করেছে ওয়াশিংটন। এছাড়া ডেনমার্কের অধীনস্থ অঞ্চল গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে তৈরি হওয়া নিরাপত্তা চুক্তির বিষয়টিও ভাষণে তুলে ধরতে পারেন ট্রাম্প।

মূল অধিবেশনের ফাঁকে ট্রাম্প যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, জাপানের প্রিমিয়ার সানায়ে তাকাইচি এবং ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন নেতা ডেলসি রদ্রিগুয়েজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। চলতি বছরের জানুয়ারিতে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন সামরিক বাহিনীর হাতে বন্দি হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের ব্যাপক চাপে রয়েছে দেশটি।

উচ্চপর্যায়ের এই অধিবেশন শুরু করবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, যেখানে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিশ্বজুড়ে চলা বিভিন্ন সংঘাত নিয়ে বক্তব্য দেবেন। প্রথা অনুযায়ী প্রথম বক্তা হিসেবে ভাষণ দেবেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। ব্রাজিলের আসন্ন নির্বাচনে ট্রাম্প যাতে কোনো ধরনের হস্তক্ষেপ না করেন, সে বিষয়ে তিনি কড়া বার্তা দেবেন বলে আগেই জানিয়েছেন।

এএম