মার্কিন সংবাদমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে বিল গেটস বলেন, ‘অসৎ উদ্দেশ্যে সর্বাধুনিক এআই প্রযুক্তির ব্যবহার মানবজাতির জন্য মারাত্মক বিপজ্জনক হতে পারে। এ প্রযুক্তি এমন পরিস্থিতি তৈরি করতে সক্ষম, যা ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে।’
প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে সঙ্গে সিলিকন ভ্যালির বিভিন্ন গবেষক ও কর্মীও এর সম্ভাব্য বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের সাবেক এক কর্মী চাকরি ছেড়ে দিয়ে অভিযোগ তোলেন যে, অতি-বুদ্ধিমান এআই তৈরির দৌড়ে মানবজাতিকে বড় ধরনের ঝুঁকিতে ফেলা হচ্ছে। অ্যানথ্রোপিকের আরেক কর্মী ধারণা প্রকাশ করেন, আগামী এক দশকের মধ্যে এআই মানবজাতিকে বিলুপ্ত করে দেয়ার অন্তত ১০ শতাংশ শঙ্কা রয়েছে।
এ ধরনের শঙ্কা প্রকাশ্যে আসার পর প্রযুক্তি খাতের বিকাশের গতি কমানোর তাগিদ তৈরি হয়েছে। অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী ডারিও আমোদেই এআই উন্নয়ন কিছুটা ধীরগতির করার প্রস্তাব দিলে ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এবং ইলন মাস্ক তাকে সমর্থন জানান।
সাক্ষাৎকারে বিল গেটস বলেন, এআই প্রযুক্তি নিয়ন্ত্রণের জন্য কেবল প্রতিষ্ঠানগুলোর নিজস্ব নীতিই যথেষ্ট নয়। তিনি বলেন, ‘কী ধরনের নিরাপত্তা ও পর্যবেক্ষণ ব্যবস্থা প্রয়োজন, সে বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থা ও নীতি নির্ধারকদের অবশ্যই আলোচনায় যুক্ত হতে হবে এবং এটি বাধ্যতামূলক করা দরকার।’





