ফ্লাইদুবাইয়ের বিমানে হামলা: ককপিটে পাইলটকে কুঠার দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ফ্লাইদুবাইয়ের বিমানে হামলা: ককপিটে পাইলটকে কুঠার দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
বিদেশে এখন
0

সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে কো-পাইলট কুঠার দিয়ে ‘সন্ত্রাসী হামলা’ চালানোর চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন আমিরাতের প্রসিকিউটর জেনারেল। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

উড়োজাহাজটি ছিল ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইট। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, অভিযুক্ত কো-পাইলটের নাম হাম্মাম আল-হাম্মামি। তিনি ওমানের নাগরিক। ঘটনার সময় উড়োজাহাজে ১৭০ জনের বেশি যাত্রী ও ক্রু ছিলেন, যাদের অধিকাংশই ইসরাইলি।

গত বুধবার উড়োজাহাজটিতে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়। ক্রু ও যাত্রীরা মিলে কো-পাইলটকে কাবু করেন। ইসরাইলি কর্মকর্তাদের ভাষ্যমতে, উড়োজাহাজটি বিধ্বস্ত করার উদ্দেশ্যেই তিনি ক্যাপ্টেনের ওপর হামলা চালান। ককপিটে জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য রাখা একটি কুঠার (ক্র্যাশ এক্স) দিয়ে তিনি পাইলটের ওপর হামলা চালান এবং উড়োজাহাজের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করেন।

আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থায় দেয়া এক বিবৃতিতে প্রসিকিউটর জেনারেল হামাদ সাইফ আল শামসি বলেন, ‘ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইট সংক্রান্ত তদন্তে দেখা গেছে যে কো-পাইলট একটি সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা করেছিলেন।’ তিনি জানান, সন্দেহভাজনের উদ্দেশ্যসহ সার্বিক বিষয়ে তদন্ত চলছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে তদন্তের ফলাফল প্রকাশ করা হবে। দুবাই সরকারের মালিকানাধীন এই বিমান সংস্থাটির ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছে আমিরাত।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ইউএই প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা আনোয়ার গারগাশ এক্সে বলেন, উপসাগরীয় এই দেশটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখে এবং চরমপন্থি বক্তব্য বা আচরণের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেবে না।

ফ্লাইটটিতে যাত্রী হিসেবে থাকা ফ্লাইদুবাইয়ের একজন রিজার্ভ পাইলট তাৎক্ষণিকভাবে উড়োজাহাজটির নিয়ন্ত্রণ নেন। পরে তিনি সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুক বিমানবন্দরে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করান। সেখানে সৌদি কর্তৃপক্ষ কো-পাইলটকে আটক করে। পরে গত বৃহস্পতিবার তাকে সৌদি আরব থেকে আবুধাবিতে নিয়ে যাওয়া হয়। এই তদন্তে আমিরাতের সঙ্গে ইসরাইলি তদন্তকারীরাও অংশ নেবেন বলে জানা গেছে।

ইসরাইলের সঙ্গে ওমানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ওই কো-পাইলট কারও নির্দেশে এই কাজ করেছিলেন কি না, তা খতিয়ে দেখছে ইসরাইল।

ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরাইল যাওয়ার পথে সৌদি আরবের আকাশসীমায় থাকা অবস্থায় উড়োজাহাজটি মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে প্রায় ১৬ হাজার ৬২৫ ফুট নিচে নেমে গিয়েছিল।

এএম