প্রবীণদের এককালীন ৯০ ডলার দেয়ার ঘোষণা ট্রাম্পের, সুবিধা পাবেন ২ কোটি মার্কিনী

মেডিকেয়ারের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে মানুষ
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রে প্রবীণদের সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচি ‘মেডিকেয়ার’-এর আওতাভুক্ত দুই কোটির বেশি নাগরিককে এককালীন ৯০ ডলার করে দেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাস্থ্যবিমার মাসিক প্রিমিয়াম বাবদ খরচ কমাতে সহায়তা হিসেবে এই অর্থ দেয়া হবে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প জানান, মেডিকেয়ার ইমপ্রুভমেন্ট ফান্ড থেকে এই অর্থ দেয়া হবে। এই তহবিলের জন্য মার্কিন কংগ্রেস ২০০ কোটি ডলার বরাদ্দ দিয়েছিল। হোয়াইট হাউস জানিয়েছে, যোগ্য প্রবীণদের বেশিরভাগই অক্টোবরের শুরুর দিকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের (ডিরেক্ট ডিপোজিট) মাধ্যমে এই অর্থ পাবেন। যাদের ব্যাংক হিসাব যুক্ত নেই, তাদের নিবন্ধিত ঠিকানায় ডাকযোগে চেক পাঠানো হবে।

আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের আকৃষ্ট করতে রিপাবলিকান এই নেতার দেয়া ধারাবাহিক আর্থিক প্রতিশ্রুতির অংশ হিসেবে এই ঘোষণা এলো। বর্তমানে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ—সিনেট ও প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে ইরান সংঘাতের জেরে জ্বালানির মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় জনমত জরিপে ট্রাম্প কিছুটা পিছিয়ে রয়েছেন।

এর আগে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখলে সব প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেয়ার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। যদিও অর্থনীতিবিদ ও রিপাবলিকানদের অনেকে এই প্রস্তাব নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এছাড়া ওবামাকেয়ার বা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের অতিরিক্ত ফি ফেরতের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন আলাদাভাবে প্রায় ১০ লাখ মার্কিন নাগরিককে ৫০০ ডলার করে পাঠাচ্ছে।

এএম