প্রতিবেদনের তথ্যানুযায়ী, ক্যালিফোর্নিয়ায় ‘স্পিরিট হ্যালোইন’ নামক এক দোকানে শেষ মুহূর্তের পোশাক কিনতে গিয়ে বন্দুকধারীর হামলার শিকার হন উৎসুক মানুষ। সেখানে এক গর্ভবতী নারী নিহত হন এবং প্রাণ বাঁচাতে লোকজনকে ছোটাছুটি করতে দেখা যায়।
এছাড়া অ্যালবামার বার্মিংহামে দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান—অ্যালবামা স্টেট ইউনিভার্সিটি ও অ্যালবামা এএন্ডএম ইউনিভার্সিটির মধ্যকার বার্ষিক ‘ম্যাজিক সিটি ক্লাসিক’ ফুটবল ম্যাচের পর আরেকটি বন্দুক হামলার ঘটনা ঘটে। মাত্র ১০ লাখের কিছু বেশি জনসংখ্যার অঙ্গরাজ্য ডেলাওয়্যারে হ্যালোইনের রাতে বৃহত্তম বিশ্ববিদ্যালয়ের নিকটে একটিসহ দুটি পৃথক গণ-গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
এক বিবৃতিতে ডেলাওয়্যারের গভর্নর ম্যাট মেয়ার বলেন, ‘এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়। ডেলাওয়্যারের জীবনের অংশ হিসেবে আমরা কখনই বন্দুক সহিংসতাকে মেনে নেব না।’
চিরাচরিত আমেরিকান শরতের আয়োজন—হ্যালোইন, ফুটবল ম্যাচ ও কলেজ পার্টিকে কেন্দ্র করেই এ সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলো ঘটেছে। উল্লেখ্য, ওরেগনের একটি এলিমেন্টারি স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শ্রেণিকক্ষে এক গণ-গুলিবর্ষণে তিন শিক্ষার্থী ও একজন শিক্ষক নিহত হওয়ার মাত্র দুই সপ্তাহের মাথায় এ ঘটনাগুলো ঘটল।
বেসরকারি গবেষণা সংস্থা ‘গান ভায়োলেন্স আর্কাইভ’ এর হিসাবের ওপর ভিত্তি করে সিএনএন-এর প্রাথমিক ধারণা অনুযায়ী, কমপক্ষে ১৩ জন নিহত ও ৯২ জন আহত হওয়ায় এ হ্যালোইন সপ্তাহান্তটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম সহিংস হিসেবে চিহ্নিত হয়েছে।
হ্যালোইনের আগের রাতে সান ফ্রান্সিসকোর উত্তর-পূর্বে ক্যালিফোর্নিয়ার ফেয়ারফিল্ডের এক উৎসবের দোকানে প্রথমদিকের হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। শুক্রবার রাত সাড়ে ৮টায় স্পিরিট হ্যালোইন দোকানে গুলির ঘটনা ঘটলে ৩১ বছর বয়সী কনস্ট্যান্স হেজেস নিহত হন; স্বজনরা জানান যে তিনি গর্ভবতী ছিলেন।
এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর শপিং সেন্টারটি তাদের পরের দিনের ‘ট্রিক-অর-ট্রিটিং’ আয়োজন বাতিল করে।
সিএনএন-এর সহযোগী প্রতিষ্ঠান ডব্লিউজেআরটির প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাত ১২টা ৩০ মিনিটের কিছু আগে মিশিগানের ফ্লিন্ট শহরের এক পার্টিতে গুলিবর্ষণে এক নারী নিহত এবং দুই কিশোর ও এক পুরুষ আহত হন। চিকিৎসাধীন তিনজনের অবস্থাই আশঙ্কামুক্ত।
অন্যদিকে, সিএনএন-এর সহযোগী ডব্লিউজেআরকের প্রতিবেদন অনুযায়ী, ক্যানসাসের উইচিটা পুলিশ জানিয়েছে শনিবার ভোরের দিকে এক আফটার-পার্টিতে গুলিবর্ষণে চারজন গুলিবিদ্ধ হন।





