মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ক্ষমতাসীন রিপাবলিকানদের চরমভাবে প্রত্যাখ্যান করেছেন মার্কিন ভোটাররা। মধ্যবর্তী নির্বাচনে মার্কিনরা মূলত, যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছে। এক এক্স পোস্টে এমন মন্তব্য করেছেন ইরানের স্পিকার বাঘের গালিবাফ। ডেমোক্র্যাটদের অভাবনীয় বিজয়ের প্রসঙ্গ টেনে তিনি আরও মন্তব্য করেন, বিবেকের তাড়না অথবা অসহনীয় মাত্রায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মতো বিষয়গুলো বিবেচনায় নিয়েই ভোট দিয়েছে মার্কিন জনগণ। মার্কিনদের এমন রায়কে ইরান সমর্থন করে বলেও জানান তিনি।
অন্যদিকে, সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট৬ ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার দেয়া শর্ত এবং সিদ্ধান্ত অনুযায়ীই শেষ হবে ইরান যুদ্ধ। তিনি যখন বলবেন তখনই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ শেষ হবে। এ সংঘাতের ভবিষ্যত তার হাতেই।
আরও পড়ুন:
জবাবে তেহরানের হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে প্রতিরোধে প্রস্তুত ইরান। ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনের ভাষণে জানান, নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের চেয়ে অনেক দীর্ঘ ও বিস্তৃত হবে। আর সে যুদ্ধের কোনো ভৌগলিক সীমা থাকবে না।
এছাড়াও, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন বা সামরিক হামলার সর্বাত্মক জবাব দেবে তেহরান। তিনি স্পষ্ট করেন, তাদের শর্তগুলো পূরণ না হলে হরমুজ খোলা হবে না, কোনো সমঝোতাও হবে না। আর পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরান যুদ্ধ বা কূটনীতি—উভয় পরিস্থিতির জন্যই সমানভাবে প্রস্তুত। নতুন করে যুদ্ধ শুরু হলে তা শেষ করার চাবিকাঠি ট্রাম্পের হাতে থাকবে না বলেও সতর্ক করেন তিনি।
এদিকে, আইআরজিসি জানিয়েছে, অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় নৌ-মাইনের আঘাতে তিনটি ট্যাংকার বিস্ফোরিত হয়েছে। এছাড়াও, বিশ্ব বাজারে অপরিশোধিত জ্বালানী তেলের দাম ৮২ সেন্ট বা ০.৮ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১০৪ দশমিক ৪২ ডলারে দাঁড়িয়েছে। আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ৫০ সেন্ট বা ০.৫ শতাংশ বেড়ে ৯৬ দশমিক ৫৯ ডলারে পৌঁছেছে।





