ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তাকে লেখা এক চিঠিতে মেলোনি এ উদ্বেগের কথা জানান। তিনি উল্লেখ করেন, ইউক্রেন ইস্যুতে ভিন্ন ভিন্ন কাঠামোয় আলোচনার প্রতিযোগিতা ইউরোপের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এতে আন্তর্জাতিক অঙ্গনে ধারণা তৈরি হচ্ছে যে ইউরোপ কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া অগোছালোভাবে এগোচ্ছে।
চিঠিতে ইতালির প্রধানমন্ত্রী স্পষ্ট করেন, তিনি নিজের বা তার দেশের জন্য কোনো আসন দাবি করছেন না। তবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্পষ্ট অনুমোদন ছাড়া কোনো সিদ্ধান্ত নেয়া হলে রোম তা মেনে নেবে না।
মেলোনি ইউরোপীয় নেতাদের প্রতি অবিলম্বে জোটের প্রতিনিধি নির্ধারণ এবং তার ক্ষমতা ও দায়িত্ব স্পষ্ট করার তাগিদ দেন। তিনি আগামী সপ্তাহে আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠেয় ইইউর অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে বিষয়টি আলোচনার জন্য আহ্বান জানান। একই সঙ্গে যুক্তরাজ্য ও নরওয়েসহ ইউরোপীয় সহযোগীদের সঙ্গে সমন্বয় করে আগামী ডিসেম্বরের শীর্ষ সম্মেলনে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়ার অনুরোধ জানান তিনি।





