গাজীপুরে শিশুকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

গাজীপুর জেলা ও দায়রা জজ আদালত
এখন জনপদে
আইন ও আদালত
0

গাজীপুরে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে আনোয়ার হোসেন (৩৫) নামে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানারও আদেশ দেয়া হয়।

আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু বক্কর সিদ্দিক এ রায় ঘোষণা করেন।

আসামি আনোয়ার হোসেন খান গাছা থানাধীন শরীফপুর এলাকার বাসিন্দা করিম খানের ছেলে। তিনি স্থানীয় আদর্শ শিশু কানন স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না আসামি আনোয়ার। তিনি সময়ের আবেদন (টাইম পিটিশন) করলে আদালত তা নামঞ্জুর করে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) অ্যাডভোকেট সেলিনা বেগম এবং বাদীপক্ষের আইনজীবী মো. মহিউদ্দিন খান। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পিপি অ্যাডভোকেট সেলিনা বেগম। তাকে আইনি সহযোগিতা করেন রাষ্ট্রপক্ষের অন্যান্য আইনজীবী।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩১ আগস্ট সকালে প্রতিদিনের মতো স্কুলে যায় ভুক্তভোগী শিশুটি। সকাল সাড়ে ৮টার দিকে স্কুলে পৌঁছানোর পর বেলা ১১টার দিকে বাসায় ফিরে কান্নাকাটি শুরু করে। এসময় তার শরীরের বিশেষ অঙ্গ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিলো বলে সে মাকে জানায়।

পরে শিশুটির কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে সে জানায়, স্কুলের শিক্ষকরা শ্রেণিকক্ষ থেকে চলে যাওয়ার পর তাকে স্কুলের অফিস কক্ষে নিয়ে তার ওপর যৌন নির্যাতন চালানো হয়। এসময় তাকে ভয়ভীতি ও হুমকি দেয়া হয় বলেও জানায় শিশুটি। ঘটনার বিস্তারিত জানার পর শিশুটির মা গাছা থানায় মামলা দায়ের করেন।

রায়ের প্রতিক্রিয়ায় বাদীপক্ষের আইনজীবী মো. মহিউদ্দিন খান বলেন, ‘বাবা-মায়ের পর যেসব শিক্ষকের কাছে শিশুদের সবচেয়ে নিরাপদ থাকার কথা, সেই শিক্ষকের কাছেই শিশুর ধর্ষণের শিকার হওয়া অত্যন্ত কলঙ্কজনক অধ্যায়। এ মামলার রায়ের মধ্য দিয়ে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আশা করি দ্রুত পলাতক আসামিকে গ্রেপ্তার করবে আইনশৃঙ্খলা বাহিনী।’

এসএইচ