দ্য ইকোনমিস্টের পক্ষ থেকে পুতিনকে আমন্ত্রণ জানানো হবে কি না জানতে চাওয়া হলে সংক্ষিপ্ত জবাবে প্রধানমন্ত্রী বার্নহাম বলেন, ‘না।’ তবে এ বিষয়ে মন্তব্যের জন্য বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে চেষ্টা করা হলেও ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
ইউক্রেনে আক্রমণের পর থেকে পশ্চিমা দেশগুলো রাশিয়াকে কূটনৈতিকভাবে একঘরে করার চেষ্টা চালালেও দেশটি এখনো অর্থনৈতিক জোট জি-২০-এর সদস্য হিসেবে রয়েছে। সাধারণ নিয়ম অনুযায়ী আয়োজক দেশের সরকারপ্রধানেরা জোটের সব সদস্যরাষ্ট্রের নেতাকেই বার্ষিক সম্মেলনে আমন্ত্রণ জানিয়ে থাকেন। আগামী বছরের নভেম্বরে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে পরবর্তী জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, ম্যানচেস্টার কেন্দ্রিক এ অঞ্চলের মেয়র হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন অ্যান্ডি বার্নহাম।
এর আগে গত সেপ্টেম্বরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, আগামী ডিসেম্বরে মায়ামিতে অনুষ্ঠেয় জি-২০ বৈঠকে পুতিনকে আমন্ত্রণ জানিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে কথা বলার সুযোগ করে দেয়ার উদ্দেশ্যেই পুতিনকে সেই আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানান রুবিও।





