হেগসেথ-রুবিওর পদত্যাগের গুঞ্জন নাকচ করলো হোয়াইট হাউস

মার্কো রুবিও ও পিট হেগসেথের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবির পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে বড় ধরনের রদবদলের গুঞ্জন উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস। নির্বাচনে হারের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলেও প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, তারা দুজনই স্বপদে বহাল থাকছেন।

ইরান যুদ্ধ পরিচালনাকে কেন্দ্র করে নির্বাচনে রিপাবলিকানদের চরম ক্ষতির জন্য হেগসেথকে সরিয়ে দেয়ার জোর দাবি ওঠে। এমনকি রিপাবলিকান পার্টির বিদায়ী প্রতিনিধি পরিষদ সদস্য থমাস ম্যাসি আগামী সপ্তাহের শুরুতেই হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনার প্রকাশ্যে হুমকি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ম্যাসি সতর্ক করে লেখেন, আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে কংগ্রেস যাওয়ার আগেই প্রেসিডেন্ট ট্রাম্পের উচিত হেগসেথকে সরিয়ে নতুন কাউকে দায়িত্ব দেয়া, যাতে বর্তমান রিপাবলিকান নিয়ন্ত্রিত সেনেটে নতুন মন্ত্রীকে সহজেই অনুমোদন করিয়ে নেয়া যায়।

এই উদ্যোগ ও অভিশংসনের প্রচেষ্টাকে রাজনৈতিক নাটক বলে উড়িয়ে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা কার্যকরভাবে কাজ করছি বলেই তারা আমাদের ওপর হামলা চালাচ্ছে। কিন্তু এসব করে কোনো লাভ হবে না, আমরা পিছু হটব না।’ তিনি আরও দাবি করেন, সামরিক বাহিনীতে নিয়োগ বাড়ানো, প্রতিরক্ষা শিল্প খাতের পুনর্গঠন এবং বৈচিত্র্যবিষয়ক নীতি (ডিইআই) বাতিল করে পেন্টাগনে ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ এজেন্ডা তিনি সফলভাবে বাস্তবায়ন করেছেন। এছাড়া ফাঁকা হওয়া টেনেসি সেনেট আসনের নির্বাচনে হেগসেথ প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলেও একটি গুঞ্জন রয়েছে।

ইরান যুদ্ধের প্রভাব ও নির্বাচনি বিপর্যয় নিয়ে ক্ষোভ থাকলেও প্রতিরক্ষামন্ত্রীকে এখনই সরাচ্ছেন না ট্রাম্প। এবিসি নিউজকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হেগসেথকে সরিয়ে দেয়ার বিষয়ে তার কাছে কিছু সুপারিশ এলেও তাকে পদে রেখে দেয়ার ইচ্ছা তার রয়েছে। পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, হেগসেথ অসাধারণ কাজ করেছেন। তিনি গত জানুয়ারিতে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার এবং ৯ মাসে গড়ানো ইরান যুদ্ধের বিভিন্ন সাফল্য তুলে ধরেন। তবে দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ট্রাম্প হয়তো মার্কিন যৌথ বাহিনীর প্রধান জেনারেল ড্যান কেইন অথবা সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারকে পদ থেকে সরিয়ে দেয়ার কথা বিবেচনা করতে পারেন।

অন্যদিকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পদত্যাগ করছেন বলে ছড়ানো খবরকে ‘ফেক নিউজ’ বা ভুয়া খবর বলে অভিহিত করেছে হোয়াইট হাউস ও মার্কিন পররাষ্ট্র দপ্তর। দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে রুবিও নিজেও জানান, ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তার সঙ্গে কাজ করাই তার মূল পরিকল্পনা। কৌতুক করে তিনি বলেন, ‘তারা যখন বলে আমি চাকরি ছেড়ে দিচ্ছি, তখন আমি হেসে ভাবি—কোন চাকরিটার কথা বলছে তারা?’

এএম