মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর পর থেকেই ইরান ইস্যুতে অনেকটাই নমনীয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে সিএনএনকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি জানান, আলোচনায় অগ্রগতি আসলে ইরানে নতুন দফায় হামলা চালাবে না যুক্তরাষ্ট্র।
ফ্লোরিডাতেও ইরান ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। জানান, আগামী সপ্তাহে চীনে অনুষ্ঠেয় এপেক সম্মেলনে তেহরান পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন তিনি। তবে তেহরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে স্থলপথে পণ্য পরিবহন বন্ধে ‘টাস্কফোর্স আয়রন গেট’ কার্যকর হয়েছে বলেও দাবি করেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি চীনে যাবো। সেখানে পুতিন ও শির সঙ্গেও বৈঠকে বসবো। সেখানে ইরান যুদ্ধ নিয়ে কথা হবে। আর তেহরানের স্থলপথ অবরোধে টাস্কফোর্স “আয়রন গেট” কার্যকর হয়েছে।’
সাপ্তাহিক ছুটি শেষে হোয়াইট হাউজে ফেরার পথে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের অভিশংসনের বিপক্ষে অবস্থান নেন মার্কিন প্রেসিডেন্ট। জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ভালোভাবেই সামলাচ্ছেন হেগসেথ। এর আগে প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিজ হুঁশিয়ারি দেন তিনি ও তার দলের আইনপ্রণেতারা হেগসেথের অভিশংসনের সমর্থন করবেন।
আরও পড়ুন:
অন্যদিকে অভিশংসনের ঝুঁকিতে থাকা আরেক মন্ত্রী মার্কো রুবিও গদি টিকিয়ে রাখতে সাফাই গান ট্রাম্পের পররাষ্ট্রনীতির।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘পারমাণবিক শক্তিধর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের জন্য হুমকিস্বরূপ। এ কারণে প্রেসিডেন্ট ইরান ইস্যুতে যে সিদ্ধান্ত নিয়েছে তা পুরোপুরি সঠিক। অন্যান্য প্রেসিডেন্টরা ব্যর্থ হলেও, ট্রাম্প সিদ্ধান্ত নিতে কোনো ভুল করেননি।’
আর নেতানিয়াহুর পতনের শঙ্কার মধ্যেই ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি, ইরান মিশন এখনও পুরোপুরি শেষ করেনি তেল- আবিব।
বিপরীতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির আক্ষেপ, মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ধমকে গেছে যুদ্ধবিরতি আলোচনা।
আব্বাস আরাঘচি বলেন, ‘মধ্যবর্তী নির্বাচনের ফলাফল হজম করতে রিপাবলিকানদের কতটুকু সময় লাগে; তাই এখন দেখার বিষয়। আমরা মধ্যস্থতাকারীদের আলোচনার টেবিলে ফেরার অপেক্ষায় আছি।’
এছাড়া আলাদা এক্স বার্তায় ইরানের দেয়া শর্ত মেনে নিতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন আরাঘচি। সমঝোতা স্মারকের শর্ত মানা সাপেক্ষে দু’দিনের মধ্যে হরমুজ সচলে যুক্তরাষ্ট্রকে তেহরান প্রস্তাব দিয়েছিল বলেও জানান তিনি।
আর ইরানের কুর্দিস্তানের ঘোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। রয়টার্স জানায়, ড্রোনটি গ্যাসক্ষেত্রের এলপিজি সংরক্ষণ ট্যাংকে আঘাত হানে। পরে সেখানে আগুন ধরে যায়। বন্ধ হয় উৎপাদন। এর ফলে বিদ্যুৎহীন কুর্দিস্তানের ৭০ শতাংশের বেশি বাসিন্দা।





