ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠক, মতপার্থক্য কমেছে বললেন কুশনার

আবুধাবিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের ত্রিপক্ষীয় আলোচনায় অংশগ্রহণকারীরা
বিদেশে এখন
0

দীর্ঘ নয় মাস পর ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে প্রথমবার মুখোমুখি শান্তি আলোচনায় বসেছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। মঙ্গলবার অনুষ্ঠিত এ ত্রিপক্ষীয় বৈঠকে উভয় পক্ষের মধ্যকার মতপার্থক্য অনেকটাই কমে এসেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা জ্যারেড কুশনার। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৈঠকের শুরুতে কুশনার জানান, সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের সঙ্গেই নিবিড় যোগাযোগ হয়েছে এবং তাতে সংকট নিরসনের বিষয়ে মতপার্থক্যগুলো চিহ্নিত ও সংকুচিত করা সম্ভব হয়েছে। যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসন জোরালো কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এমন একটি সমাধান খোঁজা হচ্ছে যা যুদ্ধ অবসানের পাশাপাশি দুই দেশের ভবিষ্যৎ সম্ভাবনা এগিয়ে নিতে সহায়তা করবে।

তবে সাড়ে চার বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড এখনো রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সামগ্রিক চুক্তির ব্যাপারে প্রবল আশাবাদ দেখালেও কার্যকর কোনো সমঝোতার শর্ত নিয়ে মস্কো ও কিয়েভের মধ্যে এখনো গভীর দূরত্ব রয়েছে।

ইউক্রেনীয় প্রতিনিধিদলের প্রধান রুস্তেম উমেরভ তার প্রারম্ভিক বক্তব্যে জানান, কিয়েভের মূল মনোযোগ এখন দেশের নিরাপত্তা নিশ্চয়তা এবং একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দিকে। অন্যদিকে রুশ প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি বলেন, দুই দেশের জনগণের স্বার্থেই শান্তির পথে বাস্তব অগ্রগতি হবে বলে মস্কো আশা করছে।

আমেরিকার এই কূটনৈতিক তৎপরতার মুখে ইউক্রেন সংকটে নিজেদের ভূমিকা নিশ্চিত করতে তত্পর হয়ে উঠেছে ইউরোপীয় দেশগুলো। আবুধাবির মূল আলোচনার আগে ইউক্রেনীয় প্রতিনিধিরা ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো ও মার্কিন দূতদের সঙ্গে আলাদা বৈঠক করেন। ফ্রান্সের পক্ষ থেকে বলা হয়েছে, ইউরোপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া ইউক্রেনে স্থায়ী শান্তি সম্ভব নয়, তাই এ প্রক্রিয়ায় ইউরোপীয়দের সম্পৃক্ততা অপরিহার্য। তবে ক্রেমলিন স্পষ্ট জানিয়েছে, পূর্বনির্ধারিত এই ত্রিপক্ষীয় কাঠামোয় ইউরোপীয় দেশগুলোর সরাসরি বৈঠকে বসার কোনো সুযোগ নেই।

এর আগে ট্রাম্প মন্তব্য করেছিলেন যে উভয় পক্ষই লড়াই করতে করতে ক্লান্ত এবং যুদ্ধ বন্ধের প্রতি তাদের জোরালো আগ্রহ দেখা যাচ্ছে। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনো পুরো দোনবাস অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার দাবিতে অনড় রয়েছেন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কোনো ভূখণ্ড ছেড়ে দেয়ার সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়েছেন। একজন মার্কিন কর্মকর্তা দাবি করেছেন যে চুক্তির স্বার্থে উভয় পক্ষ হয়তো ভূখণ্ডের বিষয়ে কিছুটা ছাড় দিতে পারে, তবে কিয়েভের এক শীর্ষ কর্মকর্তা কঠোর ভাষায় তা অস্বীকার করেছেন।

এএম