দিল্লি পুলিশ সূত্রে স্পষ্ট করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় কোনো অভিযুক্ত হিসেবে নয়, বরং একজন সাক্ষী হিসেবে নোটিশটি দেয়া হয়েছে। কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তার বাসভবনে গিয়ে দিল্লি পুলিশের একটি দল নোটিশটি হস্তান্তর করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তৃণমূল কংগ্রেসের নেতা শুভাশিস চক্রবর্তী নোটিশটি গ্রহণ করেন। ঘটনার বিষয়ে জবানবন্দি রেকর্ড করতে তাকে নয়াদিল্লিতে তদন্তকারী কর্মকর্তাদের মুখোমুখি হতে বলা হয়েছে।
ঘটনাটি প্রায় ১৩ বছর আগের। ২০১৩ সালের এপ্রিল মাসে তৎকালীন বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের সদস্যদের হাতে পশ্চিমবঙ্গের তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্রের ওপর কথিত হামলার প্রতিবাদে তৃণমূলের মন্ত্রী ও সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদল নিয়ে নয়াদিল্লিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সংসদ মার্গে তৎকালীন পরিকল্পনা কমিশনের প্রধান কার্যালয়ের কাছে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ চলাকালে নিরাপত্তা ও বিধিনিষেধের কারণ দেখিয়ে পুলিশ তৃণমূলের প্রতিনিধিদলকে বাধা দিলে দিল্লি পুলিশের সঙ্গে মমতার তীব্র বাগ্বিতণ্ডা ও উত্তেজনা তৈরি হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নয়াদিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।
এদিকে দিল্লি পুলিশের নোটিশ পাঠানোর বিষয়ে তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্য দোলা সেন জানান, এমন কোনো নোটিশ জারি বা হস্তান্তরের বিষয়ে তার কিছু জানা নেই।





