সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সিংগাইরে ধলেশ্বরী নদীর পাড়
এখন জনপদে
0

মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে মরদেহটি সাভার এলাকার কোনো ব্যক্তির হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

আজ (মঙ্গলবার, ১০ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার জামির্তা ইউনিয়নের বিন্নাডাঙ্গী এলাকায় আকিজ মাদ্রাসাসংলগ্ন ধলেশ্বরী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে আলেকজান নামের এক নারী নদীর ঘাটে হাঁস ছাড়তে গিয়ে পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তিনি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, তিন থেকে পাঁচ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি হত্যা না কি অন্য কোনো কারণে মৃত্যু, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন:

মরদেহের সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজুল ইসলাম বলেন, ‘মরদেহের অবস্থা দেখে কয়েক দিন আগে মৃত্যুর ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনই বলা যাচ্ছে না।’

জামির্তা ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্বাস উদ্দিন জানান, সকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি নদীতে মরদেহ ভাসতে দেখার বিষয়টি তাকে মুঠোফোনে জানান। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশকে অবহিত করেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় ও মৃত্যুর কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। প্রয়োজনে দাঁতের নমুনা ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হবে।

এফএস