সমৃদ্ধ পারমাণবিক উপাদান দেশের বাইরে যেতে দেয়া হবে না: মোহসেন রেজায়ি

তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায় অনুষ্ঠানে মোহসেন রেজায়ি
বিদেশে এখন
0

সমৃদ্ধ পারমাণবিক উপাদানের একটি কণাও দেশের বাইরে যেতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে নতুন করে কোনো হামলা চালানো হলে যুক্তরাষ্ট্রের দূরবর্তী সামরিক ঘাঁটিগুলোকেও সরাসরি নিশানা করা হবে।

লেবাননের আল মায়াদীন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে মোহসেন রেজায়ি এসব কথা বলেন। ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুটা নমনীয় সুর গ্রহণ করেছেন এবং মার্কিন কর্মকর্তারাও ইরানে আর বড় ধরনের সামরিক অভিযানের প্রয়োজন নেই বলে মন্তব্য করছেন। তবে রেজায়ি স্পষ্ট করে জানিয়েছেন, এই মুহূর্তে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো ধরনের আলোচনা বা সমঝোতা বৈঠক চলছে না।

সমৃদ্ধ পারমাণবিক উপাদানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে মোহসেন রেজায়ি বলেন, ‘পারমাণবিক শক্তিতে চালিত জাহাজ ও সাবমেরিনের নকশা তৈরির জন্য আমাদের এই সমৃদ্ধ উপাদান প্রয়োজন।’ মস্কোকে বিষয়টি ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সমৃদ্ধ পারমাণবিক উপাদান দেশেই থাকবে এবং ইরান নিজেই তা ব্যবহার করবে। যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রশমিত করতে এর আগে রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেয়ার প্রস্তাব দিয়েছিল, যদিও মস্কো বলেছিল যে চূড়ান্ত সিদ্ধান্ত তেহরানের ওপরই নির্ভর করছে।

অস্ত্র তৈরির কাছাকাছি মাত্রার এই ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো যাবে না মর্মে ইরানের সর্বোচ্চ নেতা আগেই একটি নির্দেশনা জারি করেছিলেন বলে মে মাসে দেশটির শীর্ষ দুটি সূত্র নিশ্চিত করেছিল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথ হামলা চালানোর সময় দেশটির কাছে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম ছিল। বেসামরিক প্রয়োজনের তুলনায় এই মাত্রা অনেক বেশি। তবে ওই হামলার পর এই মজুতের কতটা অবশিষ্ট রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্র, ইসরাইলসহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ করে এলেও তেহরান তা বরাবরই অস্বীকার করে আসছে। যুদ্ধ অবসানের যেকোনো প্রাথমিক আলোচনায় পারমাণবিক ইস্যু অন্তর্ভুক্ত করার ওপর জোর দিয়েছে ওয়াশিংটন। এ প্রসঙ্গে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনে একটি পারমাণবিক রূপরেখা পাঠিয়েছে ইরান। তবে তেহরানের দেয়া সাত দফা শর্ত যুক্তরাষ্ট্র পূরণ করার পরই কেবল সেই প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে।

—রয়টার্সের প্রতিবেদন অবলম্বনে

এএম