সমাধিপ্রাঙ্গণে কর্তব্যনিষ্ঠার স্বীকৃতি, সতর্ক করা সেনাকে পুরস্কৃত করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

স্পেশালিস্ট ইগলেসিয়াসকে পদক পরিয়ে দিচ্ছেন পিট হেগসেথ (ডানে
বিদেশে এখন
0

আর্লিংটন ন্যাশনাল সিমেট্রির যুদ্ধস্মৃতিসৌধে নিয়মভঙ্গের দায়ে খোদ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ও তার সফরসঙ্গীদের সতর্ক করেছিলেন প্রহারারত এক সেনা। সেই সেনার অনন্য কর্তব্যনিষ্ঠার স্বীকৃতি দিয়ে তাকে বিশেষ সামরিক পদকে ভূষিত করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

গত বুধবার ভেটেরানস ডে উপলক্ষে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ঐতিহাসিক যুদ্ধস্মারক টুম অব দ্য আননোন সোলজারের সামনে দাঁড়িয়ে ছবি তোলার সময় হেগসেথ, তার স্ত্রী ও শীর্ষ উপদেষ্টারা কথা বলা ও হাসাহাসি করছিলেন। এতে সমাধিসৌধের ভাবগাম্ভীর্য নষ্ট হওয়ায় সেখানে পাহারারত সেনাসদস্য দ্রুত এগিয়ে গিয়ে তাদের কড়া ভাষায় শান্ত থাকার নির্দেশ দেন। তিনি উচ্চৈঃস্বরে বলেন, ‘সব দর্শনার্থীকে সর্বদা নীরবতা ও শ্রদ্ধাপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।’

ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পেন্টাগনের এক বিবৃতিতে জানানো হয়, সমাধিসৌধে দায়িত্ব পালনে দৃঢ়তা প্রদর্শনের স্বীকৃতি হিসেবে বিশেষজ্ঞ টমাস ইগলেসিয়াসকে জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইগলেসিয়াসের পোশাকে পদক পরিয়ে দেয়ার ছবি প্রকাশ করে হেগসেথ লেখেন, ‘আমরা সেনাদের ভালোবাসি। আমরা নিয়মশৃঙ্খলা ভালোবাসি। চমৎকার কাজ করেছ বিশেষজ্ঞ। এগিয়ে চলো প্যাট্রিয়টরা।’

পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে বলেন, গম্ভীর এই দিনে পরিবেশের মর্যাদা বজায় রাখতে ওই সেনাসদস্য সম্পূর্ণ সঠিক ও শ্রদ্ধাশীল আচরণ করেছেন। দেশের সুরক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মত্যাগের প্রতি প্রতিরক্ষা দপ্তর সর্বদা শ্রদ্ধাশীল।

প্রথম বিশ্বযুদ্ধে নিহত এক অজ্ঞাত সেনার স্মরণে নির্মিত এই সমাধিসৌধ যুক্তরাষ্ট্রের অন্যতম পবিত্র জাতীয় স্মারক হিসেবে গণ্য হয়। ১৯৪৮ সাল থেকে মার্কিন সেনাবাহিনীর থার্ড ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যরা ২৪ ঘণ্টা এটি পাহারা দিয়ে আসছেন। সমাধিপ্রাঙ্গণে দর্শনার্থীদের যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা উচ্ছৃঙ্খল আচরণে বাধা দেয়া তাদের নিয়মিত দায়িত্বের অংশ।

বুধবারের ওই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত ছিলেন। সেখানে বক্তব্যে ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রী হিসেবে হেগসেথের কাজের প্রশংসা করেন। এর আগে মঙ্গলবার মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার অভিযোগে হেগসেথকে পদচ্যুত করার একটি প্রস্তাব প্রতিনিধি পরিষদে বাতিল হয়ে যায়।

এএম