নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত থেকে ২০ কোটি ডলারের ওষুধ আমদানি পাকিস্তানের

ভারত থেকে পাকিস্তানে ওষুধ আমদানি হচ্ছে
বিদেশে এখন
0

একে-অপরের চিরশত্রু হলেও ভারত-পাকিস্তান বাণিজ্য সম্পর্কের সমীকরণ একেবারে আলাদা। জৈব রাসায়নিক ও ফার্মাসিউটিকাল পণ্যের ক্ষেত্রে নয়াদিল্লির ওপর প্রায় পুরোপুরি নির্ভর করে ইসলামাবাদ। ভারতীয় পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা থাকায় আরব আমিরাত বা মালয়েশিয়া হয়ে ওষুধ ও প্রতিষেধক আসে পাকিস্তানে। ২০২৫-২৬ অর্থ বছরে নয়াদিল্লি থেকে রেকর্ড ২০ কোটি ডলারেরও বেশি ওষুধ জাতীয় পণ্য আমদানি করেছে শেহবাজ শরীফের সরকার।

৪৭ এ দেশভাগের পর থেকেই চলছে বৈরিতা। গেল ৮ দশকে বহুবার ক্ষমতা বদল হলেও এতটুকু কমেনি সম্পর্কের তিক্ততা। সবশেষে গত বছরের মে মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলায় ইসলামাবাদের জড়িত থাকা না থাকা নিয়ে সরাসরি যুদ্ধে জড়ায় ভারত-পাকিস্তান।

৪ দিন পর যুদ্ধ থামলেও সিন্ধু পানি চুক্তি স্থগিত করে দেয় ভারত। জবাবে ভারতীয় বিমানকে আকাশসীমায় নিষিদ্ধ ঘোষণা, ওয়াঘা সীমান্ত দিয়ে চলাচল বন্ধ এবং দ্বিপক্ষীয় লেনদেন স্থগিত করে পাকিস্তান। ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের স্বায়ত্তশাসিত মর্যাদা প্রত্যাহার আগ পর্যন্ত নিয়মিত বাণিজ্যিক সম্পর্ক নয়াদিল্লি-ইসলামাবাদের। অর্থাৎ ২০১৯ এর আগস্ট থেকে কার্যত বন্ধ ছিল দুই দেশের আমদানি-রপ্তানি।

এমন প্রেক্ষাপটে, নতুন এক পরিসংখ্যান হাজির করেছে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক। এসবিপি’ তথ্য অনুযায়ী, যুদ্ধের ১৮ মাস পর ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দুই দেশের অর্থনীতি। এই জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারত থেকে ৬ কোটি ১৭ লাখ ডলারের পণ্য আমদানি করেছে পাকিস্তান। আগের বছরের একই সময়ের তুলনায় যা ৬৯ শতাংশ বেশি। যার বেশিরভাগই ফার্মাসিউটিকাল পণ্য।

শেহবাজ শরীফ প্রশাসনের তথ্যের হিসাবে, বছরের সবশেষ সর্বশেষ প্রান্তিকে ভারত থেকে পাকিস্তানে আমদানি করা পণ্যের মূল্যমান ছিলো ৬ কোটি ২৬ লাখ ডলার। গত বছরের একই সময়ের হিসাবে আমদানিকৃত পণ্যের পরিমাণ ৬ কোটি ৬৬ লাখ ডলার। পার্থক্য মাত্র ৪০ লাখ ডলারের।

তবে দুই দেশের এই বাণিজ্য সুনির্দিষ্ট পণ্য নির্ভর। ২০২৫-২৬ অর্থবছরে ভারত থেকে পাকিস্তানের মোট আমদানির ৯৬ দশমিক ২ শতাংশ ছিল জৈব রাসায়নিক ও ফার্মাসিউটিকাল বা ওষুধজাতীয় পণ্য। গত অর্থবছরে এ হার ছিলো ৯৩ শতাংশ।

সবচেয়ে বেশি আমদানি করা হয়েছে টিকা ও রক্তের উপাদান থেকে তৈরি সেবাপণ্য। আমদানির পরিমাণ ৯ কোটি ৩৬ লাখ ডলার, যা আগের অর্থবছরে চেয়ে ২ কোটি ৩৩ লাখ ডলার বেশি। নয়াদিল্লি থেকে গত বছর ১ কোটি ১১ লাখ ডলারের মানুষের ব্যবহার্য্য টিকা কেনার পর এবছর এক লাফেই ৩ কোটি ২৩ লাখ ডলারের প্রতিষেধক এনেছে ইসলামাবাদ।

এখন প্রশ্ন ওঠে নিষেধাজ্ঞার মধ্যেই কীভাবে চলছে বাণিজ্য? ২০১৯ সালের ৯ আগস্ট ভারতীয় পণ্য আমদানি নিষিদ্ধ করলেও ওষুধ ও চিকিৎসাসামগ্রীকে এ নিষেধাজ্ঞার আওতামুক্ত করা হয়। কিন্তু পেহেলগাম কাণ্ডের পর আবারও কড়াকড়ি আরোপ করা হলে এখন আমিরাতের দুবাই, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ ঘুরে পাকিস্তানে আসছে ভারতীয় ফার্মাসিউটিকাল।

মূলত ওষুধশিল্পের পণ্যের ক্ষেত্রেই পাকিস্তানের ভারতনির্ভরতা সবচেয়ে স্পষ্ট। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশটির মোট ৬ হাজার ৪৫০ কোটি ডলারের আমদানির মাত্র ০ দশমিক ৩ শতাংশ এসেছে ভারত থেকে।

আর সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন থেকে ১ হাজার ৯৫০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে দেশটি। ২০২৪ পাকিস্তানে ওষুধ সরবরাহকারী দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ছিলো দ্বিতীয়। এ ক্ষেত্রে ভারত থেকে সামান্য এগিয়ে ছিলো বেলজিয়াম। কিন্তু ২০২৫-২৬ অর্থ বছরে এসে বদলে গেছে এই পরিসংখ্যানও।

জেআর