ইউক্রেন–রাশিয়া শান্তি আলোচনায় ইউরোপকে যুক্ত করতে একমত মস্কো ও কিয়েভ

মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার
বিদেশে এখন
0

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধ অবসানে পরবর্তী ধাপের শান্তি আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের যুক্ত করতে সম্মত হয়েছে মস্কো ও কিয়েভ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পক্ষ এই সিদ্ধান্তে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বৃহস্পতিবার গভীর রাতে দেয়া এক বিবৃতিতে কুশনার জানান, যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের উদ্যোগের অংশ হিসেবে গত মঙ্গলবার থেকে আরেক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে তিনি বিভিন্ন পক্ষের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়েছেন।

কুশনার বলেন, ‘উভয় পক্ষের উদ্বেগ বোঝা, সম্ভাব্য সমাধান চিহ্নিত করা এবং সামনে এগিয়ে যাওয়ার পথ তৈরির ক্ষেত্রে আমরা অর্থবহ অগ্রগতি অর্জন করেছি। এখন দুই পক্ষই পরবর্তী ধাপের আলোচনায় আমাদের ইউরোপীয় অংশীদারদের অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছে।’

তিনি উল্লেখ করেন, এর মাধ্যমে ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার ভূখণ্ডগত বিরোধ নিষ্পত্তির পাশাপাশি যুদ্ধপরবর্তী ইউরোপীয় সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি নিয়ে আলোচনা করা সম্ভব হবে। তিনি আরও বলেন, যুদ্ধ বন্ধ করতে নির্ভরযোগ্য নিরাপত্তা নিশ্চয়তা, সংঘাত নিরসন কাঠামো এবং ভবিষ্যতে সংঘাতের ঝুঁকি কমাতে পারস্পরিক উত্তেজনা হ্রাসের অঙ্গীকার প্রয়োজন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা প্রসঙ্গে মার্কিন দূত জানান, কিয়েভের সমঝোতা দলসহ দেশটির নেতৃত্বের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে তারা একমত হয়েছেন। ইউক্রেনের নিরাপত্তা উদ্বেগের সমাধান না করে ইউরোপের কোনো সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করা হবে না বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

কুশনার জানান, মানবিক পদক্ষেপ ছাড়া একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর আগে কোনো কিছুই চূড়ান্ত বলে গণ্য হবে না। তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে মঙ্গলবার ও বুধবার অনুষ্ঠিত আলোচনার অন্যতম বড় সাফল্য হিসেবে এই যুদ্ধের সবচেয়ে বড় বন্দিবিনিময় আয়োজনের কাজ চলছে।

উভয় পক্ষই সদিচ্ছা ও আন্তরিকতা প্রদর্শন করবে বলে আশা প্রকাশ করেন কুশনার। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ বন্ধে দৃঢ়প্রতিজ্ঞ। গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও মতভেদ থাকলেও অগ্রগতি নিয়ে তারা আশাবাদী এবং লড়াই থামাতে যে ধরনের কূটনৈতিক তৎপরতা প্রয়োজন, তারা তা চালিয়ে যাবেন।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠক শেষে মার্কিন দূতেরা বৃহস্পতিবার সকালে মস্কো পৌঁছান এবং বিকেলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। সেখান থেকে তারা আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে গিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন।

কুশনারের বিবৃতির বিষয়ে মস্কো তাৎক্ষণিকভাবে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে ক্রেমলিনে বৈঠকের পর রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ সাংবাদিকদের জানান, ইউরোপের একটি নতুন নিরাপত্তা কাঠামোর বিষয়ে সমঝোতায় পৌঁছাতে রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ শুরু করতে প্রস্তুত। তবে ইউরোপ প্রকৃতপক্ষে শান্তি চায় নাকি যুদ্ধ চালিয়ে যেতে চায়, তা তাদেরই ঠিক করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এএম