২০১৮ বিশ্বকাপের আয়োজনের পর আর কোনো ফিফা আসরে দেখা যায়নি একসময়ের ফুটবল পরাশক্তি রাশিয়াকে। ইউক্রেন যুদ্ধের প্রভাবে ফুটবলের সর্বোচ্চ আসর থেকে দেশটির ওপর আনা হয়েছে নিষেধাজ্ঞা। তবে এমন সিদ্ধান্ত খুব বেশি বিপাকে ফেলতে পারেনি রাশিয়াকে। অন্তত আর্থিক হিসাব সেই তথ্যই প্রকাশ করছে।
বিগত চার বছরে নিয়মিত প্রীতি ম্যাচ খেলেছে ইউরোপের দেশটি। চলতি সপ্তাহে ভেনেজুয়েলার মুখোমুখি হয় তারা। যুদ্ধ শুরুর পর থেকে এটি তাদের ৩৪তম ম্যাচ। আর এই সময়ে প্রীতি ম্যাচের বাইরে ফিফা এবং উয়েফা থেকেও নিয়মিত অর্থ সাহায্য পেয়েছে রাশিয়ান ফুটবল ফেডারেশন।
দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনের ভাষ্য, কেবল চার বছরে ফিফা এবং উয়েফার পক্ষ থেকে রাশিয়ার আয় হয়েছে ৩০ মিলিয়ন পাউন্ডের বেশি। কেবল ফিফা থেকেই ২০২২ সালের বিশ্বকাপের কারণে রাশিয়ান ফুটবলের আয় ছিল ৬.৯ মিলিয়ন পাউন্ড। ২০২৬ সালের আয়-হিসাব প্রকাশ করা হয়নি। এছাড়া উয়েফা থেকে ২০২১-২২ মৌসুমে রাশিয়া পেয়েছিল ২৫ মিলিয়ন পাউন্ড। যুদ্ধ শুরুর পর এই অংকের পরিমাণ কিছুটা কমলেও একেবারে বন্ধ হয়নি। আবার ২০২৪-২৫ মৌসুমে রাশিয়ান ফুটবল ইউনিয়ন উয়েফা থেকে পেয়েছিল ৭.৯ মিলিয়ন পাউন্ড। সব মিলিয়ে এই সংখ্যাটি ১৬৭ মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি অঙ্কে দাঁড়ায় প্রায় সাড়ে ২৭ হাজার কোটি টাকা।
এই সংখ্যাগুলো উয়েফার নতুন নীতিমালার কারণে আরও বেশি বাড়তে পারে। সেইসঙ্গে ফিফা এবং উয়েফার শীর্ষ কমিটিগুলোয় রাশিয়ান প্রতিনিধিদের উপস্থিতিও দেশটির অবস্থান ফুটবল বিশ্বে প্রতিনিয়ত আরও বেশি শক্তিশালী করেছে। স্বাভাবিকভাবেই তাই নিষেধাজ্ঞায় খুব বড় কোনো প্রভাবও দেখা যায়নি রাশিয়ায়।
রুশ সভ্যতার ইতিহাসের অন্যান্য নেতাদের মতোই ভ্লাদিমির পুতিনও খেলাধুলাকে মূলত ব্যবহার করছেন নিজের ইমেজ বাড়ানোর মন্ত্র হিসেবে। ২০১৮ সালে বিশ্বকাপ আয়োজন কিংবা ভলিবল বা স্কি থেকে রাশিয়ার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সিদ্ধান্তগুলো খেলার জগতে দেশটির বড় প্রভাবকেই চিহ্নিত করছে। হয়তো খুব শিগগিরই এর প্রভাব দেখা যাবে ফুটবলেও। আর এতে প্রশ্ন উঠছে, যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়ার খরচ কি জোগান দিচ্ছে খোদ ফুটবলই?





