ট্রাম্পের চীন সফরের শুরুতে পশ্চিমা নিষেধাজ্ঞা ও সংরক্ষণবাদের সমালোচনায় শি-পুতিন

ট্রাম্পকে স্বাগত জানান শি জিন পিং
বিদেশে এখন
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বহুল আলোচিত ত্রিপক্ষীয় বৈঠকের আগে বাণিজ্য সংরক্ষণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই মঞ্চে পশ্চিমা নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার দক্ষিণ চীনের প্রযুক্তি কেন্দ্র হিসেবে পরিচিত শেনজেন শহরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) শীর্ষ সম্মেলনে দেয়া বক্তব্যে তারা এসব কথা বলেন। তাদের বক্তব্যের কয়েক ঘণ্টা পরই ফিলিপাইনের ম্যানিলায় আঞ্চলিক মিত্রদের সঙ্গে বৈঠক শেষে চীনে পৌঁছান ট্রাম্প।

গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ট্রাম্পের আতিথেয়তার প্রতিদান হিসেবে শেনজেন বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানান শি জিনপিং। সংক্ষিপ্ত আলিঙ্গন ও কুশল বিনিময়ের পর লাল গালিচা ধরে নিজেদের গাড়িবহরের দিকে হেঁটে যান এই দুই নেতা। এপেক সম্মেলনে অন্যান্য নেতার সঙ্গে তারা যৌথ ছবি তুলবেন এবং নৈশভোজে অংশ নেবেন।

সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসবেন শি ও ট্রাম্প। ওই বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইরানে মার্কিন যুদ্ধের পাশাপাশি বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পারমাণবিক অস্ত্রের মতো উত্তপ্ত ইস্যুগুলো নিয়ে আলোচনা হতে পারে। এই বৈঠককে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যকার ওই সম্মেলনে প্রভাববলয় নির্ধারণ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থার ভিত্তি রচিত হয়েছিল, যা ছোট দেশগুলোর ওপর পরাশক্তিগুলোর সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার প্রতীক হিসেবে দেখা হয়। এবারের বৈঠক ঘিরে ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, বিশ্বের শীর্ষ সামরিক শক্তিগুলো তাদের স্বার্থ উপেক্ষা করতে পারে। অবশ্য ক্রেমলিন চলতি সপ্তাহে ইয়াল্টা সম্মেলনের সঙ্গে এই তুলনাকে রাষ্ট্রবিজ্ঞানীদের খেলা বলে উড়িয়ে দিয়েছে। তবে মস্কো বলেছে, বৈশ্বিক অঙ্গনে এই বৈঠকের বড় প্রভাব পড়বে। আর বেইজিং বলেছে, এই ত্রিপক্ষীয় বৈঠক বিশ্বশান্তি ত্বরান্বিত করবে।

সম্মেলনের উদ্বোধনী ভাষণে মুক্ত ও উন্মুক্ত বাণিজ্যের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানান শি জিনপিং। ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র যখন শুল্ক বাড়িয়েছে এবং আক্রমণাত্মক পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে, তখন চীনকে বৈশ্বিক মঞ্চে একটি স্থিতিশীল অংশীদার হিসেবে তুলে ধরার চেষ্টা করেন তিনি। এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের উন্নত এআই চিপ চীনের কাছে বিক্রির ওপর ওয়াশিংটনের নতুন কড়াকড়ি আরোপের পর শি জিনপিং এ বক্তব্য দিলেন। মার্কিন এই পদক্ষেপ বেইজিংয়ের সঙ্গে নড়বড়ে বাণিজ্যযুদ্ধ বিরতিকে আরও জটিল করে তুলতে পারে এবং চীন ইতিমধ্যে এর পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে।

ব্যবসায়ী নির্বাহীদের উদ্দেশে শি জিনপিং বলেন, ‘বিশ্ব বাণিজ্য সংস্থাকে (ডব্লিউটিও) কেন্দ্রে রেখে নিয়মভিত্তিক বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা আমাদের দৃঢ়ভাবে সমুন্নত রাখতে হবে। মুক্ত ও উন্মুক্ত বাণিজ্য এবং বিনিয়োগকে সমর্থন দিতে হবে এবং বৈশ্বিক শিল্প ও সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা ও নির্বিঘ্ন কার্যক্রম বজায় রাখতে হবে।’ তিনি জানান, চীন নিজেদের শিল্প খাতে বিনিয়োগ অব্যাহত রাখবে এবং নতুন প্রযুক্তি উদ্ভাবন করবে, যা অন্য দেশগুলোরও উপকারে আসবে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটি শুল্ক কমাবে, বাজার আরও উন্মুক্ত করবে এবং সংরক্ষণবাদ ও একতরফাবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

অভ্যন্তরীণ ভোক্তাদের চেয়ে উৎপাদন খাতকে প্রাধান্য দেয়ার নীতির মাধ্যমে বছরে ১ লাখ কোটি ডলারের বেশি বাণিজ্য উদ্বৃত্ত রাখায় চীনের সমালোচনা করে আসছে পশ্চিমা বাণিজ্য অংশীদারেরা। বেইজিংয়ের দাবি, বিশ্বের ধনী দেশগুলোর কাতারে পৌঁছানোর চেষ্টায় থাকা একটি অর্থনীতির জন্য তাদের এই প্রবৃদ্ধির মডেল উপযুক্ত। তবে ওয়াশিংটন ও ব্রাসেলসসহ অন্যদের আশঙ্কা, সরবরাহ ব্যবস্থায় চীনের একচেটিয়া আধিপত্য দেশটিকে ভূরাজনৈতিক সুবিধা দিচ্ছে এবং তাদের শিল্প ও কর্মসংস্থানকে হুমকির মুখে ফেলছে। দ্য এশিয়া গ্রুপের ডিজিটাল অনুশীলন বিভাগের প্রধান জর্জ চেন বলেন, শি জিনপিংয়ের এই বার্তা গ্লোবাল সাউথের অনেক দেশের মধ্যে সাড়া ফেলবে এবং ওয়াশিংটনের বিপরীতে বেইজিংয়ের প্রযুক্তিগত কৌশলকে আলাদাভাবে তুলে ধরার প্রচেষ্টাকে জোরদার করবে।

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর এটিই ট্রাম্পের প্রথম এশিয়া সফর। এর সঙ্গে যুক্ত হয়েছে এনভিডিয়ার প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং ও এক সন্দেহভাজন চীনা গুপ্তচরকে ঘিরে ওঠা অভিযোগের উত্তেজনা। তবুও বিশ্লেষকদের ধারণা, ওয়াশিংটন ও বেইজিং সম্পর্ক তুলনামূলকভাবে স্থিতিশীল রাখবে। শেনজেনের এই বৈঠকের পর আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের মায়ামিতে জি-২০ সম্মেলনে চলতি বছর চতুর্থবারের মতো বৈঠকে বসার কথা রয়েছে ট্রাম্প ও শি জিনপিংয়ের।

চার বছর ধরে চলা যুদ্ধে রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগকারী গুরুত্বপূর্ণ কের্চ সড়ক সেতু ইউক্রেন অকেজো করে দেয়ার বড় ধাক্কার পরই সম্মেলনে বক্তব্য দেন ভ্লাদিমির পুতিন। শি জিনপিংয়ের পর মঞ্চে উঠে তিনি পশ্চিমা শক্তিগুলোকে সাবেক আধিপত্যবাদী হিসেবে আখ্যা দেন। পুতিন বলেন, ইউরোপের লজ্জাজনক পতন ঘটছে এবং ইউক্রেনে অভিযানের পর রাশিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা হিতে বিপরীত হয়েছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘অভিজ্ঞতা থেকে দেখা গেছে, অর্থনৈতিক আধিপত্য এবং জবরদস্তির প্রচলিত হাতিয়ারগুলোর মেয়াদ ফুরিয়ে এসেছে এবং সেগুলো ভয় দেখানোর ক্ষমতা অনেকটাই হারিয়েছে। নিষেধাজ্ঞা, শুল্ক এবং রপ্তানি কড়াকড়ি হয়তো কিছুটা বাধা তৈরি করতে পারে, কিন্তু প্রতিদ্বন্দ্বীদের অর্থনীতি গুঁড়িয়ে দেয়া তো দূরের কথা, প্রবৃদ্ধিও থামাতে পারে না।’

পরে এক দ্বিপক্ষীয় বৈঠকে শি এবং পুতিন তাদের ঘনিষ্ঠ অংশীদারত্বের প্রশংসা করেন এবং বহুমেরুকেন্দ্রিক বিশ্ব গড়ার লক্ষ্যে আরও পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেন।

এদিকে দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এলাকা নিয়ে বেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই ম্যানিলা সফরে ফিলিপাইনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা গভীর করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। এর আগে চীনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথা ট্রাম্প ভাসিয়ে দিলেও তা নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে মঙ্গলবার তাইওয়ান ও জাপান তাদের আকাশসীমায় রুশ যুদ্ধবিমানের অনুপ্রবেশের অভিযোগ তুলেছে।

এপেক সম্মেলনে বর্তমান বিশ্বকে অস্থির হিসেবে বর্ণনা করলেও পুতিন বলেছেন, আলোচনার টেবিলে বসে মতপার্থক্য দূর করা সম্ভব। তিনি বলেন, ‘তাই আসন্ন ত্রিপক্ষীয় বৈঠক থেকে আমি বড় ধরনের ইতিবাচক ফলাফলের আশা করছি।’

—রয়টার্সের প্রতিবেদন অবলম্বনে

এএম