কিমের সঙ্গে আবারও দেখা করার আগ্রহের কথা ট্রাম্প একাধিকবার জানিয়েছেন। সোমবার তিনি বলেন, চলতি সপ্তাহেই চীনে এই সাক্ষাৎ হতে পারে। অবশ্য আগেও এমন বৈঠকের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তা হয়নি এবং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা এর সম্ভাবনা কম বলেই জানিয়ে আসছিলেন।
তবে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের এক প্রতিবেদনে ক্রেমলিনের বরাত দিয়ে বলা হয়েছে, উত্তর কোরিয়ার নেতা চলতি সপ্তাহে শেনজেনে এপেক সম্মেলনে যোগ দিলে তার সঙ্গে পুতিনের বৈঠক হতে পারে। ক্রেমলিনের এই বক্তব্যের পরই হিসাব-নিকাশ বদলে গেছে।
উত্তর কোরিয়াবিষয়ক সাবেক মার্কিন জাতীয় গোয়েন্দা কর্মকর্তা এবং বর্তমানে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) বিশ্লেষক সিডনি সেলার বলেন, ‘কিম যে বৈঠকে যোগ দিতে যাচ্ছেন, সে বিষয়ে নিশ্চিত না হলে ক্রেমলিন এমন কথা বলত না। আমি বেশ আত্মবিশ্বাসী যে ভেতরে-ভেতরে কিছু একটা চলছে।’
সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তর কোরিয়ার কর্মকর্তাদের রাশিয়া ও চীন সফর এবং রুশ ও চীনা প্রতিনিধিদলের পিয়ংইয়ং সফরকেও এই সম্মেলনের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। এছাড়া গত মাসে চীনের সীমান্তবর্তী শহর দানদংয়ে আকস্মিক সফর করেন কিম। হপকিন্স-নানজিং সেন্টারের অধ্যাপক জন ডেলুরি বলেন, ‘এমন ছোটখাটো কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিম যদি শেনজেনে যান, তবে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলবেন।’
ট্রাম্প বলেছেন, এপেক সম্মেলনে উত্তর কোরিয়ার নেতার উপস্থিতির বিষয়টি শেষ পর্যন্ত চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওপর নির্ভর করছে। এপেক সচিবালয় জানিয়েছে, চীন ও তাদের আমন্ত্রিত অতিথিদের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল কিমকে এপেক সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে কি না। জবাবে মন্ত্রণালয় জানায়, এ বিষয়ে জানানোর মতো কোনো তথ্য তাদের কাছে নেই। বেইজিংয়ে উত্তর কোরিয়ার দূতাবাসও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
সাত বছর আগে ট্রাম্প ও কিমের সর্বশেষ শীর্ষ বৈঠকটি উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র সীমিত করা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছিল। উত্তর কোরিয়া বারবার ইঙ্গিত দিয়েছে যে আলোচনার টেবিল থেকে পারমাণবিক নিরস্ত্রীকরণের শর্ত বাদ না দিলে তারা সংলাপে ফিরতে রাজি নয়। ট্রাম্প এরই মধ্যে উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে উল্লেখ করেছেন, যদিও এ অঞ্চলের মার্কিন মিত্র ও পশ্চিমা দেশগুলো পিয়ংইয়ংকে এই স্বীকৃতি দিতে নারাজ।
সিডনি সেলার মনে করেন, এই বৈঠক হলে তা মূল আলোচনার চেয়ে প্রতীকী অর্থেই বেশি গুরুত্বপূর্ণ হবে। তবে আন্তর্জাতিকভাবে উত্তর কোরিয়াকে পারমাণবিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি আদায়ের পথে কিমের জন্য এটি একটি পদক্ষেপ হতে পারে। সেলার বলেন, ‘এটি রাতারাতি ঘটবে না, তবে কিম আশা করছেন শেষ পর্যন্ত বিশ্বকে ক্লান্ত করে তুলে উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে মেনে নিতে বাধ্য করবেন।’ আর ট্রাম্পের ক্ষেত্রে ‘কেবল সম্পর্ক গড়ার জন্যই এই বৈঠক করা’।
তবে এই বৈঠক আদৌ হবে কি না, তা নিয়ে সন্দিহান অনেকেই। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, কিমের সফরের জন্য চীন কোনো প্রস্তুতি নিচ্ছে এমন লক্ষণ খুব একটা দেখা যাচ্ছে না। তাছাড়া গত বছর দক্ষিণ কোরিয়ায় এপেক সম্মেলনে যাওয়ার আগেও ট্রাম্প একই ধরনের মন্তব্য করেছিলেন।
দক্ষিণ কোরিয়ার কিউংনাম ইউনিভার্সিটির ফার ইস্ট ইনস্টিটিউটের অধ্যাপক কিম দং-ইউপ বলেন, ছবি তোলার সুযোগ ছাড়া সেখানে গিয়ে কিমের পাওয়ার কিছু নেই। তিনি বলেন, ‘ধরা যাক তারা নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রস্তাব দিল। কিন্তু নিষেধাজ্ঞা তো এমনিতেই কাজ করছে না। ফলে কিমের পাওয়ার কিছু নেই। কেন তিনি সেখানে গিয়ে নিজেকে সম্ভাব্য অনিশ্চয়তার মুখে ঠেলে দেবেন?’ তার মতে, ক্রেমলিনের ওই মন্তব্য যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া সম্পর্কের চেয়ে বরং উত্তর কোরিয়ার ওপর রাশিয়ার প্রভাব দেখানোর বাগাড়ম্বর মাত্র। এদিকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, ট্রাম্প-কিম বৈঠকের সম্ভাবনা এখনো কম বলেই মনে করছে তারা।
বহুপক্ষীয় কোনো আয়োজনে কিম জং উনকে খুব কমই দেখা যায়। সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে বেইজিংয়ে এক সামরিক কুচকাওয়াজে পুতিনসহ দুই ডজনের বেশি দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি। সেবার কয়েক দিন আগেই উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কিমের অংশগ্রহণের কথা জানিয়েছিল এবং তিনি সাঁজোয়া ট্রেনে করে বেইজিংয়ে গিয়েছিলেন। তবে জন ডেলুরির ধারণা, কিম শেষ পর্যন্ত এপেক সম্মেলনে যোগ দিলে এয়ার চায়নার বিমানে করেই শেনজেনে যাবেন; যেমনটি তিনি ২০১৮ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে প্রথম শীর্ষ বৈঠকের জন্য সিঙ্গাপুর সফরের সময় করেছিলেন।
ট্রাম্প-কিম বৈঠকের সম্ভাবনার ওপর তীক্ষ্ণ নজর রাখছে দক্ষিণ কোরিয়া ও জাপান। দুই দেশের শীর্ষ নেতাই এপেক সম্মেলনে উপস্থিত থাকবেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিয়ং আশা প্রকাশ করেছেন, ট্রাম্প হয়তো কিমকে পুনরায় সংলাপে বসতে রাজি করাতে পারবেন। অন্যদিকে ১৯৭০ ও ১৯৮০-এর দশকে উত্তর কোরিয়ার হাতে অপহৃত জাপানি নাগরিকদের দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যুটি সমাধানের জন্য কিম জং উনের সঙ্গে শীর্ষ বৈঠকের চেষ্টা চালিয়ে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তবে টোকিওর সেই প্রস্তাব বরাবরই প্রত্যাখ্যান করে আসছে পিয়ংইয়ং।





