তাইওয়ান প্রশ্নের সমাধানকে চীনের কমিউনিস্ট পার্টির ‘অবিচল ঐতিহাসিক দায়িত্ব’ বলে উল্লেখ করেন শি। তিনি বলেন, ‘মাতৃভূমির পূর্ণ একীকরণ বাস্তবায়িত হতেই হবে এবং তা নিশ্চিতভাবেই বাস্তবায়িত হবে।’
বিপ্লবী নেতা সান ইয়াত-সেনের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শি এ ভাষণ দেন। সান ইয়াত-সেন ১৯১১ সালের বিপ্লবে নেতৃত্বে ভূমিকা রেখেছিলেন। ওই বিপ্লবে কয়েক শতাব্দী ধরে চলা সম্রাট-সম্রাজ্ঞীদের শাসনের অবসান ঘটে এবং চীন প্রজাতন্ত্রের সূচনা হয়।
চীন গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে। তাইপে এ দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করে আসছে। বেইজিং বহুবার ‘এক দেশ, দুই ব্যবস্থা’ মডেলের আওতায় স্বায়ত্তশাসনের প্রস্তাব দিয়েছে। তাইওয়ানের কোনো বড় রাজনৈতিক দলই এ মডেল সমর্থন করে না।
শি জিনপিংয়ের বক্তব্য প্রত্যাখ্যান করেছে তাইওয়ানের সরকার। দেশটির মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল বলেছে, সরকার বা তাইওয়ানের জনগণ কেউই ‘এক দেশ, দুই ব্যবস্থা’ মেনে নিতে পারে না। এর অর্থ শেষ পর্যন্ত কমিউনিস্ট পার্টির শাসনের অধীনে যাওয়া। কাউন্সিলের মুখপাত্র লিয়াং ওয়েন-চিয়েহ সাংবাদিকদের বলেন, ‘তাইওয়ানের একীকরণ নিয়ে ব্যবহৃত ভাষা অতীতের তুলনায় খুব একটা আলাদা নয়।’
শি বলেন, চীন শান্তিপূর্ণ একীকরণ এবং ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি মেনে চলে। ‘এক চীন’ নীতি বজায় রেখে তাইওয়ানের সঙ্গে আলোচনায়ও বেইজিং আগ্রহী বলে জানান তিনি। বেইজিংয়ের ‘এক চীন’ নীতি অনুযায়ী, তাইওয়ান প্রণালির দুই পাশ একই দেশের অংশ।
তাইওয়ানের মানুষসহ সব চীনাকে একজোট হয়ে তাইওয়ানের স্বাধীনতাকামী ‘বিচ্ছিন্নতাবাদী’ শক্তির বিরোধিতা করার আহ্বান জানান শি। একই সঙ্গে তাইওয়ান প্রণালির দুই পাশের সম্পর্ক শান্তিপূর্ণভাবে এগিয়ে নিতে কাজ করতে বলেন তিনি।
শি বলপ্রয়োগের কথা উল্লেখ করেননি। তবে তাইওয়ান ইস্যুতে বলপ্রয়োগের সম্ভাবনা চীন কখনোই নাকচ করেনি। চীনের সামরিক বাহিনী প্রতিদিন দ্বীপটির আশপাশে তৎপরতা চালায় এবং প্রশান্ত মহাসাগরে নিজেদের সামরিক উপস্থিতির পরিসর আরও বিস্তৃত করছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার থেকে তারা তাইওয়ানের আশপাশে ২৯টি চীনা সামরিক উড়োজাহাজ শনাক্ত করেছে। এসব উড়োজাহাজের মধ্যে জে-১৬ যুদ্ধবিমান ও ড্রোন ছিল। চীনা যুদ্ধজাহাজের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজগুলো ‘যৌথ যুদ্ধপ্রস্তুতি টহল’ চালাচ্ছিল বলে মন্ত্রণালয় জানায়।
চীনের দক্ষিণাঞ্চলীয় প্রযুক্তি কেন্দ্র শেনচেনে এপেক শীর্ষ সম্মেলনের ১ সপ্তাহ আগে শি এ ভাষণ দেন। ওই সম্মেলনে তার আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার কথা। তাইওয়ানের গুরুত্বপূর্ণ স্থানীয় নির্বাচনেরও ২ সপ্তাহের কিছু বেশি সময় আগে এ বক্তব্য দিলেন তিনি।
সেপ্টেম্বরে ওয়াশিংটনে রাষ্ট্রীয় সফরে গিয়ে শি ট্রাম্পকে তাইওয়ান ইস্যুতে ‘বিচক্ষণতা’ দেখাতে বলেন। দ্বীপটির স্বাধীনতার বিরোধিতা করতে যুক্তরাষ্ট্রের প্রতিও আহ্বান জানান তিনি।
এর আগে মে মাসে ওয়াশিংটন তাইওয়ানের ১ হাজার ৪০০ কোটি ডলারের অস্ত্র কেনা স্থগিত করেছিল। ট্রাম্প এ অস্ত্র কেনাকে চীনের সঙ্গে আলোচনায় ‘খুব ভালো দরকষাকষির হাতিয়ার’ বলে অভিহিত করেন। এতে আশঙ্কা তৈরি হয়, চীনের সঙ্গে দরকষাকষিতে তাইওয়ানের নিরাপত্তা ছাড় হিসেবে ব্যবহার করা হতে পারে।





