এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনা তদন্তে দুই কমিটি

এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনা তদন্তে গিয়েছেন বিরোধীদলীয় সংসদীয় কমিটি
দেশে এখন
0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে আলাদা দু’টি কমিটি। আজ (শুক্রবার, ১৩ নভেম্বর) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত চার সদস্যের তদন্ত কমিটি এবং বিকেলে বিরোধীদলীয় সংসদীয় কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেন।

বেলা ১১টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

এদিকে, অগ্নিকাণ্ডের কারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ প্রাথমিক তদন্তে শর্ট সার্কিটকে আগুনের কারণ হিসেবে পাওয়া যায়নি বলে জানান। একই বিষয়ে দৌলতপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী ব্যবস্থাপক তোফাজ্জল হকও জানান, শর্ট সার্কিটে আগুনের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন:

অন্যদিকে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের দেয়া বক্তব্যে প্রকৃত অপরাধীদের দায়মুক্তি দেয়ার সুযোগ তৈরি হচ্ছে বলে দাবি করেছে বিরোধীদলীয় সংসদীয় কমিটি। শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে কমিটির সদস্য মাহমুদা মিতু এমপি ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি গণমাধ্যমের কাছে এমন অভিযোগ তুলে ধরেন।

তবে এ ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল কাজ করছে বলে জানিয়েছেন ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন।

এর আগে, গত বুধবার (১১ নভেম্বর) মধ্যরাতে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা ঘটে। এনসিপির দাবি, পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) মধ্যরাতে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা, নাশকতাসহ বিভিন্ন ধারায় দৌলতপুর থানায় মামলা করেন নুসরাত তাবাসসুম।

এসএইচ