চুরির অপবাদে কিশোরীর শরীরে গরম পানি, ৪৮ দিন পর না ফেরার দেশে

নারায়ণগঞ্জ
নিহত কিশোরী
এখন জনপদে
অপরাধ
3

একটি বাটন মোবাইলফোন চুরির অপবাদে গরম পানিতে ঝলসে দেয়ার পর টানা ৪৮ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করেন নারায়ণগঞ্জের ১৩ বছরের কিশোরী আফরিন। তবে শেষ রক্ষা হলো না তার। আজ (শুক্রবার, ১৩ নভেম্বর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

নিহত আফরিন জেলার সোনারগাঁও উপজেলার মঙ্গলেরগাঁওয়ের কান্দাপাড়া এলাকার জাকির হোসেন ও রওশন আরার মেয়ে।

পরিবার ও মামলার সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর একটি বাটন মোবাইলফোন চুরির অপবাদে প্রতিবেশী মামা জাকির হোসেন ও তার স্ত্রী সোনিয়ার বিরুদ্ধে আফরিনের শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেয়ার অভিযোগ ওঠে। এতে তার শরীরের প্রায় ৩৫ শতাংশ পুড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসার পর বাড়িতেও তার চিকিৎসা চলছিলো। তবে দীর্ঘ ৪৮ দিন চিকিৎসা ও মৃত্যুর সঙ্গে দৃঢ় সংগ্রামের পরও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি তাকে।

আরও পড়ুন:

এ ঘটনায় আফরিনের পরিবারের পক্ষ থেকে সোনারগাঁও থানায় মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত মামা ও মামীসহ তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

আফরিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, এ ঘটনায় আগেই মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীর মৃত্যুর পর মামলায় হত্যাকাণ্ড-সংক্রান্ত ধারা সংযোজন করা হবে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

আফরিনের পরিবারের প্রত্যাশা, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে এবং তারা ন্যায়বিচার পাবেন।

এসএইচ