আন্তর্জাতিক আইনকে ‘অস্ত্র’ করার অভিযোগ রুবিওর, আইসিসিকে হুঁশিয়ারি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
বিদেশে এখন
0

আন্তর্জাতিক আইনকে ‘অস্ত্র হিসেবে ব্যবহার’ করার অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুক্রবার ওয়াশিংটনে এক সম্মেলনে তিনি বলেন, আইসিসি এমন আইন কার্যকর করতে চাইছে, যার প্রতি যুক্তরাষ্ট্রের সম্মতি নেই এবং যেগুলোকে দেশটি নিয়ন্ত্রণও করে না। টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রুবিও বলেন, আইসিসি আমেরিকানদের বিরুদ্ধে ‘তদন্ত, বিচার, নিপীড়ন ও কারাবন্দী’ করার ক্ষমতা দাবি করছে, অথচ আদালত কারও কাছে জবাবদিহি করে না। আইসিসি যদি আমেরিকানদের ওপর তার ‘কাগুজে আদেশ’ কার্যকর করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্রের জবাব সম্ভবত রোমান সেনাপতি পম্পেইর মতো হবে বলেও মন্তব্য করেন তিনি। পম্পেইর নামে রুবিও উদ্ধৃত করেন, ‘তলোয়ারধারীদের কাছে আইন উদ্ধৃত করা বন্ধ করো।’

রুবিওর ভাষ্য, ট্রাম্প প্রশাসনের প্রায় প্রতিটি বড় পররাষ্ট্রনীতির সিদ্ধান্তের বিরুদ্ধেই আন্তর্জাতিক আইন টেনে আনা হয়েছে। এর মধ্যে ক্যারিবীয় সাগরে নৌযানে হামলা থেকে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনাও রয়েছে। তার অভিযোগ, আন্তর্জাতিক আইন নিরপেক্ষ নয়; বিশ্ব অভিজাতদের স্বার্থ এগিয়ে নেয়ার হাতিয়ার হয়ে উঠেছে।

প্রায় এক মাস আগে যুক্তরাষ্ট্র আইসিসির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করে। আদালতের কার্যক্রম অচল করার অঙ্গীকারও করেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দীর্ঘদিন ধরে আইসিসির বিরোধিতা করে আসছে।

গাজায় ইসরাইল-হামাস যুদ্ধের সময় কথিত অপরাধের অভিযোগে আইসিসির বিচারকেরা ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আফগানিস্তানে মার্কিন সেনাদের কর্মকাণ্ড নিয়ে আইসিসির অতীতের তদন্তও ওয়াশিংটনের ক্ষোভের কারণ।

আইসিসি গুরুতর নৃশংসতার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচার করে। কোনো দেশে জবাবদিহি নিশ্চিত করার মতো যথেষ্ট আইনি ব্যবস্থা না থাকলে আদালতটি শেষ অবলম্বন হিসেবে কাজ করে। আইসিসি প্রতিষ্ঠার রোম সংবিধিতে যুক্তরাষ্ট্র স্বাক্ষর করলেও চুক্তিটি অনুমোদন করেনি। ইসরাইল, রাশিয়া ও চীনও আদালতটির সদস্য নয়।

রক্ষণশীল আইনজীবী সংগঠন ফেডারেলিস্ট সোসাইটির জাতীয় সম্মেলনে মূল বক্তব্য দেন রুবিও। সেখানে উপস্থিত ব্যক্তিরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে অভ্যর্থনা জানান। চলতি মাসের শুরুতে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর এটি ছিল যুক্তরাষ্ট্রে রুবিওর প্রথম বড় ভাষণ।

আইনজীবীদের সম্মেলনে রুবিওর বক্তব্য দেয়া তার পররাষ্ট্রনীতির দায়িত্বের বাইরেও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভাবছেন কি না, সে জল্পনা বাড়াতে পারে। অতীতের প্রেসিডেন্ট পদপ্রার্থীরাও এ সম্মেলনে বক্তব্য দিয়েছেন। ট্রাম্পের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে রুবিওর নাম আলোচনায় থাকলেও ২০২৮ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিতে প্রশাসন ছাড়ার পরিকল্পনার খবর তিনি নাকচ করেছেন।

এএম