৭২ ঘণ্টার জরুরি রসদ মজুতের আহ্বান ব্রিটিশ সরকারের, নেপথ্যে কী?

সুপারশপে বিক্রির জন্য রাখা স্যুপের কৌটা
বিদেশে এখন
0

ব্রিটিশ সরকারের বি রেডি (প্রস্তুত থাকুন) কর্মসূচির কারণে দেশটিতে টিনজাত পণ্য কেনার হিড়িক পড়েছে। এটি করোনাভাইরাস মহামারির সময়ের স্মৃতি ফিরিয়ে এনেছে, যখন সুপারমার্কেটগুলোতে টয়লেট পেপারের তীব্র সংকট দেখা দিয়েছিল এবং অনলাইন বিক্রেতারা পণ্যের দাম বাড়িয়ে দিয়েছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক বিশ্লেষণে ব্রিটিশ সরকারের এই কর্মসূচির আদ্যোপান্ত তুলে ধরা হয়েছে।

গত ২২ অক্টোবর ইংল্যান্ড ও ওয়েলসের নাগরিকদের জাতীয় জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে এই কর্মসূচি চালু করা হয়। খুচরা বাজার গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডপ্যানেল বাই নিউমারেটরের তথ্যানুযায়ী, কর্মসূচি চালুর পর ১০ দিনে বোতলজাত পানির বিক্রি ৬৭ শতাংশ, টিন ও বয়ামজাত খাবারের বিক্রি ৩৭ শতাংশ এবং হ্যান্ড স্যানিটাইজারের বিক্রি ৮৩ শতাংশ বেড়েছে। বেশ কয়েকটি খুচরা বিক্রয়কেন্দ্রে দম দেয়া রেডিও (উইন্ড-আপ রেডিও), টর্চলাইট ও পাওয়ার ব্যাংকও ফুরিয়ে গেছে।

এই কর্মসূচির অন্যতম প্রধান মুখ ব্রিটিশ প্রতিরক্ষা সেক্রেটারি ওয়েস স্ট্রিটিং বলেছেন, সরকার চায় মানুষ আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুক। কিন্তু এই বি রেডি কর্মসূচি আসলে কী, কেনই-বা এখন এটি চালু করা হলো এবং এটি কি আসলেই জরুরি?

বি রেডি কর্মসূচি কী?

বি রেডি হলো যুক্তরাজ্যের ক্যাবিনেট অফিসের পরিচালিত তিন বছর মেয়াদি একটি জনসচেতনতামূলক প্রচারণা কর্মসূচি। গত ২২ অক্টোবর এর প্রথম ধাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

জাতীয় জরুরি পরিস্থিতিতে বিদ্যুৎ, পানি, টেলিফোন ও ইন্টারনেট সেবা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়লে ইংল্যান্ড ও ওয়েলসের পরিবারগুলো যেন নিজেদের চেষ্টায় ৭২ ঘণ্টা টিকে থাকতে পারে, তা নিশ্চিত করতে বলছে সরকার। এর মূল উদ্দেশ্য হলো, জরুরি সেবা সংস্থাগুলো যেন সে সময় সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন এমন মানুষদের দিকে মনোযোগ দিতে পারে।

কর্মসূচির ওয়েবসাইটে প্রয়োজনীয় জিনিসের একটি তালিকা দেয়া হয়েছে। এর শুরুতেই রয়েছে বোতলজাত পানি এবং ফ্রিজে রাখার প্রয়োজন হয় না এমন দীর্ঘস্থায়ী খাবার, যেমন টিনজাত খাবার, শুকনা ফল ও বাদাম। এছাড়া টর্চলাইট, অতিরিক্ত ব্যাটারি, চার্জ দেয়া পাওয়ার ব্যাংক এবং দম দেয়া বা ব্যাটারিচালিত রেডিও রাখার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি কার্ডে লেনদেন বন্ধ হয়ে গেলে ব্যবহারের জন্য নগদ অর্থ, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম (ফার্স্ট এইড কিট), প্রয়োজনীয় ওষুধ, গরম কাপড় এবং কম্বল হাতের কাছে রাখতে বলা হয়েছে।

নতুন এই ওয়েবসাইটটি ইংল্যান্ড ও ওয়েলসের জন্য প্রযোজ্য। স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের নাগরিকেরা যথাক্রমে রেডি স্কটল্যান্ড এবং এনআই ডিরেক্টের মাধ্যমে নিজস্ব নির্দেশনা পেয়ে থাকেন। দাতব্য সংস্থা, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ধর্মীয় ও সামাজিক সংগঠনসহ ৫০০টির বেশি সংস্থা এই বার্তা ছড়িয়ে দিতে যুক্ত হয়েছে। পরিবারের প্রস্তুতি সংক্রান্ত সরকারি নির্দেশনা ২০২৪ সালের মে মাস থেকেই ছিল, তবে মানুষ যেন তা মেনে চলে সে জন্য নতুন করে এই উদ্যোগ নেয়া হয়েছে।

কেন এই উদ্যোগ?

আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির মূল লক্ষ্য হলো ঝড়, বন্যা, দাবানল এবং পানির পাইপ ফেটে যাওয়ার মতো সাধারণ জরুরি পরিস্থিতিগুলো যেন পরিবারগুলো সামাল দিতে পারে তা নিশ্চিত করা। চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যজুড়ে কয়েক মাসের তাপপ্রবাহ, খরা ও অগ্নিকাণ্ডের পর এই কর্মসূচি চালু করা হলো।

ব্রিটিশ নাগরিকেরা নিজেদের কতটা অপ্রস্তুত মনে করেন, সরকার সে বিষয়টিও সামনে এনেছে। চলতি বছর ক্যাবিনেট অফিসের এক জরিপে দেখা গেছে, মাত্র ১৩ শতাংশ মানুষ মনে করেন তাদের পরিবার জরুরি পরিস্থিতির জন্য অনেকটা বা পুরোপুরি প্রস্তুত। অন্যদিকে ৮৪ শতাংশ মানুষ সরকারের কাছ থেকে আরও পরামর্শ চেয়েছেন।

স্বতন্ত্র গবেষণাতেও একই চিত্র উঠে এসেছে। বোর্নমাউথ বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের ইএম-প্রিপেয়ার প্রকল্পের আওতায় ২০২৫ সালে ৯৩১ জনের ওপর একটি জরিপ চালানো হয়। এতে দেখা যায়, মাত্র ৫২ শতাংশ মানুষ মনে করেন তারা নিজেদের সামনে থাকা ঝুঁকিগুলো বোঝেন এবং ২১ শতাংশ জানিয়েছেন তারা ঝুঁকি সম্পর্কে মোটেও অবগত নন। একই গবেষণায় দেখা গেছে, ৮১ শতাংশ মানুষ প্রস্তুতির জন্য আরও কাজ করতে আগ্রহী।

গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যের সরকারি ব্যয় নজরদারি সংস্থা ন্যাশনাল অডিট অফিস দেশটির খাদ্য সরবরাহ শৃঙ্খলের সামনে থাকা হুমকি নিয়ে সতর্ক করেছিল। এর পেছনে নিরাপত্তার পটভূমিও রয়েছে। মন্ত্রীরা গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর সাইবার হামলা এবং শত্রুভাবাপন্ন রাষ্ট্রের তৎপরতার ঝুঁকির সঙ্গে এই কর্মসূচির সংযোগ দেখিয়েছেন। রিমেমব্রেন্স ডেতে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী লর্ড কোকার বলেন, জরিপে উঠে আসা ১৩ শতাংশের ওই হিসাবটির কারণেই এই কর্মসূচি চালু করা হয়েছে।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও তাল মেলাচ্ছে যুক্তরাজ্য। ২০২৫ সালের মার্চে গৃহীত ইউরোপীয় কমিশনের প্রিপেয়ার্ডনেস ইউনিয়ন স্ট্র্যাটেজিতে মানুষজনকে অন্তত ৭২ ঘণ্টা একা টিকে থাকার সক্ষমতা অর্জনের পরামর্শ দেয়া হয়েছে। সুইডেন ২০২৪ সালের নভেম্বরে বাসাবাড়িতে সংকট মোকাবিলার প্রস্তুতি সংক্রান্ত ৫২ লাখ পুস্তিকা পাঠিয়েছে। ফিনল্যান্ড, পোল্যান্ড এবং চেক প্রজাতন্ত্রও একই ধরনের কর্মসূচি পরিচালনা করছে।

জনসাধারণের সাড়া কেমন?

ইংল্যান্ড ও ওয়েলসের ক্রেতারা বেশ দ্রুত ও উৎসাহের সঙ্গে সাড়া দিয়েছেন। সুপারমার্কেট চেইন আইসল্যান্ড জানিয়েছে, প্রথম সপ্তাহান্তে তাদের টিনজাত পণ্যের বিক্রি ৪০ শতাংশ বেড়েছে। টিনজাত খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রিন্সেস টুনা মাছ, মাংস ও সবজির ব্যাপক চাহিদার কথা জানিয়েছে। ওয়ার্ল্ডপ্যানেলের তথ্যানুযায়ী, কর্মসূচি চালুর পরপরই প্রতিদিন অতিরিক্ত ৪ লাখ মানুষের সমপরিমাণ ক্রেতা টিনজাত মাংস কিনেছেন।

এদিকে মেটাল প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের অংশ ক্যানড ফুড ইউকে টিভি শেফ ও লেখক থিও মাইকেলসকে নিয়ে একটি ভোক্তা প্রচারণা শুরু করেছে। সেখানে টিনজাত খাবার দিয়ে সুস্বাদু রান্নার কৌশল দেখাচ্ছেন তিনি।

কেনাকাটার এই হিড়িক খাবারের দোকানের বাইরেও ছড়িয়েছে। ইলেকট্রনিকস খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ম্যাপলিন জানিয়েছে, কয়েক দিনের মধ্যে টর্চলাইটের বিক্রি ২৮৪ শতাংশ, রেডিওর বিক্রি ৯২ শতাংশ এবং পাওয়ার ব্যাংকের বিক্রি ১০৬ শতাংশ বেড়েছে। হার্ডওয়্যার স্টোর গ্রুপ রবার্ট ডায়াস রেডিও বিক্রি ১৬০ শতাংশ বাড়ার কথা জানিয়েছে এবং তাদের বিভিন্ন বিক্রয়কেন্দ্রে দম দেয়া রেডিওর অন্তত সাতটি মডেল পুরোপুরি বিক্রি হয়ে গেছে।

তবে কর্মসূচির মূল বিষয়ের চেয়ে এর ধরন নিয়ে সমালোচনা হয়েছে বেশি। বিবিসির কোশ্চেন টাইম অনুষ্ঠানে দর্শক সারি থেকে একজন প্রতিরক্ষা সেক্রেটারি স্ট্রিটিংয়ের বিরুদ্ধে আতঙ্ক ছড়ানোর অভিযোগ তোলেন এবং সতর্ক করেন যে এই পরামর্শ আতঙ্কিত হয়ে কেনাকাটাকে (প্যানিক বায়িং) উসকে দেবে। জবাবে স্ট্রিটিং বলেন, দাবানল, বন্যা এবং বরফে পাইপ জমে যাওয়ার মতো প্রাত্যহিক হুমকি মোকাবিলার জন্যই এই কর্মসূচি।

বিরোধী দলের নেতারা মূলত এই নীতিকে মেনে নিয়েছেন। কনজারভেটিভ পার্টির ছায়া পররাষ্ট্র সেক্রেটারি টম টুগেনধাত এই পরামর্শকে পুরোপুরি যৌক্তিক বলে অভিহিত করেছেন।

তবে এই প্রস্তুতির দায়ভার কার বহন করা উচিত, তা নিয়ে বিশ্লেষক ও দাতব্য সংস্থাগুলোর মধ্যে মতভেদ দেখা দিয়েছে। কর্মসূচির অংশীদার ব্রিটিশ রেড ক্রস এটিকে সমর্থন দিয়ে বলেছে, সাধারণ কিছু প্রস্তুতি মানুষকে তাদের বন্ধু, পরিবার ও প্রতিবেশীদের সহায়তা করতে সাহায্য করে। কিন্তু ১৮০ জনের বেশি বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, কৃষক ও কমিউনিটি খাদ্য নেতারা এক খোলা চিঠিতে সতর্ক করে বলেছেন, ২৯ শতাংশ ব্রিটিশ নাগরিকের তিন দিনের খাবার মজুত করার সামর্থ্য নেই। ব্যক্তিগতভাবে পরিবারের সক্ষমতার ওপর নির্ভর না করে জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে খাদ্যভান্ডার গড়ে তোলার জন্য মন্ত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

জরুরি পরিস্থিতির জন্য ব্রিটিশ পরিবারগুলো কতটা প্রস্তুত?

গত ২ নভেম্বর জনসাধারণের প্রস্তুতির বিষয়ে তথ্য-প্রমাণ নেয় পার্লামেন্টের জয়েন্ট কমিটি অন দ্য ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি। সেখানে সাক্ষ্য দেন বোর্নমাউথ বিশ্ববিদ্যালয়ের সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক লি মাইলস, যিনি পরিবারের সক্ষমতা নিয়ে ইএম-প্রিপেয়ার গবেষণাটি পরিচালনা করেছিলেন।

তার গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ৭৫ শতাংশ পরিবারেরই বড় কোনো ব্যবস্থা নেই এবং প্রায় ৬৯ শতাংশ মানুষ নিজেদের প্রস্তুতি বাড়াতে এক দিনের বেশি সময় ব্যয় করতে রাজি নন।

কমিটিকে মাইলস বলেন, মূল চ্যালেঞ্জটি হলো সচেতনতা বাড়ানোর পর্যায় থেকে মানুষকে কাজে নামতে সহায়তা করার পর্যায়ে নিয়ে যাওয়া। তিনি বলেন, ‘বি রেডি কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটিকে বাস্তবেই প্রস্তুত থাকার কর্মসূচিতে রূপান্তর করা।’ স্থানীয় সহায়তা সংস্থাগুলোকে আরও দায়িত্ব দেয়া হলে তাদের পর্যাপ্ত তহবিল দিতে হবে বলেও এমপিদের সতর্ক করেন মাইলস। তিনি বলেন, ‘অন্যথায় আপনারা তাদের বিভিন্ন দিক থেকে ব্যর্থতার মুখে ঠেলে দেবেন; তাদের যা করার কথা তা তারা দিতে পারবে না।’

এসব প্রস্তুতি কি আসলেই জরুরি?

সমর্থকেরা বলছেন, সরকারের এই পরামর্শ পরিমিত এবং এটি আরও আগেই দেয়া উচিত ছিল। ইউরোপের বেশিরভাগ দেশে তিন দিনের রসদ মজুত রাখা একটি স্বাভাবিক মানদণ্ড। তাছাড়া ২০২৫ সালে আইবেরিয়ান অঞ্চলের বিদ্যুৎ বিপর্যয় দেখিয়ে দিয়েছে যে এটিএম বুথ, কার্ডে লেনদেন এবং মোবাইল নেটওয়ার্ক কত দ্রুত অচল হয়ে পড়তে পারে।

সে সময় স্পেন, পর্তুগাল এবং দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের কিছু অংশে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছিল। এতে গণপরিবহন অচল হয়ে পড়ে, তীব্র যানজট দেখা দেয়, ফ্লাইট বিলম্বিত হয় এবং বাসিন্দারা এটিএম বুথ থেকে নগদ অর্থ তুলতে ব্যর্থ হন। পরিস্থিতি সামাল দিতে এবং বৈদ্যুতিক গ্রিড সচল করতে সেবা সংস্থা ও কর্তৃপক্ষকে হিমশিম খেতে হয়েছিল।

সমর্থকদের যুক্তি, প্রতি আটজন ব্রিটিশ নাগরিকের মধ্যে মাত্র একজন নিজেদের প্রস্তুত মনে করেন। তাই সংকটের সময় আতঙ্কিত হয়ে প্রচারণা চালানোর চেয়ে এখন শান্তভাবে প্রচারণা চালানো ভালো। খুচরা বাজারের তথ্য বলছে, এখন পর্যন্ত বেশিরভাগ মানুষ শান্তভাবেই সাড়া দিয়েছেন।

তবে বার্তা পৌঁছানোর বিষয়টি কেন গুরুত্বপূর্ণ, তা বোর্নমাউথের গবেষণায় উঠে এসেছে। জরিপে অংশ নেয়া পরিবারগুলোর ৩৫ শতাংশ মনে করে, ঘরের ভেতরের দুর্ঘটনাই তাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে। অন্যদিকে মাত্র ৫ শতাংশ মানুষ যুদ্ধ ও সংঘাতকে এবং ৪ শতাংশ মানুষ সন্ত্রাসবাদকে সম্ভাব্য ঝুঁকি হিসেবে উল্লেখ করেছেন। এ কারণে পরিবারগুলোর সক্ষমতা বাড়াতে শিক্ষার পাশাপাশি জনসাধারণের কাছে আরও সুনির্দিষ্টভাবে ঝুঁকির বার্তা পৌঁছানোর আহ্বান জানিয়েছেন অধ্যাপক মাইলস।

—আল জাজিরার প্রতিবেদন অবলম্বনে

এএম