ইয়েমেনের ১২ দিনে হুথির হামলায় নিহত ৫১, আহত ৮৫

ইয়েমেনে হামলার পর উড়ছে ধোঁয়ার কুণ্ডলী
বিদেশে এখন
0

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ তায়েজে গত ১২ দিনে হুথিদের হামলায় ৫১ জন বেসামরিক নাগরিক নিহত ও ৮৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির একটি মানবাধিকার কেন্দ্র। নিহত ব্যক্তিদের মধ্যে ১৩টি শিশু ও তিনজন নারী রয়েছেন। আর আহত ৮৫ জনের মধ্যে ৩০টি শিশু ও ১৬ জন নারী।

তায়েজ হিউম্যান রাইটস সেন্টার শনিবার এক বিবৃতিতে জানায়, ১ থেকে ১২ নভেম্বরের মধ্যে এসব হতাহতের ঘটনা ঘটে। ব্যালিস্টিক মিসাইল, আর্টিলারি গোলা, স্নাইপার ফায়ার, বন্দুকযুদ্ধ ও ল্যান্ডমাইনের মাধ্যমে এসব হামলা চালানো হয়।

কেন্দ্রটির তথ্যমতে, আল-মিসরাখ জেলার আল-নাজদ বাজার, হাইফান জেলার আল-আথাওয়ার গ্রাম এবং আল-ওয়াজিয়াহ জেলার আল-হাদারা জনপ্রিয় বাজার লক্ষ্য করে চালানো তিনটি হামলায় মোট ৪৩ জন বেসামরিক লোক নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, হুথিদের হামলার মধ্যে বেসামরিক লোক অপহরণ, বাড়িতে অভিযান ও ধ্বংসযজ্ঞ, সম্পত্তি, স্বাস্থ্য ও শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার মতো ঘটনাও রয়েছে। তবে এসব পরিসংখ্যান নিয়ে হুথিদের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ‘অপারেশন ডন অব ইয়েমেন’–এর লক্ষ্য অর্জনে তাদের অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে তারা বেসামরিক নাগরিক ও অবকাঠামো রক্ষায় পদক্ষেপ নেয়ার কথাও জানিয়েছে। প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি জানান, হুথিদের নিয়ন্ত্রণ থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার এবং রাজধানী সানা পুনর্দখলের লক্ষ্যে ৫ অক্টোবর এই অপারেশন শুরু হয়।

গত জুলাই থেকে তায়েজ প্রদেশে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে লড়াই তীব্র হয়েছে। প্রদেশটি বাব-এল-মান্দেব প্রণালির কাছে অবস্থিত। এই উত্তেজনার ফলে ২০২২ সালের এপ্রিলে শুরু হওয়া আপেক্ষিক শান্ত সময় শেষ হয়ে গেছে এবং দেশটির মানবিক সংকট আরও প্রকট হয়েছে।

২০১৪ সাল থেকে সানা ও অন্যান্য কয়েকটি প্রদেশ নিয়ন্ত্রণ করছে হুথিরা। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।

—আনাদোলুর প্রতিবেদনে অবলম্বনে

এএম