দক্ষিণ চীন সাগর নিয়ে বেইজিংয়ের সঙ্গে আসিয়ানভুক্ত দেশগুলোর বিরোধ চলে আসছে দুই দশকেরও বেশি সময় ধরে। এই অঞ্চলের বেশিরভাগ অংশের ওপর নিজেদের কর্তৃত্ব দাবি করে আসছে চীন। অন্যদিকে, ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স ও ভিয়েতনাম এই অংশে নিজেদের বিশেষ অর্থনৈতিক অঞ্চল দাবি করে। ফিলিপিন্সের অভিযোগ, চীনা জাহাজগুলো তাদের অর্থনৈতিক অঞ্চলে বিপজ্জনক মহড়া ও সামরিক কার্যক্রমসহ আগ্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। চীনের ব্যাপক দাবির কোনো আন্তর্জাতিক ভিত্তি নেই বলে ২০১৬ সালে আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনাল রায় দেয়। যদিও বেইজিং তা প্রত্যাখ্যান করেছে।
২০২২ সালে ফিলিপিন্সের ক্ষমতায় প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস ক্ষমতায় আসার পর উত্তেজনা আরও বেড়ে যায়। সমুদ্রপথে সম্প্রতি দুই দেশের মধ্যে কয়েক মাস ধরে তীব্র বাক্যবিনিময় চলে। এমন অবস্থায় উত্তেজনা ও সামুদ্রিক কমাতে একটি কার্যকর আচরণবিধি অপরিহার্য হয়ে দাঁড়ায়। যা চীনকে এই অঞ্চলে সংযত আচরণ করতে বাধ্য করবে।
ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলনে চীনের সঙ্গে একটি খসড়া চুক্তির প্রায় ৮০ শতাংশ বিষয়ে আসিয়ান নেতারা ঐকমত্যে পৌঁছেছেন বলে জানিয়েছেন ফিলিপিন্সের পররাষ্ট্রমন্ত্রী। তবে দক্ষিণ চীন সাগর উত্তেজনা কমাতে আচরণবিধি নিয়ন্ত্রণে একমত হতে পারলেন না নেতারা।
ফিলিপিন্সের পররাষ্ট্রমন্ত্রী থেরেসা লাজারো বলেন, ‘দক্ষিণ চীন সাগরে পক্ষসমূহের আচরণবিধি সংক্রান্ত ঘোষণাপত্রের পক্ষগুলো একটি খসড়া চুক্তির প্রায় ৮০ শতাংশ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। যদিও এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। সব প্রতিনিধিদলের নিষ্ঠা ও গঠনমূলক অংশগ্রহণ সম্মেলনকে উজ্জীবিত করেছে।’
৪৯তম আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে ম্যানিলায় পৌঁছান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। সম্মেলনে যোগ দিয়ে চীনের প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও চীন এবং দক্ষিণ-পূর্ব এশিয় দেশগুলোর মধ্যে সহযোগিতা শক্তিশালী ও স্থিতিশীল রয়েছে। বাণিজ্য বৃদ্ধিসহ বিভিন্ন প্রকল্প আলোর মুখ দেখেছে। তবে দক্ষিণ চীন সাগর নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বলেন, ‘চীন ও আসিয়ান জোট উভয়ই অর্থনৈতিক বিশ্বায়ন এবং আঞ্চলিক সহযোগিতার দীর্ঘদিনের সমর্থক ও অবদানকারী। যদিও বিশ্বজুড়ে অর্থনৈতিক ও বাণিজ্য বিধিনিষেধ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তারপরও বহুপাক্ষিকতা রক্ষা ও মুক্ত বাণিজ্য প্রসারে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং সহযোগিতার পরিধি সম্প্রসারণের জন্য সচেষ্ট রয়েছে চীন।’
এদিকে, শীর্ষ সম্মেলনে অংশগ্রহণে মিয়ানমারের নেতাদের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর হামলা অব্যাহত রাখায় মিয়ানমারের সামরিক বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিন্দা জানিয়েছেন আসিয়ান নেতারা। তাদের অভিযোগ, ২০২১ সালের ৫ দফা শান্তি পরিকল্পনা মেনে চলতে ব্যর্থ হয়েছে মিয়ানমার। ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস বলেন, যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে সহিংসতা অবিলম্বে বন্ধের পরিকল্পনায় অটল আসিয়ান নেতারা।
ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস বলেন, ‘মিয়ানমারের পাঁচ-দফা ঐকমত্যের বাস্তবায়নকে কীভাবে আরও এগিয়ে নেয়া যায় এই বিষয়ে অধিবেশনটি খুব গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ের বাস্তবতার সঙ্গে আসিয়ান জোটের প্রচেষ্টা এগিয়ে নিতে হবে। একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক বাস্তবসম্মত ও দূরদর্শী আলোচনার পথ প্রশস্ত করবে। একের পর এক সংকটের মধ্যও, এর লক্ষ্য বাস্তবায়ন করতে হবে।’
৪৯তম আসিয়ান শীর্ষ সম্মেলন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। মিয়ানমার ও দক্ষিণ চীন সাগরের ইস্যু ছাড়াও মধ্যপ্রাচ্য সংঘাতে অর্থনৈতিক প্রভাব, আন্তঃসীমান্ত দূষণের মতো বিষয়গুলো বৈঠকে উঠে আসবে। এছাড়া, যুক্তরাষ্ট্র, জাপানসহ প্রধান শক্তিগুলোর নেতাদের সঙ্গেও আলোচনা করবেন আসিয়ান নেতারা।





