এপস্টেইনকে কারাগারে হত্যার দাবি ফরেনসিক বিশেষজ্ঞদের

এপস্টিন-সংক্রান্ত নথিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত তারিখবিহীন কিছু ছবি
বিদেশে এখন
0

কারা হেফাজতে থাকা অবস্থায় বিতর্কিত অর্থলগ্নিকারী জেফরি এপস্টেইনকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে নতুন এক প্রতিবেদনে দাবি করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। তবে নিউ ইয়র্ক সিটির প্রধান মেডিকেল পরীক্ষকের দপ্তর তাদের আগের সিদ্ধান্তেই অনড় থেকে বলেছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন এপস্টেইন।

২০১৯ সালের ১০ আগস্ট নিউ ইয়র্ক সিটির মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারের একটি কক্ষ থেকে এপস্টেইনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সে সময় তিনি আত্মহত্যা প্রতিরোধী বিশেষ নজরদারিতে ছিলেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া এক বিবৃতিতে নিউ ইয়র্ক সিটির প্রধান মেডিকেল পরীক্ষকের দপ্তর জানিয়েছে, এপস্টেইন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে তারা যে সিদ্ধান্ত দিয়েছিল, এখনো তার ওপরই অটল রয়েছে।

তবে সোমবার লন্ডনে উপস্থাপিত এক গবেষণাপত্রের লেখকেরা বলেছেন, সেখানে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই গবেষক দলে রয়েছেন ফরেনসিক মেডিসিন এপিডেমিওলজির গবেষক ও পরামর্শক মাইকেল ফ্রিম্যান, সুইডেনের উমেয়া ইউনিভার্সিটির ফরেনসিক প্যাথলজিস্ট ও ফরেনসিক মেডিসিনের অধ্যাপক আন্ডার্স এরিকসন এবং কগনিটিভ নিউরোসায়েন্টিস্ট ও গবেষক ইতিয়েল দ্রর।

উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়েছে, এপস্টেইনের শরীর ছিল প্রায় অক্ষত এবং ফাঁস লাগার দাগ ছাড়া শরীরের কোথাও কোনো আঘাত বা কালশিরার চিহ্ন ছিল না। পুরো ময়নাতদন্তের নথি পর্যালোচনা এবং ঘটনার পুনর্নির্মাণ শেষে লেখকেরা দাবি করেছেন, এপস্টেইনের আঘাতের ধরন ধস্তাধস্তি ও হামলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং তাকে হত্যা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘গলার দাগগুলো পেছন থেকে শ্বাসরোধ করে হত্যার ঘটনার সঙ্গেই সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ। সম্ভবত সরু ও গিঁট দেয়া কাপড়ের কোনো ফাঁস ব্যবহার করে এই কাজ করা হয়েছে।’

যৌন নিপীড়নের দায়ে দণ্ডিত এপস্টেইনের মৃত্যুর এক সপ্তাহ পর প্রাথমিক ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ করা হলে তার আইনজীবীরা সেই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন এবং কারাগারের ভেতরের ঘটনাটি আরও নিবিড়ভাবে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছিলেন। পরে এফবিআই এবং মার্কিন বিচার দপ্তরের মহাপরিদর্শক যৌন পাচারে অভিযুক্ত এই ব্যক্তির মৃত্যুর পারিপার্শ্বিক বিষয়গুলো তদন্ত করে দেখে। এ বিষয়ে মন্তব্যের জন্য এপস্টেইনের সাবেক এক আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন।

এপস্টেইনের মৃত্যু আত্মহত্যা ছিল কি না, তা নিয়ে জনমনে দীর্ঘদিন ধরেই সন্দেহ রয়েছে। সোমবারের এই প্রতিবেদন সেই সন্দেহকেই আবার সামনে নিয়ে এসেছে। লেখকদের দাবি, এই সংশয় যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে আছে এবং তার মৃত্যু ঘিরে নানা ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দিয়েছে।

অপ্রাপ্তবয়স্ক ডজনখানেক মেয়েকে যৌন নিপীড়ন ও যৌন পাচার চক্র পরিচালনার অভিযোগে ২০১৯ সালে এপস্টেইনের বিরুদ্ধে মামলা করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০০২ থেকে ২০০৫ সালের মধ্যে নিউ ইয়র্কের আপার ইস্ট সাইডের বাসভবন এবং পাম বিচের এস্টেটে ১৪ বছর বয়সী কিশোরীদেরও শত শত ডলার নগদ অর্থ দিয়ে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করতেন তিনি।

গত এক বছরে বেশ কয়েক দফায় এপস্টেইন-সংশ্লিষ্ট নথিপত্র প্রকাশ করা হয়েছে। সর্বশেষ গত নভেম্বরে স্বচ্ছতা নিশ্চিত এবং সব নথি প্রকাশের দাবিতে মার্কিন কংগ্রেসে একটি আইন পাস হয়। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন পদক্ষেপ নিতে বাধ্য হয় এবং বিচার দপ্তর ইমেইল, খুদেবার্তা ও ছবিসহ লাখ লাখ নথি প্রকাশ করে।

এসব নথিতে এপস্টেইনের কাছে ব্ল্যাকমেইল করার মতো কোনো মক্কেলদের তালিকা থাকার ষড়যন্ত্র তত্ত্বের সত্যতা মেলেনি। তবে যুক্তরাষ্ট্র ও বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ ব্যবসায়ী, শতকোটিপতি, রাজপরিবারের সদস্য, সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে এপস্টেইনের অস্বস্তিকর সম্পর্কের নানা তথ্য সামনে আসায় বিশ্বজুড়ে ক্ষমতাধর অনেকেই বিড়ম্বনায় পড়েছেন।

হত্যাকাণ্ড বিশ্লেষণকারী ফরেনসিক বিজ্ঞানী মাইকেল ফ্রিম্যান মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এপস্টেইনকে কে হত্যা করে থাকতে পারে সে সম্পর্কে তার কোনো ধারণা নেই এবং তা নিয়ে তার কোনো মাথাব্যথাও নেই। তার মূল মনোযোগ ছিল মৃত্যুর তদন্ত এবং ময়নাতদন্ত প্রতিবেদনের ত্রুটিগুলোর দিকে। পত্রিকাটিকে তিনি বলেন, ‘আমার একমাত্র আগ্রহের বিষয় হলো, পুরো তদন্ত প্রক্রিয়াটি কীভাবে এতটা উল্টো পথে গেল?’

—সিএনএনের প্রতিবেদনে অবলম্বনে

এএম