দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত অন্তত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত অন্তত ১৭
বিদেশে এখন
0

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। দেশটির পুলিশ জানিয়েছে, পিটারমারিটজবার্গ শহরের কাছে আটজন পুরুষ এবং রাজধানী প্রিটোরিয়ার কাছে তিন নারী ও ছয় পুরুষকে গুলি করে হত্যা করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পুলিশ জানায়, রোববার গভীর রাতে পিটারমারিটজবার্গ শহরের বাইরে সুইটওয়াটার্স এলাকায় গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া একটি গাড়ির ভেতর থেকে আটজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। এর কয়েক ঘণ্টা পর রাজধানী প্রিটোরিয়ার কাছে জেফসভিল নামের একটি অস্থায়ী বসতির ঘর থেকে গুলিবিদ্ধ অবস্থায় ছয় পুরুষ ও তিন নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রায় ৫৩০ কিলোমিটার (৩৩০ মাইল) দূরত্বে ঘটা এই দুটি হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো জানা যায়নি বলে সোমবার জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার জাতীয় পুলিশ কমিশনার ফ্যানি মাসেমোলা। তিনি বলেন, ‘একের পর এক যেসব নির্বিচার গুলির মুখোমুখি আমরা হচ্ছি, তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। যেভাবেই হোক আমাদের এই অপরাধীদের খুঁজে বের করতে হবে। জনমনে আতঙ্ক ছড়াতে কিংবা মানুষের জীবনযাত্রা নিয়ন্ত্রণ করতে আমরা তাদের দিতে পারি না।’

দক্ষিণ আফ্রিকায় দীর্ঘদিন ধরেই সহিংস অপরাধের হার অনেক বেশি। তবে সম্প্রতি দেশটিতে নির্বিচার গুলিতে প্রাণহানির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। প্রিটোরিয়া থেকে আল জাজিরার প্রতিনিধি ক্লেমেন্ট মানিয়াথেলা জানিয়েছেন, ওই হত্যাকাণ্ডের পর থেকে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। চার কক্ষের ওই ঘরটিতে মধ্যরাতের ঠিক আগে হত্যাকাণ্ডটি ঘটে। এক শিশু তার স্বজনকে খুঁজতে ওই ঘরে ঢুকলে মরদেহগুলো দেখতে পায়। প্রকৃত ঘটনা উদঘাটনে ফরেনসিক বিশেষজ্ঞ, তদন্তকারী ও পুলিশ কর্মকর্তারা কাজ করছেন।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, গটেং প্রদেশের পুলিশ কমিশনার টমি এমথমবেনি জানিয়েছেন, জেফসভিলে নিহত ব্যক্তিদের একজন গত বছর পার্শ্ববর্তী সলসভিল বসতিতে ঘটা এক বন্দুক হামলার ঘটনায় পুলিশের সন্দেহের তালিকায় ছিলেন। গত বছরের ওই হামলায় ১২ জন নিহত ও ১৩ জন আহত হয়েছিলেন। এমথমবেনি বলেন, ‘ঘটনা দুটির মধ্যে যোগসূত্র থাকার এবং এটি প্রতিশোধমূলক হামলা হওয়ার সম্ভাবনা আমরা উড়িয়ে দিতে পারি না।’

অন্যদিকে পিটারমারিটজবার্গের হামলার বিষয়ে পুলিশের মুখপাত্র রবার্ট নেটশিউন্ডা জানিয়েছেন, নিহত ব্যক্তিদের শনাক্ত করতে কয়েকটি পরিবার এগিয়ে এসেছে। তিনি বলেন, ‘নিহত ব্যক্তিদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব না হওয়ায় এই হামলার পেছনে কারা জড়িত এবং এর উদ্দেশ্য কী ছিল, তা বলার সময় এখনো আসেনি।’

এএম