লিওনেল মেসির জাতীয় দল থেকে অবসরের পর, নভেম্বরের আন্তর্জাতিক বিরতির প্রথম ম্যাচেই ধাক্কা খায় আর্জেন্টিনা ফুটবল দল। ঘরের মাঠে লা বোম্বোনেরায় উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলের হারের ধাক্কা সামলে এবার আরও একটি প্রীতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। এবার আলবিসেলেস্তেদের থেকে ফিফা র্যাঙ্কিংয়ে ৫০ ধাপ পিছিয়ে থাকা দল কোস্টারিকার বিপক্ষে লড়াই আর্জেন্টিনার।
শক্তিমত্তা, মুখোমুখি পরিসংখ্যান-সব দিক থেকেই এগিয়ে আর্জেন্টিনা। দুই দলের সবশেষ ৪ দেখায় আর্জেন্টিনার ৩টি জয়ের বিপরীতে একটি ম্যাচ ড্র করেছে কোস্টারিকা। ২০২৪ সালের সবশেষ ম্যাচেও ৩-১ গোলে কোস্টারিকাকে হারিয়েছে আলবিসেলেস্তেরা। উরুগুয়ের কাছে হারলেও এর আগে দারুণ ছন্দে ছিল স্কালোনির শিষ্যরা। তবে ইকুয়েডরের কাছে ২-০ গোলে হারা কোস্টারিকার বিপক্ষে ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তনের আভাস দেন কোচ লিওনেল স্কালোনি।
এদিকে কোস্টারিকার ম্যাচ দিয়ে আর্জেন্টিনার গোলপোস্টের নিচে ফিরছেন দলের অভিজ্ঞ গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ম্যাচের আগের দিন মুখে মাস্ক পরেই দলের সঙ্গে অনুশীলনে দেখা গেছে মার্টিনেজকে।
মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ফুটবলে যে নতুন প্রজন্মের যাত্রা শুরু হয়েছে, কোস্টারিকার বিপক্ষে ম্যাচটি তাদের জন্যই নিজেদের প্রমাণের বড় মঞ্চ। এই ম্যাচে এখন সেই কাজটি ঠিকমতো করতে পারেন কিনা তরুণ ফুটবলাররা, সেটাই দেখার অপেক্ষায় ভক্ত-সমর্থকরা।





