তৃতীয় দিনের শুরুতে অবশ্য সুবিধা করতে পারেননি বাংলাদেশের বোলাররা। সকালের আবহাওয়ায় পেসারদের জন্য কিছুটা বাড়তি সুবিধা থাকলেও তা কাজে লাগাতে পারেননি তাসকিন হাসানরা। প্রথম ঘণ্টা নির্বিঘ্নেই পার করেন টেম্বা বাভুমা ও রায়ান রিকেলটন।
তবে ৪৯ রানে ব্যাট করার সময় পায়ের পেশিতে টান লাগায় মাঠ ছাড়তে হয় প্রোটিয়া অধিনায়ককে। তার জায়গায় নামা উইয়ান মুল্ডারও বেশিক্ষণ টিকতে পারেননি।
৮৬ ওভারে তাসকিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন মুল্ডার। পরের ওভারেই মার্কো ইয়ানসেনকে ফিরিয়ে নিজের দ্বিতীয় শিকার পূর্ণ করেন এই পেসার। তাসকিনের জোড়া আঘাতে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ তৈরি হয় বাংলাদেশের সামনে।
এরপর উইকেটের উৎসবে যোগ দেন হাসান মাহমুদ। ৮৯ ওভারে সাইমন হারমারকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার ওপর চাপ বাড়ান তিনি। মাত্র ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারায় স্বাগতিকরা।
কিন্তু লাঞ্চের পর আর মাঠে নামা হয়নি দুই দলের। জোহানেসবার্গে শুরু হয় শিলাবৃষ্টি। দীর্ঘ অপেক্ষার পরও খেলা শুরু করা সম্ভব হয়নি। পুরো দ্বিতীয় সেশনের অপেক্ষার পর চা বিরতি দেওয়া হয়। এরপরও বৃষ্টি না থামায় দিনের খেলার শেষ ঘোষণা করেন আম্পায়াররা।
তৃতীয় দিন শেষে ৮৯ ওভারে ৭ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩৮৬ রান। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনো ১৪ রানে পিছিয়ে স্বাগতিকরা।





