দীর্ঘদিন ধরে আটকে থাকা জেলা ক্রিকেট শুরুর জন্য বিসিবির টুর্নামেন্ট কমিটির দৌড়ঝাঁপ চলছে কয়েক মাস ধরেই। তবে বিসিবির চেষ্টা রুখে দিয়েছে জেলা ক্রীড়া সংস্থাগুলোর সাংগঠনিক জটিলতা।
ডিসেম্বরের মাঝে লিগ শুরু করলেই জেলা ক্রীড়া সংস্থার জন্য আর্থিক প্রণোদনার কথাও এখন টিভিকে নিশ্চিত করেছিলেন বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। প্রাথমিকভাবে ২০ জেলাকে লক্ষ্য করেই এগোচ্ছিলো বিসিবি, কিন্তু সেটা কেন হচ্ছে না? উত্তরটা শোনা যাক বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধানের কাছ থেকে।
বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, ‘জেলা লিগগুলো আয়োজনের ক্ষেত্রে একটা বড় বাধা হচ্ছে আমাদের বাংলাদেশের ৬৪ জেলায় এখনো অ্যাডহক কমিটি কাজ করছে। আসলে জেলাগুলো তো অ্যাডহক কমিটির আন্ডারে যাদের যে এফিলিয়েটেড ক্লাবগুলো আছে, তারা খেলায় অংশগ্রহণ করতে চাচ্ছে না। তাদের কিছু কনস্টিটিউশনাল বাধা আছে।’
এদিকে জেলা ক্রিকেট লিগের মতোই আটকে আছে কোচ-আম্পায়ারদের বেতন বৃদ্ধির ঘোষণাও। খেলোয়াড়দের ম্যাচ ফি বাড়ানোর ঘোষণার মাস দুই পরেও নেই নতুন আলোচনা।
আরও পড়ুন:
সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, ‘এটা চলমান, এগুলো আসলে বিভিন্ন পর্যায়ে তাদের মানোন্নয়নের জন্য কাজ করছে, এই বোর্ড কাজ করছে এবং এটার অংশ হিসেবে তাদের পারিশ্রমিক বাড়ানোর বিষয়টিও ক্রিকেট বোর্ডের বিবেচনায় আছে।’
বিতর্কিত আম্পায়ারিং আর ম্যাচ পাতানোর অভিযোগ ছাড়াই জাতীয় ক্রিকেট লিগ পরিচালনা করার তৃপ্তিও আছে বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধানের।
সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমরা যদি বিগত বছরগুলো বিবেচনা করি, সেই তুলনামূলক কিন্তু আমাদের এই বছর আমাদের যে টুর্নামেন্ট কমিটির আন্ডারে যে টুর্নামেন্টগুলো শুরু হয়েছে, আমাদের কমপ্লেইনের পরিমাণ কিন্তু এবার একেবারে কম। এটা একটা আশার দিক। আর আম্পায়ারিংয়ের ভুলত্রুটি কিছুটা হবেই। সেটা যদি ইনটেনশনাল না হয়, আমরা সেটাই প্রত্যাশা করেছিলাম শুরু থেকে এবং আমরা সাকসেসফুল হয়েছি।’
তবে ঘরোয়া ক্রিকেটের নতুন ক্যালেন্ডারও আপাতত আসছে না বলে জানালেন তিনি। পূর্বে সূচিতেই কোনো সংঘাত ছাড়া খেলা চালিয়ে যাওয়ার কথা জানালেন চট্টগ্রামের এই ক্রিকেট সংগঠক।





