নেশন্স লিগে আগের ম্যাচেই ডেনমার্কের কাছে ৪-১ গোলের হার। সে ধাক্কার রেশ না কাটতেই ওয়েলসের বিপক্ষে নামে পর্তুগিজরা। কার্ডিফে চাপের মুখে হোর্হে জেসুসের দল খেলেছে দারুণ এক ম্যাচ। যেখানে ১১ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে এগিয়ে যায় তারা।
তবে দুই মিনিট পরই ডেভিড ব্রুকসের গোলে সমতায় ফেরে ওয়েলস। তারই পাসে থমাসের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে হাল ছাড়েনি পর্তুগাল। প্রথমার্ধের শেষ দিকে পেদ্রো নেতোর গোলে সমতায় ফেরে সফরকারীরা।
৫৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন কার্লোস ফরবস। রোনালদোর ৭ নম্বর জার্সি গায়ে অভিষেকেই দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন ক্লাব ব্রুগের এই উইঙ্গার। ৭৪ মিনিটে লাল কার্ড দেখে নেতো মাঠ ছাড়লেও শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। এ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগিজরা।
নরওয়ের সামনে সমীকরণ ছিল পরিষ্কার, কোয়ার্টার ফাইনালে যেতে হলে জিততেই হবে। এমন সমীকরণের সামনে ম্যাচের ১১ মিনিটে রাসমুস হাইলুন ও তিন মিনিট পর পিয়েরে এমিল হয়বিয়ার্গের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ডেনমার্ক। বিরতির আগে ম্যাচে ফিরতে মরিয়া নরওয়ের হয়ে ব্যবধান কমান আর্লিং হ্যালান্ড।
ম্যাচের শেষদিকে বদলে যায় দৃশ্যপট। ৮৩ মিনিটে মার্টিন ওডেগার্ডের গোলে সমতায় ফেরে নরওয়ে। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে ৩-২ ব্যবধানের নাটকীয় জয় নিশ্চিত করেন হ্যালান্ড। জাতীয় দলের হয়ে ৬১ ম্যাচে এটি তার ৬৮তম গোল। এ জয়ে ডেনমার্ককে বিদায় করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নরওয়ে।





