প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল তারাবুনিয়া এলাকায় সাবেক এই মন্ত্রীর গ্রামের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। এর আধা ঘণ্টা পর, সন্ধ্যা সাতটার দিকে নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত তার আরেকটি বাড়িতেও একই কায়দায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
দেশব্যাপী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টি, অগ্নিসংযোগ এবং বিভিন্ন সরকারি ভবনে হামলার প্রতিবাদে বের হওয়া বিক্ষোভ মিছিলের একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন বাড়ি দুটিতে হামলা চালায়। তবে হামলায় কী পরিমাণ আর্থিক বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। দুটি বাড়ির মধ্যে একটি বাড়ি অনেক আগেই ভাঙচুরের শিকার হয়েছিল এবং বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।





