২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিস্টধর্মকে ছাড়িয়ে যাবে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার

মক্কা
বিদেশে এখন
0

আগামী দশকের মাঝামাঝি সময়ে খ্রিস্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে যাচ্ছে ইসলাম। অন্য যেকোনো ধর্মের নারীদের তুলনায় মুসলিম নারীদের সন্তান জন্মদানের হার বেশি হওয়ায় এই পরিবর্তন ঘটবে। বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক নির্দলীয় গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, কয়েক শতাব্দী ধরে খ্রিস্টধর্ম মানবজাতির বৃহত্তম ধর্ম হিসেবে অবস্থান করলেও বিশ্বজুড়ে মুসলিম জনসংখ্যা অনেক দ্রুতগতিতে বাড়ছে। পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় দেখা গেছে, ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলিমদের সংখ্যা বেড়ে ২৫৭ কোটিতে পৌঁছাবে। বিপরীতে ওই বছর খ্রিস্টানদের অনুমিত সংখ্যা দাঁড়াবে ২৫২ কোটিতে।

গবেষণা প্রতিষ্ঠানটি বলেছে, সাম্প্রতিক প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিমদের সংখ্যা হবে ৩৬০ কোটি এবং খ্রিস্টানদের সংখ্যা হবে ৩০০ কোটি। তখন বিশ্বের মোট জনসংখ্যার সবচেয়ে বড় অংশ হবে মুসলিমরা। ২০২০ সালে বৈশ্বিক জনসংখ্যায় মুসলিমদের হার ছিল ২৬ শতাংশ, যা ২০৭০ সালে বেড়ে ৩৭ শতাংশে দাঁড়াবে। অন্যদিকে বৈশ্বিক জনসংখ্যায় খ্রিস্টানদের হার ২৯ শতাংশের আশপাশেই স্থিতিশীল থাকবে এবং আনুপাতিক হারে তারা দ্বিতীয় অবস্থানে থাকবে।

এই পরিবর্তনের পেছনে মুসলিম বিশ্বে উচ্চ জন্মহারকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গবেষণার তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে গড়ে একজন মুসলিম নারী ৩ দশমিক ১টি সন্তান জন্ম দিয়েছেন, যেখানে একজন খ্রিস্টান নারীর ক্ষেত্রে এই সংখ্যা ছিল ২ দশমিক ৫। এই সময়ে অন্য সব ধর্মীয় গোষ্ঠীর নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ১ দশমিক ৬, যা একটি প্রজন্মের জনসংখ্যা স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় ন্যূনতম হার ২ দশমিক ১-এর চেয়ে কম।

পিউ রিসার্চ সেন্টার জানিয়েছে, মৃত্যুর চেয়ে জন্মের সংখ্যা বেশি হওয়া অর্থাৎ স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধিই মুসলিম ও খ্রিস্টান জনমিতির এই পরিবর্তনের সবচেয়ে বড় কারণ। তবে ধর্ম পরিবর্তনের বিষয়টিও এতে ভূমিকা রাখবে। অতীতের প্রবণতার ভিত্তিতে সংস্থাটি বলেছে, ধর্ম পরিবর্তনের কারণে ইসলাম ও খ্রিস্টধর্ম—উভয় ক্ষেত্রেই নতুন অনুসারী যুক্ত হওয়ার চেয়ে অনুসারী হারানোর সংখ্যা বেশি হবে। তবে খ্রিস্টানদের তুলনায় মুসলিমদের ক্ষেত্রে এই সংখ্যা হবে অনেক কম। ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে ধর্ম ত্যাগের কারণে ইসলাম ধর্ম ৮০ লাখ অনুসারী হারাতে পারে, যেখানে খ্রিস্টধর্ম হারাতে পারে ১০ কোটি ৫০ লাখ অনুসারী।

২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা ২৯ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। কেবল ইসলাম ও খ্রিস্টধর্মই এই বৃদ্ধির হারের সঙ্গে তাল মিলিয়ে চলবে কিংবা একে ছাড়িয়ে যাবে। এই সময়ে মুসলিম জনসংখ্যা ৮০ শতাংশ এবং খ্রিস্টান জনসংখ্যা ৩০ শতাংশ বাড়বে।

হিন্দুদের মোট সংখ্যা বাড়লেও বৈশ্বিক জনসংখ্যার অনুপাতে তাদের হার সামান্য কমে ২০৭০ সালে ১৩ দশমিক ৬ শতাংশে দাঁড়াতে পারে। ইহুদিদের ক্ষেত্রেও একই প্রবণতা দেখা যাবে এবং ২০৭০ সালে বৈশ্বিক জনসংখ্যায় তাদের হার হবে শূন্য দশমিক ১৭ শতাংশ। অন্যদিকে বৌদ্ধদের মোট সংখ্যা এবং বৈশ্বিক জনসংখ্যায় তাদের অনুপাত—উভয়ই কমবে এবং ২০৭০ সালে তাদের হার দাঁড়াবে ২ দশমিক ৫ শতাংশে।

বাহাই, তাওবাদী, জৈন, শিখ এবং বিভিন্ন লোকজ ধর্মের অনুসারীসহ অন্য সব ধর্মের মানুষের সংখ্যা সামান্য বাড়লেও ২০৭০ সালের মধ্যে বৈশ্বিক জনসংখ্যায় তাদের সম্মিলিত হার ২ শতাংশের নিচে নেমে যাবে। এছাড়া নিজেকে নাস্তিক বা সংশয়বাদী হিসেবে পরিচয় দেয়া এবং কোনো ধর্মের সঙ্গে যুক্ত না থাকা মানুষের হারও বিশ্বজুড়ে উল্লেখযোগ্যভাবে কমে যাবে। ২০২০ সালে বৈশ্বিক জনসংখ্যায় তাদের হার ছিল ২৪ শতাংশ, যা ২০৭০ সালে কমে ১৭ শতাংশে নেমে আসবে।

ধর্মগুলোর ভৌগোলিক বিস্তারেও বড় ধরনের পরিবর্তন আসছে। উদাহরণস্বরূপ, ২০৭০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে খ্রিস্টধর্ম বৃহত্তম ধর্ম হিসেবে থাকলেও দেশটির সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম আর থাকবে না। এছাড়া খ্রিস্টান জনসংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে শীর্ষে উঠে আসবে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো। অন্যদিকে আগামী দশকগুলোতে বেশির ভাগ দেশে ধর্মহীন মানুষের সংখ্যা বাড়লেও চীনে জনসংখ্যা কমে যাওয়ার পূর্বাভাসের কারণে বৈশ্বিক হিসেবে তা ঢাকা পড়ে যাবে। বর্তমানে বিশ্বের অধিকাংশ ধর্মহীন মানুষ চীনে বসবাস করেন।

—রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য অবলম্বনে

এএম