পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের বিরুদ্ধে আবেদন শুনানি ২৩ নভেম্বর

হাইকোর্ট
আইন ও আদালত
দেশে এখন
0

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন শুনানি আগামী ২৩ নভেম্বর।

সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদের করা এক রিটের শুনানি শেষে গতকাল বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে রুল জারি করেন।

হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সে আবেদন আগামী ২৩ নভেম্বর আপিল বিভাগে শুনানির জন্য নির্ধারণ করে আজ (বৃহস্পতিবার, ১৯ নভেম্বর) আদেশ দেন চেম্বার আদালতের বিচারপতি মো. রেজাউল হক।

আদালতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কাজী মোহাম্মদ জয়নাল আবেদীন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান। অপর পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী কামরুন নাহার মাহমুদ।

উচ্চমাধ্যমিকে এ বছর যারা দু’টি বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তারা আবার পরীক্ষা দিতে পারবেন। এ পরীক্ষার ফল ঘোষণার আগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরুর বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়।—বাসস

এএইচ