রোহিঙ্গা গণহত্যার রায় যেভাবে নেতানিয়াহু ও ইসরাইলের উদ্বেগ বাড়াচ্ছে

বেনইয়ামিন নেতানিয়াহু
বিদেশে এখন
0

মিয়ানমারের সামরিক জান্তাকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে বিশ্বের শীর্ষ আদালতের দেয়া রায় ইসরাইলের আইনি ও সামরিক মহলে কাঁপন ধরিয়ে দেবে। প্রতিটি দেশের মামলা তার নিজস্ব তথ্য-প্রমাণের ভিত্তিতে বিচার করা হয় এবং এক দেশের রায় সরাসরি অন্য দেশের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। তবে মিয়ানমারের মামলায় যে আইনি নজির স্থাপিত হয়েছে, তা ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরাইলের কর্মকাণ্ড নিয়ে ওঠা গণহত্যার অভিযোগের বিচারপ্রক্রিয়াকে নিশ্চিতভাবেই প্রভাবিত করবে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগের নীরব এজলাসে বসে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া প্রায় তিন ঘণ্টা ধরে ১৯১ পৃষ্ঠার এই রায় পড়ে শোনান। আদালতের চুলচেরা ও যুক্তিনির্ভর উপস্থাপনার সময় গাজা পরিস্থিতির সঙ্গে এর সাদৃশ্যগুলো স্পষ্ট হয়ে ওঠে। অন্যান্য যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের চেয়ে গণহত্যার অপরাধ প্রমাণের প্রধান শর্ত হলো ‘গণহত্যার অভিপ্রায়’ প্রতিষ্ঠা করা। এই অভিপ্রায় প্রমাণিত না হলে নির্বিচার হত্যা, ধর্ষণ বা ব্যাপক জাতিগত নির্মূলের ঘটনা ঘটলেও সেটিকে গণহত্যা বলা যায় না। গণহত্যা প্রমাণের জন্য এটি প্রতিষ্ঠা করতে হয় যে সহিংসতা পরিচালনাকারীরা পরিকল্পিতভাবে কোনো জনগোষ্ঠীকে পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করতে চেয়েছিল এবং অভিযুক্ত রাষ্ট্রের কর্মকাণ্ডের পেছনে এটিই একমাত্র যৌক্তিক ব্যাখ্যা।

অধিকাংশ আন্তর্জাতিক আইনজীবীর মতো ইসরাইলের আইনজীবীরাও দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছিলেন যে গণহত্যার এই মানদণ্ড প্রমাণ করা প্রায় অসম্ভব। অনেকের ধারণা ছিল, নাৎসিদের চূড়ান্ত সমাধানের মতো কোনো লিখিত নথি না থাকলে এই অপরাধ প্রমাণ করা যাবে না। কিন্তু বৃহস্পতিবার আইসিজের রায় সেই ধারণাকে পুরোপুরি ভেঙে দিয়েছে।

আদালত রায়ে বলেছেন, গণহত্যা প্রমাণের জন্য একক কোনো অকাট্য প্রমাণের প্রয়োজন নেই। বরং পারিপার্শ্বিক বিপুল তথ্য-প্রমাণের ভিত্তিতে ৯-৬ ভোটে সংখ্যাগরিষ্ঠের রায়ে আদালত নিশ্চিত হয়েছেন যে জান্তা সরকারের কর্মকাণ্ডের পেছনে গণহত্যা ছাড়া আর কোনো ব্যাখ্যা থাকতে পারে না। লক্ষ্যবস্তু করা রোহিঙ্গা জনগোষ্ঠীর ১ দশমিক ২ শতাংশ মানুষকে হত্যা এবং ৭ লাখের বেশি মানুষকে বাস্তুচ্যুত করার এই অভিযানকে জান্তা সরকারের দাবি অনুযায়ী রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে বিদ্রোহ দমন অভিযান হিসেবে ব্যাখ্যা করা যায় না। ১৯৯৫ সালে বলকান অঞ্চলে সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে চালানো জাতিগত নির্মূলের মতো ঘটনা হিসেবে একে দেখানোর যুক্তিও খারিজ করে দিয়েছেন আদালত। এমনকি সন্ত্রাসী হামলার মানসিক আঘাত থেকে দুর্ভাগ্যজনকভাবে প্রতিশোধমূলক শাস্তির অভিযান চালানো হয়েছে—এমন যুক্তিও গ্রহণযোগ্য মনে করেননি বিচারকেরা।

বরং দীর্ঘদিন ধরে অধিকার হরণ, বিদ্বেষমূলক বক্তব্য, নির্বিচার হত্যা ও ধর্ষণ, শিশুদের লক্ষ্যবস্তু করা, বুলডোজার দিয়ে গ্রাম গুঁড়িয়ে দেয়া, বিশাল জনগোষ্ঠীকে বাস্তুচ্যুত করা এবং দুর্গম শিবিরে বন্দি করে রাখার ঘটনাগুলো একত্রে বিশ্লেষণ করে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে জান্তা সরকারের গণহত্যার অভিপ্রায় ছিল এবং শেষ পর্যন্ত তারা বিশ্বের জঘন্যতম এই অপরাধটি ঘটিয়েছে।

ওপেন সোসাইটি জাস্টিস ইনিশিয়েটিভের আইনি কৌঁসুলি বেইনি ইয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে বলেন, ‘এটি একটি বিশাল আইনি মানদণ্ড। আইনি দিক থেকে গণহত্যার অভিপ্রায় প্রমাণ করা সব সময়ই কঠিন এবং সবচেয়ে বিতর্কিত বিষয় ছিল। পরিস্থিতি ও প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে কীভাবে তা নির্ধারণ করতে হবে, আদালত এখন তার মানদণ্ড ঠিক করে দিয়েছেন।’ তিনি আরও বলেন, গণহত্যার হাতিয়ার হিসেবে যৌন সহিংসতাকে স্বীকৃতি দেয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আইসিজে এবারই প্রথম এটি স্পষ্ট করেছেন।

ইসরাইলের জন্য প্রাসঙ্গিক আইনি নজিরগুলো কেবল পারিপার্শ্বিক প্রমাণের ব্যবহার কিংবা আত্মরক্ষামূলক অভিযানের পাশাপাশি গণহত্যার অভিপ্রায় থাকতে পারে—এমন সিদ্ধান্তের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিচারকেরা পূর্ববর্তী কোনো ফৌজদারি দণ্ডাদেশের অপেক্ষায় না থেকে জাতিসংঘের তদন্তকারী সংস্থাগুলোর তথ্য-প্রমাণ ব্যবহার করেছেন। এছাড়া এই রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে যে সরাসরি ক্ষতিগ্রস্ত না হয়েও তৃতীয় কোনো দেশ (এ ক্ষেত্রে গাম্বিয়া) আদালতে মামলা করতে পারে। গাজাসহ অধিকৃত ভূখণ্ডে গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে করা মামলাটিও করেছে আরেক তৃতীয় পক্ষ দক্ষিণ আফ্রিকা।

লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের (সোয়াস) আইনের অধ্যাপক এবং পূর্বে ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার আইনজীবী হিসেবে কাজ করা নিমর সুলতানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘মিয়ানমারের ঘটনার ক্ষেত্রে আদালত যেভাবে আইনের প্রয়োগ করেছেন এবং গাজায় ইসরাইলের অপরাধের পরিধি যত ব্যাপক, তাতে ইসরাইলের মামলায়ও আদালত একই ধরনের সিদ্ধান্তে পৌঁছাবেন বলে প্রবল সম্ভাবনা রয়েছে। গণহত্যার অভিপ্রায় আলোচনার ক্ষেত্রে আদালত ১৯৭৮ সাল থেকে মিয়ানমারের সামরিক বাহিনীর চালানো পূর্ববর্তী অভিযানগুলোর কথা উল্লেখ করেছেন, যা আমার কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। সবাই জানে যে ২০০০ সালের পর থেকে ইসরাইলও গাজায় বেশ কয়েকবার হামলা চালিয়েছে।’

আইসিজের রায়ই চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই। তবে ইতিমধ্যে আদালতের এখতিয়ার অতিক্রমের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ শুরু হয়েছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে আইসিজেতে মামলার মুখে থাকা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার আন্তর্জাতিক আদালতগুলোকে তাদের এখতিয়ার অতিক্রম না করার বিষয়ে সতর্ক করে দিয়েছেন। চীনের শেনজেনে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে যৌথ এক বিবৃতিতে পুতিন সতর্ক করে বলেছেন, দ্য হেগের আরেক আদালত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যেন তার এখতিয়ারের অপব্যবহার না করে। ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচার করে থাকে আইসিসি। ট্রাম্প আইসিসিকে একটি ‘দুর্বৃত্ত বৈশ্বিক সংস্থা’ হিসেবে আখ্যা দিয়েছেন। এর আগে তিনি এই আদালতকে পুরোপুরি ভেঙে গুঁড়িয়ে দেয়ার হুমকি দিয়েছিলেন।

এদিকে যুদ্ধাপরাধের দায়ে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার মুখে থাকা ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকার সাম্প্রতিক সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। বর্তমানে তারা কেবল তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করছে। তবে আইসিজের এই গণহত্যার রায় নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী এবং বর্তমানে সরকার গঠনের চেষ্টা চালানো ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সাবেক প্রধান গাদি আইজেনকোটের জন্যও স্বস্তিদায়ক হবে না। কারণ, গাজা যুদ্ধের প্রথম বছরে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য ছিলেন আইজেনকোট। বিশেষ করে ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে তিনি ওই মন্ত্রিসভায় ছিলেন, যখন ইসরাইলে বিদ্বেষমূলক বক্তব্য এবং গাজায় দৈনিক প্রাণহানির সংখ্যা শীর্ষে পৌঁছেছিল।

বৃহস্পতিবারের রায়ের পর ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের এক বিশ্লেষণে বলা হয়েছে, কোনো দেশের বিরুদ্ধে গণহত্যা নির্ধারণের জন্য প্রয়োজনীয় প্রমাণের মানদণ্ড শিথিল করে আইসিজের এই রায় ইসরাইলের আত্মপক্ষ সমর্থনের সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করেছে। এতে আরও বলা হয়, আক্রান্ত জনগোষ্ঠীর একটি অংশ সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটালেও অপর পক্ষের পাল্টা হামলা গণহত্যা হিসেবে বিবেচিত হতে পারে।

হাজার মাইল দূরে বাংলাদেশের কক্সবাজারের কাছে বিশ্বের বৃহত্তম শরণার্থীশিবিরে বড় পর্দায় সরাসরি এই রায় দেখার সময় উল্লাসে ফেটে পড়েন রোহিঙ্গা শরণার্থীরা। প্রাণে বেঁচে যাওয়া এক রোহিঙ্গা বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এই রায়ের অপেক্ষায় ছিলাম। এই রায়ের মাধ্যমে আমরা আমাদের জনগণের জন্য শান্তি চেয়েছিলাম এবং অবশেষে বিশ্বের আদালত আমাদের কথা শুনেছেন।’ তবে ইসরাইল ও গাজার মামলার ক্ষেত্রে অধিকাংশ বিশেষজ্ঞ বলছেন, আইসিজের চূড়ান্ত রায় আসতে এখনো এক দশক বা তারও বেশি সময় লাগতে পারে।

এএম