পুঁজিবাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের অভিষেকের দিনই নিউইয়র্কে বিক্ষোভকারীদের ওপর ধরপাকড় চালায় পুলিশ। এআই খাতে বিপুল বিপুল বিনিয়োগের ফলে অবসরভাতার তহবিলের অর্থ ঝুঁকিতে পড়া, পরিবেশগত বিপর্যয়সহ নানা শঙ্কা বিক্ষুব্ধদের।
মার্কিন বহুজাতিক স্টক এক্সচেঞ্জ নাসডাকে বুধবার তালিকাভূক্তির পর বৃহস্পতিবারই লেনদেন শুরু করে অ্যানথ্রোপিক। শেয়ারপ্রতি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও মূল্য ৮৩ ডলার ধার্য করে নাসডাকে প্রতীকে লেনদেন শুরুর পরপরই, ৩৪ শতাংশের বেশি বেড়ে দর পৌঁছায় ১১১ ডলার ৫০ সেন্টে। আইপিওর মাধ্যমে মোট ৯৮ কোটি শেয়ার বাজারে ছাড়ে অ্যানথ্রোপিক। শেয়ারপ্রতি ৮৩ ডলার হিসাবে এই বিক্রি থেকে প্রায় আট হাজার ১শ' কোটি ডলার সংগ্রহ করে প্রতিষ্ঠানটি; যা গেলো জুনে স্পেসএক্সের আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থের পরিমাণকেও ছাড়িয়ে যায় এই অঙ্ক।
বেসরকারি বিনিয়োগের মাধ্যমে আরও দুই হাজার ছয়শো কোটি ডলার সংগ্রহ করে অ্যানথ্রোপিক। সবমিলিয়ে সংগৃহীত অর্থের পরিমাণ ১৭ হাজার কোটি ডলারের বেশি। এভাবেই পুঁজিবাজারে যাত্রা শুরুর কয়েক ঘণ্টার মধ্যে অ্যানথ্রোপিকের বাজারমূল্য পৌঁছে যায় বিশ্বের নবম শীর্ষ ইতালির অর্থনীতির সমান পর্যায়ে। দুই লাখ কোটি ডলার ছাড়িয়ে যায় বাজারমূল্য। ফলে বিশ্বের প্রথম প্রকাশ্যে লেনদেনযোগ্য ফ্রন্টিয়ার এআই কোম্পানির শেয়ার কিনতে ব্যাপক আগ্রহ দেখা যায় বিনিয়োগকারীদের মধ্যেও।
ওয়াটার টাওয়ার রিসার্চ বিশ্লেষক জেমস কিসনার বলেন, ‘একটি নতুন পাবলিক কোম্পানির মূল্য দুই ট্রিলিয়ন ডলার হবে, এই ধারণাটিই এখন এক নতুন জগৎ। তাই, এর মূল্য এখনও অনেকটাই নির্ধারিত। শেষ ত্রৈমাসিকে তারা ১৭ বিলিয়ন ডলার আয় করেছে। অর্থাৎ পাঁচ বছর আগেও যে প্রতিষ্ঠানটির অস্তিত্ব ছিল না, সেটির বর্তমান মূল্য দুই ট্রিলিয়ন ডলার।’
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের পদত্যাগসহ বিভিন্ন ঘটনায় প্রযুক্তি খাত নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগের মধ্যেই, পুঁজিবাজারে লাগামহীন সাফল্য অ্যানথ্রোপিকের। তবে লেনদেনের শুরুতে ব্যাপক উত্থানের পর একই দিনে শেয়ারের খানিকটা দরপতনে এআই খাতের টেকসই প্রবৃদ্ধি নিয়ে অনিশ্চয়তাও দেখা দেয় বিনিয়োগকারীদের মধ্যে। দিনের শেষ দিকে মুনাফা তুলে নিতে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি শুরু করলে দাম নেমে যায় ৯৮ ডলারের নিচে। দিন শেষে আইপিও মূল্যের তুলনায় শেয়ারের দাম বেশি ছিল ১৭ শতাংশ। এর প্রভাব পড়ে যুক্তরাষ্ট্রের সামগ্রিক শেয়ারবাজারে। দিন শেষে দেশটির তিনটি প্রধান শেয়ারবাজার সূচকই উল্লেখযোগ্যভাবে কমে যায়।
যুক্তরাষ্ট্র এইচবি ওয়েলথ চিফ মার্কেট স্ট্র্যাটেজিস্ট জিনা মার্টিন অ্যাডামস বলেন, ‘বিশেষভাবে অ্যানথ্রোপিককে আলাদা করে দেখলে আমার মনে হয় যে, এতো বড় একটি প্রতিষ্ঠান বাজারে এলে সেই প্রতিষ্ঠানের জন্য যেভাবে মূলধন সংগ্রহ করা হয় এবং যেভাবে সেটি পোর্টফোলিওতে অন্তর্ভুক্ত হয়, তা বিবেচনা করা গুরুত্বপূর্ণ। বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে একটি নতুন প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য জায়গা করতে হয়। তাই স্বাভাবিকভাবেই, অ্যানথ্রোপিকের জায়গা করতে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠান, এসঅ্যান্ডপি পাঁচশোর অন্যান্য প্রতিষ্ঠানগুলো নিজেদের শেয়ার বিক্রি করে দিচ্ছে।’
গত কয়েক সপ্তাহে এআই খাতকে ঘিরে বিনিয়োগকারীদের উচ্ছ্বাস কিছুটা কম ছিল। প্রযুক্তিটির দ্রুত অগ্রগতি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখলেও বিপুল বিনিয়োগ ব্যয়, ঋণের বোঝা এবং ভবিষ্যতে এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে। অবশ্য এমন পরিস্থিতির মধ্যেই এআই খাতে পুঁজিবাজারে পরবর্তী বড় তালিকাভূক্তির সম্ভাব্য প্রতিষ্ঠান হিসেবে আলোচনায় ওপেনএআই।





