ট্রাম্প ‘বন্ধু’ বললেও পুতিন আমাদের কাছে একজন ‘হত্যাকারী’: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
বিদেশে এখন
0

চলতি সপ্তাহে চীন সফরে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিজের ‘বন্ধু’ বলে সম্বোধন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় পুতিনকে একজন ‘হত্যাকারী’ হিসেবে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, পুতিনকে কী বলে ডাকবেন, তা মার্কিন প্রেসিডেন্টের নিজস্ব বিষয়। তবে আমাদের কাছে তিনি একজন শত্রু, আমাদের কাছে তিনি একজন হত্যাকারী।

এর আগে বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও পুতিনের সঙ্গে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের ফাঁকে পুতিনকে নিজের ‘বন্ধু’ বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, বহু বছর ধরেই তাদের দুজনের মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে।

অন্যদিকে ইউক্রেনের হামলায় ক্রিমিয়া সেতু মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার কয়েক দিন পর শুক্রবার কিয়েভের সেতু ও রেলস্টেশনগুলো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালায় রাশিয়া। এতে অন্তত ৯ জন নিহত হন। জেলেনস্কি এই হামলাকে চলতি বছরের সবচেয়ে বড় হামলা বলে উল্লেখ করেছেন। তিনি জানান, ২৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ মোট ১১০টি ক্ষেপণাস্ত্র এবং ৪০০টির বেশি ড্রোন দিয়ে চালানো এই হামলায় বেসামরিক নাগরিকদের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে।

ইউক্রেনে এই হামলার কয়েক ঘণ্টা পর শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, পুতিন যুদ্ধ শেষ করতে খুবই আগ্রহী। ট্রাম্প বলেন, ‘তারা দুজনই (জেলেনস্কি ও পুতিন) যুদ্ধ শেষ করতে চান। আর তাদের সঙ্গে আমার সম্পর্ক থাকাটা খুবই ভালো একটি বিষয়।’ রুশ নেতাকে বন্ধু বলার অবস্থানে অনড় থাকলেও পুতিন যুক্তরাষ্ট্রের বন্ধু কি না, সে বিষয়ে কিছু বলতে পারেন না বলে মন্তব্য করেন ট্রাম্প।

তবে ট্রাম্পের এমন অবস্থান সত্ত্বেও জেলেনস্কি বলেন, পুতিনকে তিনি একজন হত্যাকারী হিসেবেই দেখেন। জেলেনস্কি বলেন, ‘আমি মনে করি বিশ্বের বেশির ভাগ মানুষের কাছেই তিনি একজন হত্যাকারী। কারণ তিনি দিনরাত মানুষ হত্যা করে চলেছেন।’ পুতিনকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করার অর্থ হলো তিনি যথেষ্ট চাপ অনুভব করছেন না বলেও মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

এই পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই প্রতিবেশী দেশ পোল্যান্ড জানিয়েছে, শুক্রবার ভোরে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের আকাশসীমা লঙ্ঘন করা তিনটি বস্তুর মধ্যে একটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র ছিল। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, ওই অঞ্চলে পশ্চিমা সামরিক মহড়া চলার সময় ঘটা এই ঘটনা কোনো দুর্ঘটনা বলে মনে হচ্ছে না। এতে কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও ঘটনাটিকে মস্কোর ‘উসকানি’ হিসেবে বর্ণনা করেছে ওয়ারশ।

ন্যাটোর মহাসচিব মার্ক রুটে পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের এই গুরুতর ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি জানান, এর জবাবে তাৎক্ষণিকভাবে ন্যাটোর যুদ্ধবিমান উড্ডয়ন করা হয়েছিল। তবে শুক্রবার ইউক্রেনে বড় হামলার সময় ঘটা এই আকাশসীমা লঙ্ঘনের বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া।

পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ওয়াডিসওয়াও কোসিনিয়াক-কামিশ জানান, ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) দূরে নোভি লিপোভিয়েৎজের একটি গ্রামীণ এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। পোলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ৩৬ দেশের জোট কোয়ালিশন অব দ্য উইনিংয়ের ১১টি সদস্যদেশের ইউরোপীয় সেনারা যে স্থানে প্রশিক্ষণ মহড়া শেষ করছিলেন, ক্ষেপণাস্ত্রটি সেখান থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে আঘাত হানে। এছাড়া অন্য দুটি স্থানে আরেকটি ক্ষেপণাস্ত্র এবং একটি জেটচালিত ড্রোন আঘাত হেনেছে বলে সন্দেহ করা হচ্ছে।

এএম