বিদেশে ডেটা সেন্টার গড়লে মার্কিন প্রতিষ্ঠানের ওপর বিপুল করের হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

বিদেশে ডেটা সেন্টার নির্মাণকারী মার্কিন প্রতিষ্ঠানগুলোর ওপর বিপুল কর ও জরিমানা আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব স্থাপনা নির্মাণের বিনিয়োগ যুক্তরাষ্ট্রের ভেতরেই ধরে রাখতে চান বলে জানিয়েছেন তিনি। গতকাল শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প সতর্ক করে বলেন, দেশের বাইরে ডেটা সেন্টার স্থাপনের চেষ্টা করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বড় ধরনের আর্থিক পরিণতির মুখে পড়তে হবে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ট্রাম্প বলেন, ‘আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোকে দেশের বাইরে ডেটা সেন্টার নির্মাণের অনুমতি দেব না।’ বিদেশে প্রকল্প নিতে চাওয়া প্রতিষ্ঠানগুলোর ওপর ‘বিপুল কর’ আরোপের হুমকি দিয়ে তিনি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে দেশের অভ্যন্তরীণ অবকাঠামোতে বিনিয়োগ করার আহ্বান জানান।

মার্কিন প্রেসিডেন্টের যুক্তি, বিদেশে ডেটা সেন্টার নির্মাণ করা হলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নের জন্য প্রয়োজনীয় কম্পিউটিং অবকাঠামো চীনের নাগালে চলে যেতে পারে, যা প্রযুক্তিগত প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের অবস্থানকে দুর্বল করে দিতে পারে।

ট্রাম্প বলেন, ‘আমরা অন্য দেশে ডেটা সেন্টার নিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছি না, কারণ চীন সেগুলোর সব কটিই দখল করে নেবে। আমরা তা হতে দেব না। যেসব প্রতিষ্ঠান এমন চেষ্টা করবে, তাদের ওপর আমরা কড়া জরিমানা আরোপ করব। তারা এখন ফিনল্যান্ডে একটি ডেটা সেন্টার তৈরি করতে চাইছে, কিন্তু আমরা তা হতে দিচ্ছি না।’

যুক্তরাষ্ট্রে গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ডেটা সেন্টারের জাতীয় সুফলগুলো জোরালোভাবে তুলে ধরেছিলেন ট্রাম্প। অন্যদিকে ডেমোক্রেটিক পার্টির অনেক নেতা ভোটারদের একাংশের তীব্র বিরোধিতাকে কাজে লাগানোর চেষ্টা করেন এবং বিশেষ করে জনবহুল এলাকায় নতুন ডেটা সেন্টার নির্মাণের ক্ষেত্রে কঠোর অবস্থান নেয়ার অঙ্গীকার করেন।

এএম