আইসিজের রায় রোহিঙ্গাদের ন্যায়বিচারের সূচনা, ইসরাইলের বিরুদ্ধেও একই রায়ের পূর্বাভাস

আবিদ মঈন
নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ভবনের সাধারণ দৃশ্য
বিদেশে এখন
0

রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় দীর্ঘ প্রতীক্ষিত ন্যায়বিচারের লড়াইয়ের কেবল সূচনা বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। এই রায় মানতে মিয়ানমারকে বাধ্য করার জন্য আন্তর্জাতিক পদক্ষেপ ও চাপের ওপর জোর দিয়েছেন তারা। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মিয়ানমারের গণহত্যা বিষয়ক গবেষক মং জারনি বার্তা সংস্থা আনাদোলুকে বলেছেন, এই রায় রোহিঙ্গাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এতে বেঁচে থাকা রোহিঙ্গাদের জীবনে তাৎক্ষণিক কোনো পরিবর্তন আসবে না। কারণ তাদের অনেকেই এখনো ঘরবাড়ি থেকে বাস্তুচ্যুত হয়ে আছেন। জারনি বলেন, ‘এটি পথের শেষ নয়; এটি ন্যায়বিচারের পথের কেবল শুরু।’ তিনি বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে আদালতের স্বীকৃতির চেয়েও বেশি কিছু প্রয়োজন। এর মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের নিজ ঘরে ফেরার এবং নিরাপদে নতুন করে জীবন গড়ার সুযোগ দেয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

গত বৃহস্পতিবার দেয়া রায়ে ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার জন্য মিয়ানমারকে দায়ী করেন আইসিজে। ওই সামরিক অভিযানের মুখে ৭ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হওয়ার পর ২০১৯ সালে গাম্বিয়ার করা মামলার পরিপ্রেক্ষিতে এই রায় এল।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিংয়ের আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ অধ্যাপক রোজা ফ্রিডম্যান আনাদোলুকে বলেন, মিয়ানমার কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের জাতিগত পরিচয় অস্বীকার করে আসায় এই রায় তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘শুরুতেই মিয়ানমার অস্বীকার করে যে রোহিঙ্গারা জাতিসত্তার ভিত্তিতে সংজ্ঞায়িত কোনো জনগোষ্ঠী। তারা বলে রোহিঙ্গারা বাঙালি এবং তারা বাংলাদেশ থেকে এসেছে। কিন্তু আদালত অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে রোহিঙ্গারা একটি জাতিগোষ্ঠী।’

কয়েক বছর ধরে বিচার চাওয়ার পর রোহিঙ্গাদের দুর্ভোগের স্বীকৃতির বিষয়টিও তুলে ধরেন ফ্রিডম্যান। তিনি বলেন, ‘আজকের রায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো এই গণহত্যা এবং নিজেদের দুর্ভোগের স্বীকৃতি বিশ্বের সর্বোচ্চ আদালত ও সবচেয়ে বড় আন্তর্জাতিক মঞ্চে পাওয়ার জন্য রোহিঙ্গারা বছরের পর বছর অপেক্ষা করেছে। অভ্যন্তরীণ বাস্তুচ্যুতদের শিবির এবং রোহিঙ্গাদের বসবাসের অন্যান্য স্থান থেকে আসা ছবিগুলোই বলে দেয়, নিজেদের দুর্ভোগের এই স্বীকৃতি তাদের কাছে কতটা অর্থবহ।’

আদালত দেখতে পেয়েছেন, মিয়ানমার জেনোসাইড কনভেনশনের অধীনে নিষিদ্ধ কর্মকাণ্ড করেছে। এর মধ্যে রয়েছে হত্যা, গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে জন্মরোধের উদ্দেশ্যে নেয়া পদক্ষেপ। এছাড়া প্রমাণ সংরক্ষণের বিষয়ে আদালতের আগের আদেশ মানতেও মিয়ানমার ব্যর্থ হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়।

রায়কে স্বাগত জানালেও বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর পদক্ষেপ ছাড়া বেঁচে থাকা রোহিঙ্গাদের জীবনে কোনো পরিবর্তন আসবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মং জারনি। মিয়ানমারের সামরিক বাহিনীকে অস্ত্র সরবরাহ এবং দেশটির কর্তৃপক্ষকে কূটনৈতিক সুরক্ষা দেয়ার জন্য রাশিয়া ও চীনকে অভিযুক্ত করেন তিনি। একই সঙ্গে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলায় হস্তক্ষেপ করা ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের সরকারের বিরুদ্ধে গাজায় ইসরাইলের সামরিক অভিযানের প্রশ্নে দ্বিমুখী আচরণের অভিযোগ তোলেন তিনি।

আইসিজের রায়ের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। তবে এমন বৈঠক থেকে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ আসবে কি না, সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন জারনি। পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের স্বার্থের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘জাতিসংঘ বিশ্বের মানুষ বা মানব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছে না। সংস্থাটি এই রাষ্ট্রগুলোর বাণিজ্যিক, কৌশলগত, সামরিক, কূটনৈতিক ও রাজনৈতিক স্বার্থের প্রতিনিধিত্ব করে।’ এই রায়কে কাজে লাগিয়ে বিভিন্ন সরকারের সমর্থন আদায়ের পাশাপাশি বিশ্বজুড়ে জনসচেতনতা ও জনমত গঠনের ওপর জোর দেন তিনি।

আইসিজের বিচারকদের ওপর সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞা এবং আদালতের স্বাধীনতার ওপর এর প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই গবেষক। গাজা মামলার ওপর এই রায়ের সম্ভাব্য প্রভাব নিয়ে প্রশ্নের মধ্যে নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইসহ বিচারকদের ওপর ওয়াশিংটন নিষেধাজ্ঞা দিতে পারে বলে মিয়ানমারের রায়ের আগে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।

জারনি পূর্বাভাস দেন, ইসরাইল সংক্রান্ত মামলাতেও আদালত একই সিদ্ধান্তে পৌঁছাবেন। তিনি বলেন, ‘আমি জীবন বাজি রেখে বলতে পারি, ইসরাইলের বিরুদ্ধে মামলায় আইসিজে একই ধরনের গণহত্যার রায় দেবেন।’ তার যুক্তি, গাজায় গণহত্যার অভিপ্রায়ের প্রমাণ মিয়ানমারের মামলার চেয়েও অনেক বেশি স্পষ্ট। কেবল হত্যা ও ধ্বংসযজ্ঞের মাত্রার কারণেই নয়, বরং ইসরাইলি নেতা ও কর্মকর্তারা প্রকাশ্যে যেভাবে গণহত্যার অভিপ্রায় ব্যক্ত করেছেন, তাতে বিষয়টি ‘দিনের আলোর মতো পরিষ্কার’ বলে মন্তব্য করেন তিনি।

ইউনিভার্সিটি অব রিডিংয়ের আরেক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ অধ্যাপক মার্কো মিলানোভিচ আনাদোলুকে বলেন, নিজেদের দুর্ভোগের স্বীকৃতির জন্য বছরের পর বছর অপেক্ষা করা রোহিঙ্গাদের ওপর এই রায় ব্যাপক প্রভাব ফেলবে। ৯-৬ ভোটে গৃহীত এই রায়ে গণহত্যার অভিপ্রায়ের প্রমাণ মূল্যায়নের পদ্ধতি নিয়ে বিচারকদের মধ্যকার মতপার্থক্যও সামনে এসেছে। মিলানোভিচ জানান, আদালত মৌলিক অর্থে গণহত্যার সংজ্ঞা পরিবর্তন করেননি, তবে অতীতের তুলনায় প্রমাণ মূল্যায়নের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ বিচারক ‘আরও নমনীয় দৃষ্টিভঙ্গি’ গ্রহণ করেছেন। গাজা নিয়ে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলাসহ গণহত্যার অন্য মামলাগুলোর ক্ষেত্রেও বিচারকদের এই মতপার্থক্য প্রাসঙ্গিক হতে পারে বলে মনে করেন তিনি।

অন্য মামলাগুলোর প্রমাণ পরীক্ষার ক্ষেত্রে মিয়ানমারের রায় কীভাবে প্রভাব ফেলতে পারে, তা নিয়ে কথা বলেছেন অধ্যাপক রোজা ফ্রিডম্যানও। তিনি বলেন, ‘এই রায় থেকে আমরা দেখতে পাচ্ছি, অন্য কোনো যৌক্তিক অনুমানের সুযোগ থাকলেও সামগ্রিক কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে গণহত্যার অভিপ্রায় অনুমান করার ক্ষেত্রে আদালতের ভেতরে এখন আরও বেশি সুযোগ তৈরি হয়েছে।’ তবে গাজা মামলায় আদালত একই সিদ্ধান্তে পৌঁছাবেন—এমনটি ধরে নেয়ার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, প্রতিটি মামলার প্রমাণ ও পরিস্থিতি আলাদাভাবে পরীক্ষা করতে হবে।

মিয়ানমার ও গাজা মামলার প্রমাণের পার্থক্য তুলে ধরে ফ্রিডম্যান বলেন, মিয়ানমারে তথ্যের ওপর বিধিনিষেধ এবং তদন্ত পরিচালনার জটিলতার কারণে আদালতকে পরোক্ষ প্রমাণের ওপর নির্ভর করতে হয়েছে। তিনি বলেন, ‘গাজায় যা ঘটছে তার চেয়ে এটি বস্তুগতভাবেই আলাদা। কারণ ইসরাইল গাজায় প্রবেশের পর থেকে নৃশংসতা ও দুর্ভোগের দৃশ্য আমরা সরাসরি সম্প্রচার হতে দেখেছি।’ ইসরাইল জাতিসংঘ বা অন্য তদন্তকারীদের অধিকৃত ভূখণ্ডে ঢুকে তদন্তের অনুমতি না দিলেও ভিডিও ও রেকর্ডিংয়ের মাধ্যমে গাজার অনেক বেশি প্রমাণ নথিভুক্ত হয়েছে বলে জানান তিনি। ফ্রিডম্যান মনে করিয়ে দেন, আইসিজে গাজায় প্রমাণ সংরক্ষণের জন্য ইসরাইলকে নির্দেশ দিয়েছেন। তবে যুদ্ধক্ষেত্রে স্বতন্ত্র তদন্ত চালানো কঠিন এবং যুদ্ধ পুরোপুরি শেষ হলেই কেবল তা সম্ভব হতে পারে বলে সতর্ক করেন তিনি। গাজা যুদ্ধে জেনোসাইড কনভেনশন লঙ্ঘনের অভিযোগে ২০২৩ সালের ডিসেম্বরে ইসরাইলের বিরুদ্ধে মামলা করে দক্ষিণ আফ্রিকা। ২০২৪ সালে আইসিজে গণহত্যা রোধ ও মানবিক সহায়তা নিশ্চিত করাসহ কয়েকটি বাধ্যতামূলক অন্তর্বর্তী আদেশ দিলেও এখনো চূড়ান্ত রায় দেননি।

এদিকে মিয়ানমারের আইন লঙ্ঘনের পরিণতি মোকাবিলায় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন সহজ করা, পরিবারের পুনর্মিলন, সম্পত্তি ফিরিয়ে দেয়া এবং ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছেন আইসিজে। গৃহীত পদক্ষেপ ও প্রস্তাবিত ক্ষতিপূরণের বিষয়ে মিয়ানমারকে দুই বছরের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পরবর্তী শুনানিতে ক্ষতিপূরণের ব্যবস্থার বিষয়টি ঠিক করা হবে।

ফ্রিডম্যান বলেন, মিয়ানমারকে রায় মানতে বাধ্য করা এবং রোহিঙ্গা জনগোষ্ঠীকে সুরক্ষা দেয়ার উপায় খুঁজতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ভূমিকা রাখতে পারে। আন্তর্জাতিক আইন মানতে বাধ্য করার বিষয়টি বিভিন্ন সরকারের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের ওপর নির্ভর করে উল্লেখ করে তিনি বলেন, ‘রাষ্ট্রগুলোকে আন্তর্জাতিক আইন মেনে চলতে বাধ্য করার জন্য আন্তর্জাতিক আইনি ব্যবস্থায় আমরা রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ এবং জবরদস্তির ওপর নির্ভর করি।’ অন্যদিকে মং জারনির মতে, এই ‘নজিরবিহীন’ রায় আদালতের পরবর্তী মামলার জন্য মানদণ্ড হয়ে থাকবে। তিনি বলেন, ‘ন্যায়বিচার কেবল রোহিঙ্গাদের মধ্যেই সীমাবদ্ধ নয়।’

এএম