যেসব অস্ত্রব্যবস্থা বিভিন্ন মাত্রার স্বয়ংক্রিয় সক্ষমতা কাজে লাগিয়ে নিজে থেকেই লক্ষ্যবস্তু শনাক্ত ও আঘাত হানতে পারে, সেগুলোকে কখনো কখনো ‘কিলার রোবট’ বলা হয়। এ ধরনের অস্ত্র নিয়ন্ত্রণে স্বল্প সময়ের মধ্যে আইনিভাবে বাধ্যতামূলক বিধিবিধান তৈরির আহ্বান জানিয়ে আসছিলেন প্রস্তাবটির সমর্থকেরা।
প্রায় ১০০টি দেশ এই অবস্থানের পক্ষে সমর্থন দিলেও যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইসরাইলের মতো বড় অস্ত্র উৎপাদনকারী দেশগুলো এর বিরোধিতা করে। ফলে শেষ পর্যন্ত একটি দুর্বল সমঝোতা হয়, যেখানে ভবিষ্যতের পদক্ষেপগুলো আইনিভাবে বাধ্যতামূলক হবে কি না—সেই প্রশ্নটি অমীমাংসিতই থেকে গেছে।
ইউক্রেন, সুদান ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন সংঘাতে প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্রব্যবস্থার ব্যবহার নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় গত সোমবার থেকে জেনেভায় বৈঠকে বসেছিলেন কনভেনশন অন সার্টেইন কনভেনশনাল ওয়েপনসের সদস্যদেশগুলোর প্রতিনিধিরা। জাতিসংঘ মহাসচিব, পোপ এবং রেড ক্রস—সবাই এ বিষয়ে শক্তিশালী ও আইনিভাবে বাধ্যতামূলক বিধিবিধান তৈরির আহ্বান জানিয়েছেন।
বৈঠকের সুইস সভাপতি জুলিয়েন থোয়েনি ১০ বছরের বেশি সময় ধরে চলা আলোচনার পর এই সমঝোতাকে মানবিক নিরস্ত্রীকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অর্জন বলে অভিহিত করেছেন। আজ স্থানীয় সময় ভোর ৪টার (গ্রিনিচ মান সময় রাত ৩টা) পর রাতভর আলোচনা শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘এটি প্রমাণ করে যে আজকের চরম বিভক্ত বিশ্বেও বহুপক্ষীয় কূটনীতি সুনির্দিষ্ট ফলাফল বয়ে আনতে পারে।’
নতুন আইনের পক্ষের একটি দেশের এক কূটনীতিক জানান, এই ফলাফল হতাশাজনক হলেও পরিস্থিতি এর চেয়ে অনেক খারাপ হতে পারত। কূটনীতিকেরা জানান, কার্যপ্রণালি বিধি নিয়ে রাশিয়ার আপত্তির কারণে কয়েকটি আনুষ্ঠানিক বৈঠক বাতিল করতে হয়। এরপর রাতভর কয়েকটি শব্দের ব্যবহার নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বিতর্ক চালিয়ে যান আলোচকেরা।
অনেক মানবাধিকার সংগঠন এই ফলাফলের সমালোচনা করেছে। তাদের মতে, এর অর্থ হলো কূটনীতিকে পেছনে ফেলে প্রযুক্তির এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হলো। বৈঠকের ফাঁকে স্টপ কিলার রোবটসের নির্বাহী পরিচালক নিকোল ফন রুইজেন বলেন, ‘আইনিভাবে বাধ্যতামূলক একটি কাঠামো তৈরিতে বিলম্ব করার মাধ্যমে বেসামরিক নাগরিক ও মানবতাকে ঝুঁকির মুখে ফেলা হচ্ছে।’
কিছু পর্যবেক্ষক ও সাবেক সামরিক কর্মকর্তাদের মতে, বর্তমান জাতিসংঘ কাঠামোর বাইরে গিয়ে নতুন কোনো প্রক্রিয়া বিবেচনার জন্য রাষ্ট্রগুলোর প্রস্তুত থাকা উচিত। কারণ বর্তমান কাঠামোয় ১২৮টি সদস্যদেশের সব কটির সর্বসম্মত সম্মতির প্রয়োজন হয়।





