তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ যুক্তরাষ্ট্রের সংবিধানে নেই। তাই ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটছে এই মেয়াদেই। এখন সংবিধানে সংশোধন বা পরিবর্তন আনতে হলে কংগ্রেসের দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন হবে ট্রাম্পের। তবে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পের এই আশাও ধুলোয় মিশে গেছে। এছাড়া, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন ঠেকেছে তলানিতে।
এখন পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী নিয়ে দ্বিধায় রিপাবলিকানরা। ট্রাম্পের বিরোধী নাকি তার অনুসারী কাকে বেছে নেবেন তারা। অন্যদিকে, মধ্যবর্তী নির্বাচনে যারা বিপুল ভোটে জয়ী হয়েছেন, তারা কতটুকু দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করতে পারবেন, তা নিয়ে সংশয়ে ডেমোক্র্যাটরাও।
২০২৮ সালের প্রেসিডেন্ট প্রার্থীর মনোনয়ন বাছাই আরও এক এক বছর বাকি। এরই মধ্যে নতুন প্রেসিডেন্ট প্রার্থী নিয়ে শুরু হয়েছে জল্পনা। ট্রাম্পের উত্তরসূরি হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র নাম সামনে আসছে। ট্রাম্পও রিপাবলিকান পার্টির পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বেশ কয়েকবার তাদের নাম উচ্চারণ করেছেন। তবে নবনিযুক্ত চিফ অব স্টাফ স্টিফেন মিলারকে নিজের উত্তরসূরি হিসেবে দেখতে চান মন্তব্য করে বিতর্ক নতুন করে উস্কে দিয়েছেন ট্রাম্প।
সবশেষ রয়টার্স/ইপসোস জরিপে, হোয়াইট হাউজের দৌড়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে জেডি ভ্যান্স থেকে এগিয়ে রয়েছেন মার্কো রুবিও। জরিপে অংশ নেয়া রিপাবলিকান ভোটাররা বলছেন, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে রুবিও চমৎকার হবে।
অন্যদিকে, ডেমোক্র্যাটদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছেন জর্জিয়ার সিনেটর জন অসফ। দলটির নিবন্ধিত ভোটারদের ২৯ শতাংশ তাকে সমর্থন জানিয়েছেন। ট্রাম্পকে দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য আখ্যা দিয়ে বেশ কয়েকবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। এছাড়া, একই পরিমাণ জনসমর্থন নিয়ে আলোচনায় রয়েছেন সাবেক পরিবহণমন্ত্রী পিট বুটাজাজ। ২০২০ সালেও তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ডেমোক্র্যাটদের মধ্যে তার পরিচিতিও বেশি।
জরিপে অংশ নেয়া প্রাপ্তবয়স্ক ১৭০০ মার্কিন নাগরিকের মধ্যে প্রতিটি দলের প্রায় ৫০০ জন নিবন্ধিত ভোটার ছিলেন। রয়টার্স/ইপসোস জরিপটি দেখায় যে, সুপরিচিত ডেমোক্র্যাট নেতা কামালা হ্যারিস জনসমর্থনের দিক থেকে অনেক পিছিয়ে আছেন। দুই দলের এই চার প্রার্থী এখন পর্যন্ত মার্কিন ভোটারদের নজর কেড়েছেন।
বিশ্লেষকরা বলছেন, নির্বাচনি প্রচারণা শুরুর দুই বছরে আগেই পরবর্তী প্রেসিডেন্ট নিয়ে ভাবতে শুরু করেছে মানুষ। কারণ, তারা এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের নানা কর্মকাণ্ডে ক্লান্ত ও বিরক্ত।
বিশেষজ্ঞদের মতে, নির্বাচনি মাঠে পরিচিত বা প্রভাবশালী প্রতিদ্বন্দ্বী না থাকলে সম্ভাব্য প্রার্থীর সংখ্যা বেড়ে যায় অনেক। তাই ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গভর্নর থেকে সিনেটর সবাই লড়াইয়ে এগিয়ে আসতে পারেন।





