বেলারুশের হ্যাকার গোষ্ঠী সাইবার পার্টিজানস বিওয়াই এবং ইউক্রেনের সাইলেন্ট ক্রোর চালানো সাইবার হামলার পর ২০২১ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুর নথি হাতে পায় বিবিসি রাশিয়ান। এসব নথি থেকে স্পষ্ট হয়েছে, ইউক্রেনে পূর্ণমাত্রার এই আগ্রাসন রাশিয়ার মৃত্যুহারের ধরন কীভাবে আমূল বদলে দিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে যুদ্ধ কয়েক দিনের মধ্যে শেষ হবে বলে ধারণা করেছিলেন, তা এখন প্রায় পাঁচ বছরে গড়িয়েছে।
রাশিয়ার পরিসংখ্যান সংস্থা সাইবার হামলার কথা স্বীকার করলেও কোনো সংরক্ষিত তথ্য ফাঁস হয়নি বলে দাবি করেছে। বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, হতাহতের বিষয়ে কেবল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ই আনুষ্ঠানিক তথ্য দিতে পারে। তিনি বলেন, ‘অন্য কোনো তথ্য বিবেচনায় না নেয়ার পরামর্শ দিচ্ছি।’ তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গত কয়েক বছর ধরে হতাহতের কোনো আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করেনি।
স্বাধীন রুশ সংবাদমাধ্যম মিডিয়াজোনার সঙ্গে মিলে বিবিসি রাশিয়ান উন্মুক্ত উৎস থেকে সংগৃহীত নিহত সেনাদের তালিকার সঙ্গে রোসস্ট্যাটের তথ্য মিলিয়ে দেখেছে, যেখানে ৯০ শতাংশ তথ্যের মিল পাওয়া গেছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, সরকারি প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যম, নতুন স্মৃতিস্তম্ভ ও কবরস্থান থেকে বিবিসির সংগ্রহ করা ২ লাখ ৯০ হাজার ১২ জন নিহতের তালিকা প্রকৃত সংখ্যার ৪৫ থেকে ৫৫ শতাংশ হতে পারে। সেই হিসাবে প্রকৃত নিহতের সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ২৯৫ থেকে ৬ লাখ ৪৪ হাজার ৪৭১ জনের মধ্যে হতে পারে।
নথিতে দেখা গেছে, ২০২৫ সালে রাশিয়ায় ১৮ থেকে ২৪ বছর বয়সী যত মানুষের মৃত্যু হয়েছে, তার ৬৫ শতাংশই ঘটেছে যুদ্ধে। ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের ক্ষেত্রে এই হার ৫৯ শতাংশ। কেবল ৪৫ থেকে ৫৪ বছর বয়সীদের মধ্যে যুদ্ধের চেয়ে হৃদ্রোগে মৃত্যুর হার বেশি।
ইউক্রেনের নির্দিষ্ট কিছু এলাকায় রুশ বাহিনীর ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্রও উঠে এসেছে এই তথ্যে। ইউক্রেনের ১০টি গ্রাম দখলের লড়াইয়ে প্রায় ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন, যেগুলোর যুদ্ধপূর্ব মোট জনসংখ্যা ছিল ১২ হাজার। দোনেৎস্ক অঞ্চলের বাখমুত শহরের দক্ষিণে আন্দ্রিভকা নামের একটি ছোট গ্রাম দখলের লড়াইয়েই প্রাণ হারিয়েছেন ১ হাজার ১২২ জন রুশ সেনা; অথচ যুদ্ধের আগে ওই গ্রামে মাত্র ৭৪ জন মানুষ বাস করতেন।
দুই বছর আগে রোসস্ট্যাট বাহ্যিক কারণে মৃত্যুর তথ্য প্রকাশ বন্ধ করে দেয়, যা আগে সামরিক ক্ষয়ক্ষতি পরিমাপের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো। অন্যদিকে ২০২৬ সালের জুলাইয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, যুদ্ধে ইউক্রেনের প্রায় ৫০ হাজার সেনা নিহত হয়েছেন। তবে উন্মুক্ত উৎসের ওপর ভিত্তি করে তৈরি ইউএ লসেস নামের একটি ওয়েবসাইটের তালিকায় এই সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৯৫২ জন।
রোসস্ট্যাটের নথিতে নিহতদের নাম না থাকলেও বয়স, বাসস্থান, মৃত্যুর স্থান ও কারণ উল্লেখ রয়েছে। বিবিসি প্রথমে ইউক্রেন ও ইউক্রেনীয় বাহিনীর অনুপ্রবেশ ঘটা রাশিয়ার সীমান্ত অঞ্চলগুলোকে বাছাই করে। এরপর বিস্ফোরণ বা শ্র্যাপনেলের আঘাতের মতো সরাসরি সামরিক কারণে ৪ লাখ ২৫ হাজার ১৭৪টি মৃত্যু শনাক্ত করা হয়। বেসামরিক নাগরিকদের বাদ দিতে নারী, ১৮ থেকে ৬৫ বছরের বাইরের পুরুষ এবং রাশিয়া অধিকৃত ইউক্রেনের চার অঞ্চলের সম্ভাব্য বেসামরিক বাসিন্দাদের হিসাব থেকে বাদ দেয়া হয়। এর বাইরে পেশাগত তথ্য থেকে ১৪ হাজার ৯৩ জন এবং আদালতের রায়ের ভিত্তিতে মৃত ঘোষিত ৫১ হাজার ৬৭ জনকে শনাক্ত করা হয়েছে। সাধারণত কোনো সেনা যুদ্ধক্ষেত্রে ছয় মাসের বেশি নিখোঁজ থাকলে এবং তার মরদেহ উদ্ধার না হলে আদালত তাকে মৃত ঘোষণা করেন।
বিবিসি রাশিয়ানের বিশ্লেষণ অনুযায়ী, যুদ্ধের প্রথম বছরে নিহত সেনাদের গড় বয়স ছিল ৩৪ বছর। কারাবন্দি ও চুক্তিভিত্তিক সেনারা যোগ দেয়ায় ২০২৫ সালে তা বেড়ে ৪০ বছরে দাঁড়িয়েছে। আঞ্চলিক বৈষম্যও স্পষ্ট—মস্কো ও সেন্ট পিটার্সবার্গের বাসিন্দাদের তুলনায় পূর্ব সাইবেরিয়ার দরিদ্র অঞ্চল তুভা, বুরিয়াতিয়া এবং জাবাইকালস্কি ক্রাইয়ের পুরুষদের যুদ্ধে নিহত হওয়ার হার ২০ থেকে ২৫ গুণ বেশি।
রাশিয়ার পক্ষে লড়াই করতে গিয়ে অন্তত ৫ হাজার ১৭ জন বিদেশি নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে ১ হাজার ৩১ জন উজবেকিস্তানের এবং ৭২০ জন তাজিকিস্তানের নাগরিক। তবে দ্বৈত নাগরিকেরা রুশ হিসেবে তালিকাভুক্ত থাকায় এবং ২০২৪ সালে রাশিয়ায় ইউক্রেনীয় অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে নিহত উত্তর কোরীয় সেনাদের তথ্য না থাকায় এই সংখ্যা আরও বেশি হতে পারে। স্যাটেলাইট চিত্র ও পিয়ংইয়ংয়ে নির্মিত নতুন স্মৃতিস্তম্ভের ছবি বিশ্লেষণ করে বিবিসি ২ হাজার ৩০৪ জন উত্তর কোরীয় সেনার মৃত্যুর তথ্য শনাক্ত করেছে।
চার বছর ১০ মাস ধরে চলা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার এই প্রাণহানি ১৯৮৯ সালে শেষ হওয়া সোভিয়েত-আফগান যুদ্ধের তুলনায় অনেক বেশি। ১০ বছরব্যাপী ওই যুদ্ধে প্রায় ১৫ হাজার সোভিয়েত সেনা এবং আনুমানিক ১০ লাখ বেসামরিক মানুষ নিহত হয়েছিলেন।


 and Taskira Tanin Son-320x167.webp)


