গণমাধ্যমের স্বাধীন ও নিরাপদ পরিবেশ নিশ্চিতে সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যরা
বিদেশে এখন
0

দেশের জাতীয় দৈনিকগুলোর সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।

মতবিনিময় সভায় সম্পাদক পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবীর, সাধারণ সম্পাদক ও বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক এবং সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সম্পাদকমণ্ডলীর সঙ্গে পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি গণমাধ্যমের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ বিষয়ে খোঁজখবর নেন।

সম্পাদক পরিষদের সদস্যরা বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। তারা একটি গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা এবং জনস্বার্থে দায়িত্বশীল গণমাধ্যমের সঙ্গে রাষ্ট্র ও সরকারের আরও কার্যকর ও নিয়মিত সংযোগ ও সমন্বয়ের ওপর জোর দেন।

এ সময় প্রতিনিধিদল গণমাধ্যম যেন স্বাধীন, মুক্ত ও নিরাপদ পরিবেশে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যেতে পারে, তা নিশ্চিত করতে রাষ্ট্রের সহযোগিতা চান। জবাবে রাষ্ট্রপতি রাষ্ট্রের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় শেষে রাষ্ট্রপতি সম্পাদক পরিষদের সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম উপস্থিত ছিলেন।

এএম