ওপেক ছাড়তে ভেনেজুয়েলা ও ইরাককে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র: রয়টার্স

ওপেকের সদর দপ্তর
বিদেশে এখন
0

চলতি বছরের শুরুতে তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক ছাড়ার বিষয়টি বিবেচনা করতে ভেনেজুয়েলা ও ইরাককে উৎসাহিত করেছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এমনকি ওপেকের বার্ষিক সদস্যপদের চাঁদা পরিশোধ করতেও ভেনেজুয়েলাকে বাধা দেয় ওয়াশিংটন। বিষয়টি সম্পর্কে অবগত ১০টি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

আগে প্রকাশ না পাওয়া এই পদক্ষেপের মাধ্যমে ওপেকের পাঁচ প্রতিষ্ঠাতা সদস্যের দুটিকে লক্ষ্যবস্তু করা হয়। কৃত্রিমভাবে তেলের দাম বাড়িয়ে রাখার জন্য দীর্ঘদিন ধরেই ওপেককে অভিযুক্ত করে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সে সময় ভেনেজুয়েলা ও ইরাকে তেলের উৎপাদন এবং বিনিয়োগ বাড়াতে চাপ দিচ্ছিলেন মার্কিন কর্মকর্তারা। তাদের আশঙ্কা ছিল, ওপেকের উৎপাদন সীমার কারণে ভবিষ্যতে সেই পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে।

গত জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র আটক ও ক্ষমতাচ্যুত করার পর ওয়াশিংটনে ভেনেজুয়েলার কর্মকর্তাদের সঙ্গে দেশটির ওপেক ছাড়ার বিষয়ে আলোচনা শুরু করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ট্রাম্প চেয়েছিলেন মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেল উৎপাদন পুনরুজ্জীবিত করুক, যা পশ্চিম গোলার্ধে জ্বালানি নিরাপত্তা জোরদার করবে। ভেনেজুয়েলার ওপর মার্কিন চাপ এতটাই বেড়েছিল যে গত গ্রীষ্মে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) এতে হস্তক্ষেপ করেন। বিষয়টি নিয়ে আর চাপ না দিতে তিনি ট্রাম্প প্রশাসনকে রাজি করান বলে দুটি সূত্র জানিয়েছে। সৌদি আরব ওপেকের শীর্ষ তেল উৎপাদনকারী এবং অনানুষ্ঠানিক প্রধান। পরে গত আগস্টে ট্রাম্প বলেন, ওপেক ছাড়ার বিষয়টি ভেনেজুয়েলার নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

অন্যদিকে মার্কিন তেল কোম্পানি এক্সন মবিল ও শেভরন ইরাকে বড় ধরনের নতুন বিনিয়োগের পরিকল্পনা করায় গত গ্রীষ্মে দেশটির প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদির সঙ্গে বৈঠক করে তাকে ওপেক ছাড়তে উৎসাহিত করেন মার্কিন কর্মকর্তারা। পরে আল-জাইদি মন্ত্রিসভার এক বৈঠকে ওপেক ছাড়ার সম্ভাবনার বিষয়টি তোলেন। তবে ইরাকের তেল মন্ত্রণালয় এর বিরোধিতা করে। তারা ওপেকে থাকার এবং পরিবর্তে জোটের কাছে আরও বেশি উৎপাদন কোটা চাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীকে রাজি করায়। অবশ্য ইরাকের ক্ষমতাসীন জোটের কোনো কোনো অংশ সৌদি আরব ও রাশিয়ার আধিপত্য থাকা ওপেক ও ওপেক প্লাস ছাড়ার পক্ষে থাকায় বিষয়টি আবারও সামনে আসতে পারে। তবে বাগদাদের ওপেক চাঁদা পরিশোধে ওয়াশিংটন বাধা দিয়েছে, এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

ভেনেজুয়েলা ও ইরাক—উভয় দেশের ওপরই যুক্তরাষ্ট্রের শক্তিশালী প্রভাব রয়েছে। মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তহবিলের নিয়ন্ত্রণ রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে। আর ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর থেকে দেশটির তেল বিক্রির অর্থ নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের একটি হিসাবের মাধ্যমে লেনদেন হয়। দুই দশকের বেশি সময় পরও সেই ব্যবস্থা বহাল রয়েছে। এমনকি সরকারে ইরানের প্রভাব না কমালে চলতি বছর ইরাকের তেলের অর্থ আটকে দেয়ারও হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র।

ভেনেজুয়েলাকে ওপেকের চাঁদা পরিশোধে বাধা দেয়া হয়েছিল কি না, সে বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর কোনো জবাব দেয়নি। তবে তারা নিশ্চিত করেছে, মাদুরোকে সরানোর পর খোলা মার্কিন নিয়ন্ত্রিত হিসাবে থাকা ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তহবিল ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ওয়াশিংটনের রয়েছে। পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের কাছ থেকে অর্থ ছাড়ের অনুরোধ পাওয়ার পর অনুমোদিত ও নিষিদ্ধ খাতের তালিকার সঙ্গে মিলিয়ে তা পর্যালোচনা করে দপ্তর।’

ওই কর্মকর্তা জানান, বছরের শুরুতে নিম্নপর্যায়ের মার্কিন কর্মকর্তারা ভেনেজুয়েলা সরকারের কাছে ওপেক ছাড়ার বিষয়টি তুলতে পারেন, তবে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের আলোচনায় এটি ছিল না। আর ইরাকের সঙ্গে আলোচনা মূলত জ্বালানি উৎপাদন ও পরিবহন বাড়াতে অবকাঠামো উন্নয়নের মধ্যেই সীমাবদ্ধ ছিল, ওপেক নিয়ে নয়। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে ওপেক কিংবা ভেনেজুয়েলা, ইরাক ও সৌদি আরব সরকারের প্রতিনিধিরা কোনো সাড়া দেননি।

যুক্তরাষ্ট্রের এই তৎপরতা ওপেকের ওপর নতুন চাপ তৈরি করেছে। ২০১৯ সালের পর থেকে চারটি সদস্য দেশ এই জোট ছেড়েছে। উৎপাদন সীমা নিয়ে হতাশ হয়ে চলতি বছরের শুরুতে সংযুক্ত আরব আমিরাত ওপেক ছাড়ার ঘোষণা দেয়। এর আগে ২০২৪ সালে অ্যাঙ্গোলা, ২০২০ সালে ইকুয়েডর এবং ২০১৯ সালে কাতার জোটটি ত্যাগ করে। অবশ্য এসব দেশের বেরিয়ে যাওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের হাত থাকার কোনো ইঙ্গিত নেই। এছাড়া ওপেকের আরেক প্রতিষ্ঠাতা সদস্য ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় সম্প্রতি বিশ্ববাজারে জোটটির অংশীদারত্ব সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। আলপাইন ম্যাক্রোর প্রধান ভূরাজনৈতিক কৌশলবিদ ড্যান আলামারিউ বলেন, ‘ওপেক ভেঙে পড়ার ঝুঁকি বাড়ছে।’

পশ্চিমা কয়েকটি তেল কোম্পানির একচেটিয়া আধিপত্য থাকা বিশ্ববাজারে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৬০ সালের সেপ্টেম্বরে বাগদাদে ওপেক প্রতিষ্ঠিত হয়। ইরাক, ইরান, সৌদি আরব, কুয়েত ও ভেনেজুয়েলার গড়ে তোলা এই জোটে বর্তমানে ১১টি সদস্য দেশ রয়েছে। এছাড়া রাশিয়াসহ অন্য কয়েকটি উৎপাদনকারী দেশের সঙ্গে মিলে তারা ওপেক প্লাস নামের জোট গড়ে তুলেছে, যারা নিয়মিত বৈঠক করে সমন্বিত উৎপাদনের মাত্রা নির্ধারণ করে। ট্রাম্প তার দীর্ঘ ব্যবসায়িক ও রাজনৈতিক জীবনে বারবার ওপেককে একটি একচেটিয়া সিন্ডিকেট হিসেবে আক্রমণ করে এসেছেন। তবে গত এক দশকে যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশে পরিণত হওয়ায় ওপেকের ক্রেতা থেকে এখন বাজার অংশীদারত্বের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে।

ওপেকের ভিয়েনা সচিবালয়ের কর্মীদের বেতন, গবেষণা ও ভ্রমণের খরচ চালাতে প্রতিবছরের প্রথম প্রান্তিকে সদস্য দেশগুলোকে সমানভাবে প্রায় ২৮ লাখ ইউরো (৩০ লাখ ৮০ হাজার ডলার) করে চাঁদা দিতে হয়। তেলের আয়ের তুলনায় এই অঙ্ক সামান্য হলেও প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ভেনেজুয়েলার কাছে এর প্রতীকী গুরুত্ব রয়েছে। তবে ওয়াশিংটনের যুক্তি ছিল, ভেনেজুয়েলার এই অর্থ আরও গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করা যেতে পারে। অবশ্য ঠিক কবে যুক্তরাষ্ট্র এই চাঁদা পরিশোধের অনুরোধ প্রত্যাখ্যান করেছে, তা রয়টার্স নিশ্চিত করতে পারেনি। চাঁদা বকেয়া থাকলেও ভেনেজুয়েলাকে বহিষ্কার করার কোনো পরিকল্পনা ওপেকের নেই বলে জোটটির দুটি সূত্র জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের হাতে তেলের রাজস্ব ও অর্থের নিয়ন্ত্রণ থাকায় ভেনেজুয়েলার অনেকেই এখন নিজেদের দেশকে সার্বভৌম রাষ্ট্রের বদলে মার্কিন আশ্রিত রাজ্য বলে অভিহিত করছেন। স্বচ্ছতা নিশ্চিত করতে মার্কিন কংগ্রেসের দাবির মুখে গত জুলাইয়ে ভেনেজুয়েলার তেলের রাজস্ব ব্যবস্থাপনা ও বিতরণ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে মার্কিন গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস। ট্রাম্প প্রশাসনের দাবি, সরকারি বেতন ও জরুরি সেবাসহ ভেনেজুয়েলার জনগণের চাহিদা মেটাতেই ওই অর্থ ব্যয় করা হচ্ছে।

দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও অব্যবস্থাপনায় উৎপাদন ধসে পড়ায় বর্তমানে ওপেক প্লাসের উৎপাদন কোটা থেকে অব্যাহতি পেয়েছে ভেনেজুয়েলা। ওপেকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে দেশটি দৈনিক প্রায় ১২ লাখ ব্যারেল তেল উত্তোলন করেছে। রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ আগামী বছরের শেষ নাগাদ তা ১৫ লাখ ব্যারেলে উন্নীত করার পরিকল্পনা করেছে। ২০১৭-১৮ সালে সর্বশেষ ভেনেজুয়েলার ওপর দৈনিক প্রায় ২০ লাখ ব্যারেলের কোটা নির্ধারণ করেছিল ওপেক। উৎপাদন আবার সেই পর্যায়ে না পৌঁছালে দেশটির কোটা ব্যবস্থায় ফেরার সম্ভাবনা কম।

—রয়টার্স

এএম